• ই-পেপার

পচা সবজি থেকে পচনশীল পলিথিন, সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার

বাসস
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া আজ বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায়।

শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বিদায়ী সাক্ষাৎ করতে গেলে দেশটির প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শ্রীলঙ্কায় বাংলাদেশ মিশনের এক বিবৃতিতে বলা হয়, হাইকমিশনারের মেয়াদকালে নেওয়া উদ্যোগগুলো-বিশেষ করে বাণিজ্য ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত থাকবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে সহায়তা করবে বলে অমরাসুরিয়া আশা প্রকাশ করেন। 

বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে হাইকমিশনার ইলিয়াসের ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা করেন।

শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার এবং বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বেনজীরকে ফেরাতে ইংরেজি ও আরবি ভাষায় দুদকের প্রত্যর্পণ প্রস্তাবনা

অনলাইন ডেস্ক
বেনজীরকে ফেরাতে ইংরেজি ও আরবি ভাষায় দুদকের প্রত্যর্পণ প্রস্তাবনা

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইংরেজি ও আরবি ভাষায় দুই ধরনের প্রত্যর্পণ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা দুবাইয়ে পাঠানো হবে।

মঙ্গলবার (১৬ ‍জুন) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে। আজ (মঙ্গলবার) তদন্ত কর্মকর্তাসহ একটি বিশেষ টিম ইংরেজি ও আরবি ভাষায় লেখা প্রত্যর্পণ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হবে। এ ছাড়া, দুদক টিম আইন মন্ত্রণালয়ের মতামতও নিয়েছে।

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী বিদেশে আসামি গ্রেপ্তার হওয়ার পর তাকে সংশ্লিষ্ট দেশে ফেরাতে তদন্তকারী সংস্থা বা আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র এবং অপরাধের বিস্তারিত বিবরণ সংযুক্ত করে প্রস্তাবনা তৈরি করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে পাঠানো হয়।

আজ পুলিশ বিভাগের একটি বিশেষ টিম দুদকের তদন্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে। দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদের মামলা ও আদালতের আদেশ সংক্রান্ত সমস্ত নথিপত্র তৈরি করে দুদক টিম।

দুর্নীতি মামলার আসামি আওয়ামী লীগ সরকার আমলের বহুল আলোচিত ও সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

২০২৫ সালের ১০ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। দুর্নীতির দুই মামলার তদন্তকালে আদালতের নির্দেশনায় ইন্টারপোলে রেড নোটিশ ইস্যুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল ‍দুদক।

মামলার মধ্যে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে ১২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের মামলা রয়েছে। ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়। এই মামলার বাদী দুদক উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিনের আবেদনের প্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে রেড নোটিশ ইস্যু করা হয়।
 

জাতীয় অধ্যাপক ‘নিয়োগ সুপারিশ’ কমিটি গঠন

অনলাইন ডেস্ক
জাতীয় অধ্যাপক ‘নিয়োগ সুপারিশ’ কমিটি গঠন

‎শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে জাতীয় অধ্যাপক ‘নিয়োগ সুপারিশ’ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সদস্য হিসেবে রয়েছেন।

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা, ২০২৩ অনুযায়ী এ কমিটি গঠন করে গতকাল সোমবার আদেশ জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

‎পদাধিকার বলে শিক্ষামন্ত্রীকে চেয়ারম্যান করে প্রধানমন্ত্রী মনোনীত দুজন মন্ত্রী এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যকে সদস্য করে এ কমিটি গঠনের কথা বলা আছে ওই নীতিমালায়।

‎নীতিমালা অনুযায়ী, এ কমিটি জাতীয় অধ্যাপকের প্রতিটি পদের জন্য তিনজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করবে এবং প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগের জন্য মনোনয়ন দেবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ মনোনয়ন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জাতীয় অধ্যাপক পদে নিয়োগপত্র জারি করবে।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

অনলাইন ডেস্ক
জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী হাজারী গুড় ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) পক্ষ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) ডিপিডিটির মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১-এর মাধ্যমে ‘মানিকগঞ্জের হাজারী গুড়’কে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হয়।

সনদে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে পণ্যটি ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি থেকে নিবন্ধিত হয়েছে।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় উৎপাদিত এই হাজারী গুড় দীর্ঘদিন ধরে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। খেজুরের উৎকৃষ্ট রস থেকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি এই গুড়ের স্বাদ ও ঘ্রাণ আলাদা বৈশিষ্ট্য বহন করে, যা দেশের অন্যান্য অঞ্চলের গুড় থেকে একে বিশেষভাবে পৃথক করেছে। শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা থাকে। প্রবাসী বাংলাদেশিদের কাছেও এই গুড়ের রয়েছে বিশেষ কদর।

জানা যায়, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার উদ্যোগ ও প্রচেষ্টায় এই জিআই নিবন্ধনের প্রক্রিয়া এগিয়ে যায়। তার সক্রিয় ভূমিকার ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।