• ই-পেপার

ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ ফিরছে রাতে

নিজস্ব প্রতিবেদক
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ ফিরছে রাতে
সংগৃহীত ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধার মরদেহ শনিবার (৬ জুন) দিবাগত রাত আড়াইটায় দেশে পৌঁছাবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম (পাসপোর্ট নম্বর: A09316452) এবং একই জেলার আশাশুনি উপজেলার কদকতি গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম নাহিদ (পাসপোর্ট নম্বর: A08649111)।

দূতাবাস জানায়, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলের একটি ভয়াবহ ড্রোন হামলায় এই দুই বাংলাদেশি নিহত হন। এত দিন তাদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যে সার্টিফায়েড পুলিশ রিপোর্ট ও মরদেহ প্রেরণের অনুমতিপত্র গ্রহণসহ সব ধরনের আইনি ও আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে পাঠানোর আগে নিহতদের গোসল ও কাফনকার্যও সম্পন্ন করা হয়।

মরদেহ দুটি বহনকারী কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইটটি (QR-0427) শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বৈরুত বিমানবন্দর ত্যাগ করে।

দোহা হয়ে কাতার এয়ারওয়েজের সংযোগকারী ফ্লাইট (QR-0642) যোগে শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দুটি এসে পৌঁছাবে।

বিমানবন্দরে মরদেহ দুটি গ্রহণের জন্য নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে মরদেহ দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন এবং পরিবারের কাছে হস্তান্তর করবেন।

দিল্লির অগ্নিকাণ্ডে হতাহত বাংলাদেশিদের নিয়ে যা জানাল হাইকমিশন

অনলাইন ডেস্ক
দিল্লির অগ্নিকাণ্ডে হতাহত বাংলাদেশিদের নিয়ে যা জানাল হাইকমিশন
সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দেশের মোট ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে মো. নুরুল আমিন (৪৪) নামের একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এ ছাড়া চিকিৎসাধীন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে হাইকমিশন।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঘটনার সর্বশেষ তথ্যের বরাতে বাংলাদেশ হাইকমিশন তাদের ফেসবুক পেজে দেওয়া বার্তা থেকে এসব তথ্য জানা যায়।

বার্তায় বলা হয়, ৪ জুন সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, ৩ জুন সকালে নয়াদিল্লির একটি হোটেলের অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থানরত উভয় পরিবারই কাছের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে এসেছিলেন।

এ ঘটনায় ৭ দেশের মোট ২২ জন নিহতের মধ্যে মো. নুরুল আমিন নামের একজন বাংলাদেশি। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন তার মরদেহ দ্রুত সময়ে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে।

এ ছাড়া চিকিৎসাধীন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে হাইকমিশন। বৃহস্পতিবার সকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সব বাংলাদেশি নাগরিককে পরিদর্শন করেন এবং তাঁদের চিকিৎসার অবস্থা সম্পর্কে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

বার্তায় আরো বলা হয়, হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে অবস্থান করছেন এবং রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে যেকোনো জরুরি প্রয়োজন মোকাবেলায় কাজ করছেন।

ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

বাংলাদেশি মালিকানাধীন ‘ডেইলি ড্যাজলিং ডন’কে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যুক্তরাজ্য প্রতিনিধি
বাংলাদেশি মালিকানাধীন ‘ডেইলি ড্যাজলিং ডন’কে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
সংগৃহীত ছবি

যুক্তরাজ্য ও ইউরোপের প্রথম এবং একমাত্র পূর্ণাঙ্গ মূলধারার বাংলাদেশি মালিকানাধীন সংবাদমাধ্যম ‘ডেইলি ড্যাজলিং ডন’-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

মঙ্গলবার (২ জুন) ১০ ডাউনিং স্ট্রিট থেকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে প্রধানমন্ত্রীর এই অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাইরেক্ট কমিউনিকেশনস ইউনিটের প্রধান ম্যান্ডি গডরিজ পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও প্রকাশক মুনজের আহমেদ চৌধুরীর কাছে এই চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, ডেইলি ড্যাজলিং ডনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সংবাদমাধ্যমটির অবদান ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সুদৃঢ় সম্পর্ককে মূল্যায়নকারী সবার কাছে বিশেষভাবে প্রশংসিত হবে। এই ঐতিহাসিক মাইলফলক উদযাপনের মুহূর্তে আগামী বছরগুলোতেও ডেইলি ড্যাজলিং ডনের ধারাবাহিক সাফল্য কামনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর আগে প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষপূর্তিতেও ১০ ডাউনিং স্ট্রিট থেকে অনুরূপ শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছিল।

এদিকে পত্রিকাটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সম্পাদকীয় লিখেছেন লন্ডনের মেয়র সাদিক খান এবং যুক্তরাজ্যের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি সংসদ সদস্য রুশনারা আলী।

সাংবাদিকতার নৈতিক স্বাধীনতার কঠোর নীতিমালার অধীনে পরিচালিত ডেইলি ড্যাজলিং ডন কোনো ধরনের অনুদান, করপোরেট উপহার কিংবা পাঠক-সাবস্ক্রিপশন গ্রহণ করে না। সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ সংবাদচর্চার ধারা বজায় রেখে এগিয়ে চলা সংবাদমাধ্যমটি বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় ৬০ লাখ পাঠক ও দর্শকের কাছে পৌঁছাচ্ছে।

জনকল্যাণমুখী সাংবাদিকতা, সামাজিক সম্প্রীতি এবং আন্তর্জাতিক সংলাপ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি পাঠকের আস্থা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকার সমুন্নত রেখেই এগিয়ে যাচ্ছে ‘ডেইলি ড্যাজলিং ডন’।

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

অনলাইন ডেস্ক
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
সংগৃহীত ছবি

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গতকাল বুধবার (৩ জুন) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক সংকটের প্রভাবে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সর্বশেষ হামলায় চার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন।

দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে কুয়েত সরকার বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, রকেট বা ড্রোন হামলা এবং তা প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ কারণে বাংলাদেশি প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলা এবং এ ধরনের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

হতাহত বৃদ্ধির কারণে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এ পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের দ্রুত কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার এবং অন্যদেরও উৎসাহিত করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস বলেছে, বর্তমান পরিস্থিতিতে সকল প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে, যাতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।