• ই-পেপার

প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭ : সদিচ্ছার প্রতিফলন, তবে বাস্তবায়নের পথ কঠিন

আট দশকে আওয়ামী লীগের অর্জন!

আনোয়ার হোসেইন মঞ্জু
আট দশকে আওয়ামী লীগের অর্জন!

বয়স বাড়লেই যে সব ক্ষেত্রে অভিজ্ঞতা বাড়ে না, তা মানুষের ক্ষেত্রে যেমন সত্য, মানুষের সঙ্গে সংশ্লিষ্ট অনেক কিছুর ক্ষেত্রেও সত্য। মানুষের বয়স বৃদ্ধি পেলে অধিকাংশ ক্ষেত্রে তাঁদের স্মৃতিভ্রম ঘটে, বার্ধক্যজনিত রোগব্যাধি তো আছেই, ভীমরতিতেও ধরে। পরিপক্বতা আসে খুব কমসংখ্যক বৃদ্ধের মধ্যে। বৃদ্ধ ব্যক্তিরা অতীতের জাবর কাটার মধ্যে সুখ খোঁজেন। যেখানে তাঁদের সামান্য ও তুচ্ছ ভূমিকা ছিল অথবা আদৌ ছিল না, সেগুলোকে ফুলিয়েফাঁপিয়ে বলেন। কোথাও তাঁদের নিন্দনীয় ভূমিকা থাকলে তা বেমালুম চেপে যাওয়ার চেষ্টা করেন। বাংলাদেশে মানবসৃষ্ট দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বেলায়ও তাদের বয়সজনিত সমস্যাগুলোর সম্পর্ক প্রবল। দুটি দলই প্রাচীন আর দুই দিন পর ২৩ জুন আওয়ামী লীগের বয়স ৭৮ বছরে পড়বে। জামায়াতে ইসলামীর বয়স এখন ৮৫ বছর চলছে। দল দুটির মধ্যে অনেক মিল এবং অনেক অমিল আছে। ইতিহাসের মোড়ে মোড়ে তাদের অস্বস্তিকর প্রেম হয়েছে-১৯৬৫ সালে আইউব খানের বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ফাতিমা জিন্নাহকে সমর্থন জানানোর ক্ষেত্রে, ১৯৮৬ সালে এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতায় উপনীত হতে এবং ১৯৯৬ সালে বিএনপিকে পরাজিত করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে। আওয়ামী লীগ-জামায়াত প্রেম যেমন চকিতে হয়েছিল, তেমন দ্রুততায় তাদের প্রেমের বন্ধন টুটেও গেছে। আরও মিল আছে এই দল দুটির-জামায়াতে ইসলামী ‘একাত্তরে’  তাদের ভূমিকা যথাসম্ভব আড়াল করে,  একইভাবে আওয়ামী লীগ ১৯৭৫ সালের ‘বাকশাল-কাণ্ড’ চেপে যায়। আওয়ামী লীগ শেখ মুজিবের প্রতিটি ‘স্বপ্ন’ বাস্তবায়নে বদ্ধপরিকর বলে দাবি করলেও ১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০২৪ মেয়াদে শেখ হাসিনা একটি বারের জন্যও তাঁর পিতার মহান উদ্যোগ ‘বাকশাল’ পুনঃপ্রতিষ্ঠার আকাক্সক্ষা ব্যক্ত করেননি। 

এই দীর্ঘ সময়ে বাংলাদেশে কত দলের জন্ম হয়েছে, কত দলে ভাঙচুর হয়েছে এবং অস্তিত্বহীন হয়েছে, তা গবেষণার চমৎকার বিষয় হতে পারে। ১৯০৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম লীগ পাকিস্তানের স্বাধীনতা অর্জনে একক ভূমিকা রেখেছিল। দলটি পাকিস্তান এবং পাকিস্তানের পূর্বাঞ্চল পূর্ব পাকিস্তানেও শাসন পরিচালনা করেছে। মুসলিম লীগ ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত ইতিহাসের পাতা ছাড়া বাংলাদেশের আর কোথাও অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। ১৯৫৪ সালের নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম-এ-ইসলাম, গণতন্ত্রী দল, খিলাফত-ই-রাব্বানি পার্টি সমন্বয়ে গঠিত ‘যুক্তফ্রন্ট’ পূর্ব পাকিস্তানে প্রাদেশিক সরকার গঠন করেছিল। ‘মুসলিম’ বর্জিত আওয়ামী লীগ ছাড়া একসময়ে ক্ষমতার অংশীদার দলগুলোর নাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসপড়ুয়ারা ছাড়া কেউ জানে না। ভেঙেছে জামায়াতে ইসলামীর মতো ক্যাডারভিত্তিক সংগঠনও-একবার মাওলানা আবদুর রহীমের নেতৃত্বে বড় আকারে, আরেকবার মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে ছোট আকারে। জামায়াতের এই দুই ভগ্নাংশ এখন আর অস্তিত্বে নেই। আশির দশকের মাঝামাঝি পর্যন্ত বেইজিংপন্থি প্রত্যেক বাম নেতার এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল। এখন একটিরও অস্তিত্ব নেই। দাপটের সঙ্গে ক্ষমতায় থাকা ও জাতীয় সংসদে কয়েক দফা বিরোধী দলে থাকা এরশাদের জাতীয় পার্টি তিন-চার খণ্ডে বিভক্ত হয়ে এখন প্রায় প্রতিটি খণ্ড নিভু নিভু অবস্থার মধ্যে আছে।১৯৭৫ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে নিজেরাই নিজেদের দলকে বিলুপ্ত করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আওয়ামী লীগ তাদের সাধের ফসল বাকশাল-এর ওপর ‘তাওয়াক্কুল’ বা আস্থা রাখতে পারেনি। যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী নেতাদের চোখের বিষ, তাঁরা সেই সামরিক শাসকের ঘোষিত ‘পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন অ্যাক্ট’ (পিপিআর) বা ‘রাজনৈতিক দলবিধি’র নিয়মকানুন মেনে চলার কসম কেটে নতুন করে ‘আওয়ামী লীগ’ বাংলাদেশের রাজনীতিতে কদম রাখার অনুমতি পায়। কোনো প্রাণীর মৃত্যু হলে যেমন তাদের বয়স সেখানেই থেমে যায়, কোনো দল নিজের মৃত্যু নিশ্চিত করার পর ১৯৭৫ সালেই দলটির অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল।

বর্তমান আওয়ামী লীগের বয়স গণনা করতে যুক্তির খাতিরে হলেও ১৯৭৬ সাল থেকে গণনা করাই সংগত। যখন দলটির নেতারা তাদের দ্বারা বিলুপ্ত প্রাণপ্রিয় দলকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়ার আবেদন করেছিলেন। ভাগ্যের কী বিড়ম্বনা! যে দল পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছে, মাত্র ছয় বছর আগে যে দলের নেতাদের নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভ করেছে এবং স্বাধীনতা অর্জিত হওয়ামাত্র যে দলের নেতারা দেশের মা-বাপ এবং অসহায় জনগণের দণ্ডমুণ্ডের বিধাতা হয়ে উঠেছিলেন, তাঁরাই সামরিক সরকারের কাছে নিবেদন করেছেন রাজনীতি করার একটুখানি সুযোগ দিতে। সামরিক সরকার তাঁদের রাজনীতি করার ‘সদয়’ অনুমতি দান করে এবং অনুমোদন লাভের পর মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে দলটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন কোনো সংগঠনের সূচনা আহ্বায়ক কমিটির হাত ধরেই ঘটে। তবে ‘দল’ যেহেতু একটি ‘ধারণা’ বা ‘আদর্শ,’ অতএব এর পুনর্জন্মের সুযোগ রয়েছে। সে হিসেবে আওয়ামী লীগ যদি তাদের ১৯৪৯ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে মাঝের বিরতিসহ বয়স হিসাব করে, তাহলে তা দোষণীয় হবে না। চিকিৎসাবিজ্ঞানের মনস্তাত্ত্বিক শাখায় মানুষের ‘নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স’ (এনডিই) বা মৃত্যুর কাছাকাছি পৌঁছেও আবার বেঁচে ওঠার মতো ১৯৭৬ সালে আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফিরে আসার মতো দৃষ্টান্ত বিশ্বে আরও রয়েছে। রাজনৈতিক দলের এ ধরনের প্রত্যাবর্তনকে রাজনৈতিক মনোবিজ্ঞানে ‘আইডেনটিটি বেজড পোলারাইজেশন’ (পরিচয়ভিত্তিক মেরুকরণ) বলে বর্ণনা করা হয়েছে; অর্থাৎ এই ফিরে আসার সঙ্গে সংশ্লিষ্ট দলের নীতির কঠোর অনুসরণের কোনো সম্পর্কের চেয়ে দেশে দৃশ্যত রাজনৈতিক শূন্যতার সুযোগে পুরোনো সমর্থকদের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ময়দানে নিকট ভবিষ্যতে দাপুটে অবস্থান সৃষ্টি করার প্রত্যাশাই অধিক থাকে। আওয়ামী লীগের পুনরাবির্ভাবের পেছনেও নীতির ওপর অটল থাকার বালাই ছিল না। তবু স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগকে দ্বিতীয়বার ক্ষমতায় যেতে দীর্ঘ ২১ বছর অপেক্ষা করতে হয়েছে। আওয়ামী লীগের পক্ষে তা-ও সম্ভব হতো না, যদি ১৯৯৬ সালের নির্বাচনের আগে জামায়াতে ইসলামী বিএনপির ওপর নানা কারণে গোস্সা হয়ে তাদের কোল থেকে নেমে না পড়ত। 

যা হোক আওয়ামী লীগের বাকশাল-পরবর্তী এবং জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সামরিক সরকারের বদান্যতাসমৃদ্ধ পুনরাবির্ভূত আওয়ামী লীগের ভাঙন দীর্ঘস্থায়ী ছিল না। মস্কোপন্থি মহিউদ্দিন আহমদ এবং ভারতপন্থি আবদুর রাজ্জাকের নেতৃত্বে যে অংশটি বাকশাল-এর ওপরই আস্থাশীল ছিলেন, একপর্যায়ে তাঁরা উপলব্ধি করেন যে শেখ মুজিবের নেতৃত্বে ক্ষমতার আসনে থেকে এক নেতা এক দল বাকশালের যে ফায়দা ছিল, ক্ষমতাহীন অবস্থায় কেবল বাকশাল সাইনবোর্ড টাঙিয়ে রাজনীতিতে সুবিধা করা যাবে না। অতএব কয়েক বছর পর তাঁরা বাকশালের ওপর আস্থা হারিয়ে আওয়ামী লীগে যোগ দেন। সামরিক সরকারের অনুমোদন লাভের পর আওয়ামী লীগ যখন মাঠের রাজনীতিতে অবতীর্ণ হয়, তখন দলটিতে শুরু হয় নেতৃত্বের কোন্দল। এই কোন্দলে আওয়ামী লীগ বিভক্ত হয়ে বৃহৎ অংশ আবদুল মালেক উকিলের নেতৃত্বে এবং ক্ষুদ্র অংশ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হতে থাকে। মানুষের মন বড় বিচিত্র। অল্প সময়ের ব্যবধানে আওয়ামী লীগের একসময়ের জাঁদরেল নেতা ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান চৌধুরী আরেক সামরিক সরকারের প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব পেয়ে তা লুফে নেন এবং তাঁর অংশের আওয়ামী লীগকে দাফন করে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে মোটামুটি ১ বছর ৯ মাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেন।

মিজানুর রহমান চৌধুরী তাঁর ভাগে পড়া খণ্ডিত আওয়ামী লীগকে দাফন করে অন্যায় কিছু করেননি। তিনি এটা না করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগে বিলীন হলে কি তাঁর পক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হতো? কস্মিনকালেও না! ক্ষমতার রাজনীতিতে পদ অতি গুরুত্বপূর্ণ, তা প্রকৃত ক্ষমতার অধিকারী পদ হোক, অথবা তাসের রাজার মতো আলংকারিক পদ হোক। এরশাদের শাসনামলে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সাত বছরে তিনি চারজনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যতবার সরকার গঠন করেছে, ততবার তিনিই প্রধানমন্ত্রী হয়েছেন। দলে যদি তাঁর চেয়ে যোগ্য নেতার অস্তিত্ব থেকেও থাকে, তাহলেও তাঁর জীবদ্দশায় এই পদ যে দলের অন্য কারও ভাগ্যে নেই, তা স্বতঃসিদ্ধই ছিল। রাজনৈতিক দলের ‘ন্যাচারাল ডেথ’ বা স্বাভাবিক মৃত্যু এক বিষয়, আর সংবিধান সংশোধন করে, নতুন আইন সৃষ্টি করে ঐতিহ্যের দাবিদার, অর্জনে-অভিজ্ঞতায় সমৃদ্ধ একটি দলকে মেরে ফেলা হত্যার মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার শামিল। এ কাজটিই করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি শুধু তাঁর দলকে হত্যা করেননি, দেশের ছোটবড় সব রাজনৈতিক দলকে কবরস্থ করেছিলেন। সংবাদপত্রের প্রকাশনা নিষিদ্ধ করেছিলেন। আওয়ামী লীগ যা বিশ্বাস করে বলে তাদের দলের গঠনতন্ত্রে মুদ্রিত ছিল বা এখনো আছে, তারা যদি সেগুলো সত্যিই বিশ্বাস করত, তাহলে একদলীয়, এক ব্যক্তিকেন্দ্রিক ‘বাকশালী’ শাসন প্রতিষ্ঠা করতে পারত না।       

আওয়ামী লীগ নেতারা মুখে গণতন্ত্রের কথা বলেন, দলটির গঠনতন্ত্রের ছত্রে ছত্রে ‘সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, জনগণের পছন্দমতো ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, জনগণের ঐক্য ও সংহতির বিধান’ করার মতো সুন্দর সুন্দর কথামালা রয়েছে। কিন্তু বাস্তবে এসব কথা বলে জনগণকে প্রলুব্ধ করে এবং ভোটের অধিকার হরণ করে কীভাবে ক্ষমতায় জেঁকে বসতে হয়, সে কৌশল আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের অজানা। কিন্তু কৌশল খাটিয়ে ক্ষমতায় যাওয়ার পরও যদি আওয়ামী লীগ দেশ ও জনগণের জন্য ভালো কিছু করত, তাহলেও জনগণ স্বস্তিবোধ করত। কিন্তু কোনোভাবে ক্ষমতায় যাওয়ামাত্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা তালগোল পাকিয়ে ফেলে, রাজনৈতিক শিষ্টাচার হারিয়ে ফেলে, সবার মাঝে আওয়ামী লীগের প্রতিপক্ষ খুঁজে পায়। এভাবে তারা আওয়ামী লীগকে কর্তৃত্ববাদী ও স্বৈরতান্ত্রিক দলে পরিণত করেছিল। সবকিছু মিলিয়ে তারা দেশে এমন পরিস্থিতির সৃষ্টি করে, যা থেকে তারা নিজেরাও উদ্ধার পায় না, দেশকেও বিপদের মধ্যে ফেলে। পঁচাত্তরের আগস্ট এবং চব্বিশের আগস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নিজেরাই আমন্ত্রণ জানিয়েছিল বলা হলে কি বাড়িয়ে বলা হবে? আওয়ামী লীগ নিজের খনন করা খাদে পড়েছে। একটি বড় দল হিসেবে তারা ঘুরেফিরে বারবার ক্ষমতায় আসতে পারত। তাদের কি প্রয়োজন ছিল জাতীয়তাবাদকে উগ্র রাজনৈতিক জাতীয়তাবাদের রূপ দেওয়ার? সবাই জানে ও মানে ‘বাঙালি জাতীয়তাবাদ’-এর চেতনা দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণ করেছে। কি প্রয়োজন ছিল দেশবাসীকে তাদের রাজনৈতিক সমর্থনের ওপর ভিত্তি করে ‘স্বাধীনতার পক্ষ’ ও ‘স্বাধীনতার বিপক্ষ’ শক্তি হিসেবে বিভক্ত করার? ভোটের রাজনীতিতে সব দলকে, সব প্রার্থীকে সব পক্ষের ভোটারের কাছে গিয়েই তো ভোট ভিক্ষা করতে হয়। পাঁচ বছর পরপর যাদের কাছে গিয়ে অবনত হতে হয়, ক্ষমতায় গিয়ে তাদের ওপর খড়গহস্ত হওয়ার পরিণতি যে কখনো শুভ হয় না, বাংলাদেশে বারবার তা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ নেতারা এখনো অনলাইনে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই’ বলে দাবি করেন। তাঁরা যদি তাঁদের নিজেদের সৃষ্ট বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও আত্মসমালোচনা করতেন, ভুল থেকে কিছু সবক নিতেন, তাহলে এমন দাবি করার আগে হাজারবার ভাবতেন। দেশ কোনো দলকে নিয়ে নয়, জনগণকে নিয়ে।

লেখক : যুক্তরাষ্ট্রপ্রবাসী সিনিয়র সাংবাদিক​​​​​​​

সুইস ব্যাংকে টাকার পাহাড় : পাচারকারীরা কি আড়ালেই থেকে যাবে?

আহসান হাবিব বরুন
সুইস ব্যাংকে টাকার পাহাড় : পাচারকারীরা কি আড়ালেই থেকে যাবে?

দেশের অর্থনীতি যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, ডলার ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা এবং রাজস্ব আহরণের সীমাবদ্ধতার মতো বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক তখনই সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন নতুন করে একটি অস্বস্তিকর প্রশ্ন সামনে এনে দাঁড় করিয়েছে—দেশের সম্পদ কি নীরবে বিদেশে চলে যাচ্ছে? আর সেই পাচারকারীরা কি শেষ পর্যন্ত আড়ালেই থেকে যাবে?

২০২৫ সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্র্যাংক। মাত্র এক বছরের ব্যবধানে এই আমানত বেড়েছে প্রায় ৪১ শতাংশ। বৈশ্বিকভাবে যখন সুইস ব্যাংকে বিদেশি আমানত কমছে, তখন বাংলাদেশের ক্ষেত্রে এই উল্টো প্রবণতা শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও নৈতিক প্রশ্নও উত্থাপন করছে বটে।

সুইস ব্যাংক দীর্ঘদিন ধরেই বিশ্বের ধনকুবের, দুর্নীতিবাজ রাজনীতিক, কর ফাঁকিদাতা এবং অর্থ পাচারকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক চাপের মুখে সুইজারল্যান্ড তার ব্যাংকিং গোপনীয়তার নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে, তবু আমানতকারীদের পরিচয় এখনো কঠোরভাবে সুরক্ষিত। ফলে সুইস ব্যাংকে থাকা অর্থের মালিক কারা—সেই প্রশ্নের উত্তর সাধারণত জনসমক্ষে আসে না।

বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি আরো স্পর্শকাতর। কারণ দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশি ব্যাংকে অর্থ জমা রাখতে পারেন না। বাংলাদেশ ব্যাংক নিজেই জানিয়েছে, এ ধরনের কোনো বিশেষ অনুমোদন কাউকে দেওয়া হয়নি। ফলে সুইস ব্যাংকে জমা থাকা এই বিপুল অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

প্রশ্ন হলো, এই অর্থ কোথা থেকে এলো?

অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ থেকে অর্থ পাচারের প্রধান কয়েকটি পথ বহুদিন ধরেই পরিচিত। আমদানিতে অতিরিক্ত মূল্য দেখানো, রপ্তানিতে কম মূল্য দেখানো, হুন্ডি, ভিওআইপি ব্যবসা, বিদেশে ঘুষ ও কমিশন লেনদেন, এমনকি নগদ ডলার পাচার—সব মিলিয়ে একটি সুসংগঠিত নেটওয়ার্ক বছরের পর বছর ধরে সক্রিয় রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এসব পদ্ধতির অনেকগুলোই রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে সংঘটিত হয়েছে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম যথার্থই বলেছেন, স্বৈরশাসনের পতনের পরও অর্থ পাচার বন্ধ হয়নি। বরং অনেক ক্ষেত্রে নতুন বাস্তবতায় তা আরো জটিল রূপ নিয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের সুযোগও বেড়েছে বলে তিনি মনে করেন।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অর্থ পাচার কেবল অর্থনৈতিক অপরাধ নয়; এটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডেরও একটি রূপ। কারণ যে অর্থ দেশের ব্যাংকিং ব্যবস্থায় বিনিয়োগ হতে পারত, শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারত কিংবা অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত হতে পারত, সেই অর্থ বিদেশে চলে গিয়ে অন্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অন্তর্বর্তী সরকার যখন বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে, ঠিক সেই সময়েও সুইস ব্যাংকে বাংলাদেশি আমানত বৃদ্ধি পেয়েছে। এটি প্রমাণ করে যে পাচারকারীরা শুধু সক্রিয়ই নয়, তারা এখনো নিজেদের নিরাপদ মনে করছে।

সাম্প্রতিক সময়ে সিপিডির নেতৃত্বে প্রণীত শ্বেতপত্রে যে তথ্য উঠে এসেছে তা আরো ভয়াবহ। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। সংখ্যাটি এতটাই বিশাল যে তা দেশের গত কয়েক বছরের সম্মিলিত জাতীয় বাজেটকেও ছাড়িয়ে যায়। এই অর্থ দিয়ে কত কিছু করা যেত?

অর্থনীতির ভাষায় এটিকে বলা হয় ‘অপর্চুনিটি কস্ট’ বা হারানো সম্ভাবনার মূল্য। এই অর্থ দিয়ে অসংখ্য পদ্মা সেতু, মেট্রোরেল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব ছিল। লাখো তরুণের কর্মসংস্থান সৃষ্টি হতে পারত। দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাত আমূল পরিবর্তিত হতে পারত।

কিন্তু বাস্তবতা হলো, এই অর্থের একটি বড় অংশ আজ বিদেশি ব্যাংক, বিলাসবহুল সম্পত্তি এবং অফশোর কম্পানির পেছনে লুকিয়ে আছে।

এখানে আরেকটি রাজনৈতিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। সাধারণত জাতীয় নির্বাচনের আগে অর্থ পাচারের প্রবণতা বৃদ্ধি পায়। রাজনৈতিক অনিশ্চয়তা, ক্ষমতার পরিবর্তনের আশঙ্কা এবং জবাবদিহির ভয় অনেক ধনাঢ্য ব্যক্তি ও কালোটাকার মালিককে বিদেশে অর্থ সরিয়ে নিতে উদ্বুদ্ধ করে। ২০২৫ সালও ছিল এমন একটি সময়, যখন নির্বাচনী রাজনীতির নানা আলোচনা ও অনিশ্চয়তা বিরাজমান ছিল। ফলে অর্থ পাচারের প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে এই কারণও ভূমিকা রাখতে পারে।

তবে কেবল রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করলে ভুল হবে। প্রকৃত সমস্যা আরো গভীরে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও বাস্তবে বড় অর্থ পাচারকারীদের বিচারের নজির খুবই সীমিত। অনেক সময় ছোটখাটো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও শত শতকোটি টাকা বিদেশে পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ফলে সমাজে একটি বিপজ্জনক বার্তা প্রতিষ্ঠিত হয়—ক্ষমতা ও প্রভাব থাকলে অপরাধ করেও পার পাওয়া সম্ভব।

বিশ্বের বিভিন্ন দেশ এই সমস্যার মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়া বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে আন্তর্জাতিক আইনি লড়াই চালিয়েছে। অনেক ক্ষেত্রে সফলতাও এসেছে। মালয়েশিয়ার কুখ্যাত 1MDB কেলেঙ্কারির অর্থ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পুনরুদ্ধার করা হয়েছে। নাইজেরিয়া সাবেক সামরিক শাসক সানি আবাচার পাচার করা শত শত মিলিয়ন ডলার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

বাংলাদেশও চাইলে পারে। কিন্তু এর জন্য রাজনৈতিক সদিচ্ছা, দক্ষ তদন্ত, আন্তর্জাতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি কৌশল অপরিহার্য।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলছে, পাচার রোধ ও অর্থ ফেরাতে কাজ চলছে। বিভিন্ন দেশে পাচারকারীদের সম্পদ জব্দ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। কিন্তু জনগণ এখন শুধু উদ্যোগ নয়, ফলাফল দেখতে চায়। কারা এই অর্থ পাচার করেছে? কত টাকা দেশে ফিরেছে? কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে? কতজন সাজা পেয়েছে? এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর না পাওয়া পর্যন্ত জনমনে সন্দেহ থেকেই যাবে।

সুইস ব্যাংকে থাকা ৮৩ কোটি ৪১ লাখ ফ্র্যাংক হয়তো সমগ্র পাচারকৃত অর্থের একটি ক্ষুদ্র অংশ মাত্র। কারণ বর্তমান বিশ্বে অর্থ পাচারের গন্তব্য শুধু সুইজারল্যান্ড নয়; দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবং বিভিন্ন ট্যাক্স হ্যাভেনও সমানভাবে ব্যবহৃত হচ্ছে। ফলে প্রকৃত চিত্র হয়তো প্রকাশিত সংখ্যার চেয়েও অনেক বড়।

একটি দেশের অর্থনীতি শুধু বাজেট, প্রবৃদ্ধি কিংবা রিজার্ভের ওপর দাঁড়িয়ে থাকে না; এটি দাঁড়িয়ে থাকে জনগণের আস্থা, সুশাসন এবং আইনের শাসনের ওপর। যখন সাধারণ মানুষ কর দেয়, ব্যাংকে সঞ্চয় রাখে, বৈধ পথে রেমিট্যান্স পাঠায়—তখন তারা ধরে নেয় রাষ্ট্র তাদের অর্থ নিরাপদ রাখবে। কিন্তু যদি সেই রাষ্ট্রের ভেতর থেকেই অর্থ পাচারের মহোৎসব চলে, তাহলে জনগণের আস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

পরিশেষে বলা যায়, বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন কেবল সুইস ব্যাংকে কত টাকা আছে, তা নয়। প্রকৃত প্রশ্ন হলো—যারা দেশের সম্পদ বিদেশে সরিয়ে নিয়েছে, তাদের কি কখনো জবাবদিহির মুখোমুখি করা যাবে? নাকি তারা চিরকাল আইনের নাগালের বাইরে থেকেই যাবে?জাতি সেই উত্তর জানতে চায়। কারণ অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই শুধু অর্থ উদ্ধারের লড়াই নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই, রাষ্ট্রের মর্যাদা রক্ষার লড়াই এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সুরক্ষার লড়াই। এখানে আমি বলতে চাই, সুইস ব্যাংকে টাকার পাহাড় যত বড়ই হোক, তার চেয়েও বড় হওয়া উচিত রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার সংকল্প। অন্যথায় পাচারকারীরা শুধু আড়ালেই থাকবে না, ভবিষ্যতের আরো অনেক পাচারকারীর জন্য পথও তৈরি করে যাবে। সুতরাং সর্বাগ্রে পাচারকারীদের চিহ্নিত করে জাতির সামনে তাদের পরিচয় উন্মোচন করা সবচেয়ে বেশি জরুরি।

লেখক: সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটবৈষম্য : প্রশ্নের মুখে উচ্চশিক্ষা ও স্বাস্থ্য খাত

সাইফুল ইসলাম
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটবৈষম্য : প্রশ্নের মুখে উচ্চশিক্ষা ও স্বাস্থ্য খাত

২০২৬–২৭ অর্থবছরের জন্য দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য মোট ১২,৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২,০০১.৮২ কোটি টাকা। উচ্চশিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির এ উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। তবে বাজেটের খাতভিত্তিক বিশ্লেষণে দেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দের দিকে তাকালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—স্বাস্থ্যশিক্ষা ও চিকিৎসা গবেষণার বিকেন্দ্রীকৃত উন্নয়ন কি যথাযথ গুরুত্ব পাচ্ছে?

প্রকাশিত বাজেট অনুযায়ী, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৭৯ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৩ কোটি ৭৭ লাখ টাকা, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ১৩ কোটি ৩৪ লাখ টাকা, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৮ কোটি ১৭ লাখ টাকা এবং সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় মাত্র ৬৩ লাখ টাকা। সংখ্যাগুলো স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করে এবং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর অর্থায়ন কাঠামো নিয়ে আলোচনা সৃষ্টি করে।

অবশ্যই এ কথা স্বীকার করতে হবে যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় এবং দীর্ঘদিনের চিকিৎসা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এর অধীনে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, রেসিডেন্ট চিকিৎসক, গবেষক এবং বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। উন্নত গবেষণাগার, উচ্চতর চিকিৎসা শিক্ষা এবং বিশেষায়িত চিকিৎসাসেবার কারণে এ প্রতিষ্ঠানের ব্যয়ও তুলনামূলকভাবে বেশি। ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বড় বরাদ্দ পাওয়ার যৌক্তিক ভিত্তি রয়েছে।

তবে এখানেই আলোচনার শেষ নয়। কারণ একটি আধুনিক রাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা শুধু রাজধানীকেন্দ্রিক একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে গড়ে ওঠে না। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোও ভবিষ্যতের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যব্যবস্থাপনা বিশেষজ্ঞ তৈরিতে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে একাধিক মেডিক্যাল কলেজ, নার্সিং ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী করা মানে দেশের স্বাস্থ্যশিক্ষার ভিত্তিকে শক্তিশালী করা।

বাজেট বিশ্লেষণের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—শুধু বরাদ্দের অঙ্ক দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নির্ধারণে শিক্ষার্থীসংখ্যা, শিক্ষকসংখ্যা, অধিভুক্ত কলেজের সংখ্যা, গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত প্রয়োজন, নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতালের উপস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্প বিবেচনায় নিতে হয়। এসব সূচকের আলোকে বরাদ্দ নির্ধারিত হলে তা অধিকতর যৌক্তিক বলে বিবেচিত হয়।

কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে একটি বিশ্ববিদ্যালয়ের কার্যকর প্রশাসন, একাডেমিক কার্যক্রম, গবেষণা, তথ্য-প্রযুক্তি উন্নয়ন, গ্রন্থাগার পরিচালনা এবং শিক্ষার্থীসেবা নিশ্চিত করতে একটি ন্যূনতম আর্থিক সক্ষমতা প্রয়োজন। সে বিবেচনায় খুব কম বরাদ্দ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে দীর্ঘ মেয়াদে শক্তিশালী শিক্ষা ও গবেষণা পরিবেশ গড়ে তোলা কঠিন হয়ে যেতে পারে। বিশেষত নতুন ও বিকাশমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য অতিরিক্ত বিনিয়োগ অপরিহার্য।

বাংলাদেশ বর্তমানে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি, গবেষণার সীমাবদ্ধতা, আন্তর্জাতিক মানের প্রকাশনা ও উদ্ভাবনের অভাব, আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে দক্ষ জনবলের সংকট এবং স্বাস্থ্যসেবার আঞ্চলিক বৈষম্য এখনো বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শুধু হাসপাতাল নির্মাণ যথেষ্ট নয়; প্রয়োজন শক্তিশালী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র।

বিশ্বের উন্নত দেশগুলোর অভিজ্ঞতা দেখায়, স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে চিকিৎসা শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক বিনিয়োগ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো চিকিৎসা গবেষণাকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে বিবেচনা করে। কারণ তারা জানে, চিকিৎসাবিজ্ঞানে বিনিয়োগ মানে মানুষের জীবনমান, উৎপাদনশীলতা এবং জাতীয় অর্থনীতির ভবিষ্যতে বিনিয়োগ।

বাংলাদেশেও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্বচ্ছ ও প্রয়োজনভিত্তিক অর্থায়ননীতি প্রণয়ন সময়ের দাবি। বরাদ্দ নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীসংখ্যা, গবেষণার পরিমাণ, অধিভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা, আঞ্চলিক চাহিদা, অবকাঠামোগত ঘাটতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনাকে স্পষ্ট সূচক হিসেবে ব্যবহার করা উচিত। একই সঙ্গে নবীন ও আঞ্চলিক মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি ন্যূনতম উন্নয়ন তহবিল গঠন করা যেতে পারে, যাতে তারা প্রাথমিক সক্ষমতা অর্জন করতে পারে।

স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে আমরা প্রায়ই কথা বলি। কিন্তু উন্নত স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি নির্মিত হয় শ্রেণিকক্ষ, গবেষণাগার এবং প্রশিক্ষণকেন্দ্রে। আজকের মেডিক্যাল শিক্ষার্থীই আগামী দিনের চিকিৎসক, গবেষক, শিক্ষক ও স্বাস্থ্যনীতিনির্ধারক। তাই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বাজেটকে শুধু ব্যয় হিসেবে নয়, বরং জাতীয় মানবসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

বাজেটের অঙ্ক শুধু অর্থের পরিমাণ প্রকাশ করে না; এটি রাষ্ট্রের অগ্রাধিকারও নির্দেশ করে। তাই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর অর্থায়ন কাঠামো নিয়ে একটি গভীর ও তথ্যভিত্তিক জাতীয় আলোচনা প্রয়োজন। লক্ষ্য হওয়া উচিত কোনো প্রতিষ্ঠানকে অন্যটির বিপরীতে দাঁড় করানো নয়; বরং এমন একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে দেশের প্রতিটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়। তাহলেই বাংলাদেশের স্বাস্থ্য খাত ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো শক্তিশালী ও টেকসই ভিত্তি লাভ করবে।

গণতন্ত্র ও দারিদ্র্য

সিরাজুল ইসলাম চৌধুরী
গণতন্ত্র ও দারিদ্র্য

এটা খুবই সহজ কথা যে গণতন্ত্র ও দারিদ্র্য একসঙ্গে চলতে পারে না। সবাই বলে এ কথা। সরকারের মন্ত্রীরাও বলেন। আসলে দারিদ্র্য হচ্ছে একধরনের ব্যাধি। খুবই বাজে রোগ সে। মানুষকে হেয়, বিব্রত, বিপন্ন করে। ছোট করে ফেলে। খুবই আত্মসচেতন করে রাখে। বিপদে ফেলে দেয় যখনতখন যেখানেসেখানে। না, দারিদ্র্যের মধ্যে মাহাত্ম্য বলে কিছু নেই। অসামান্যদের কথা আলাদা, দারিদ্র্যের আগুনে পুড়ে পুড়ে তাঁরা অনেকেই খাঁটি সোনা হয়ে উঠেছেন এ আমরা জানি। জীবনীতে পড়েছি। তা ভিতরে সোনা ছিল বলেই ‘খাঁটি’ হয়েছেন, নইলে পুড়ে কয়লা হতেন, কিংবা ছাই : ব্যতিক্রম বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই যা সত্য। কাজী নজরুল ইসলামের সেই ‘দারিদ্র্য’ কবিতাটি আমি যতবার পড়েছি, কিংবা তাঁর সম্পর্কে যতবার ভেবেছি, ততবারই মনে হয়েছে কবি ব্যতিক্রমীদের একজন। নইলে দারিদ্র্য মহৎ করেছে মানুষকে, এমন তো দেখিনি। পঙ্গু করেছে, পাত্র করেছে ভিক্ষার কিংবা তার চেয়েও যা খারাপ। ক্ষেত্র করেছে অবজ্ঞার-এই তো দেখে এলাম সারা জীবন। আমার বাপ-দাদাও তাই দেখে এসেছেন, এই গরিব দেশে।

আমাদের যত যত সমস্যা ও ব্যর্থতা, তার পেছনে যে দারিদ্র্য রয়েছে তা বলার অপেক্ষা রাখে কি? যেমন পরিবার পরিকল্পনা। ছোট পরিবার সুখী পরিবার-এটা সত্য; কিন্তু তারও চেয়ে বড় সত্য হচ্ছে ধনী পরিবার মানেই ছোট পরিবার। পরিবার ছোট হলেই যে সুখী হবে, তার কোনো নিশ্চয়তা নেই। অসুখবিসুখ, ঝগড়াকলহ, মনোমালিন্য, অধিক আদরে ছেলেমেয়ে নষ্ট-ইত্যাদি সমস্যা থাকতেই পারে। থাকেই। অনেকে তো বিয়েই করতে পারেনি। নিজেই নিজের পরিবার এবং পরিবার পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে আদর্শ বটে, কিন্তু তেমন পুরুষ কিংবা মহিলা, বিশেষ করে মহিলা, নিজেকে আদর্শ মানুষ কিংবা স্বর্গসুখ ভোগকারী ব্যক্তিত্ব বলে মনে করেন, এমনটা মনে হয় না। আলাপ করে দেখুন, বিষণ্ন হয়ে ফিরে আসবেন। এদের অনেকেই দুঃখের প্রতিমূর্তি।

ব্যতিক্রম সর্বক্ষেত্রেই সম্ভব, কিন্তু সাধারণভাবে বলতে গেলে বলা যাবে ধনী পরিবারেই পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল হয়েছে। দরিদ্রদের মধ্যে তা ব্যর্থ। যেজন্য জনসংখ্যা বৃদ্ধিকে কিছুতেই নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাচ্ছে না। শত চেষ্টা করেও কর্মসূচি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারছে না। মধ্যবিত্ত পরিবারগুলোও এখন আগের তুলনায় সচেতন, তাদের ক্ষেত্রেও পরিবার এখন ছোট হয়ে আসছে। তবে মধ্যবিত্তও ধনীই বটে, বিপুলসংখ্যক দরিদ্র মানুষের তুলনায় ধনী।

দরিদ্র মানুষ আগামী বছরের কথা দূরে থাক, আগামীকালের কথাই ভাবতে পারে না। তারা সকালে ভাবে দুপুরে কী খাবে, দুপুরে ভাবে রাতের কথা, এর বেশি ভাববার ক্ষমতাই রাখে না। মনে করে ভবিষ্যৎ বলে কিছু নেই। এই হতাশা সবকিছু অপহরণ করে নেয়। গরিব মানুষ উচ্চতর জীবনের স্বপ্ন রাতেও দেখে না, দিনে তো নয়ই। ভাবে, এরকমই ছিল আমার বাবার, বাবার বাবা, এরকমই থাকব আমি, থাকবে আমার সন্তানসন্ততি। ভবিষ্যতহীন, চেতনাহীন, দায়িত্বজ্ঞানহীন এই মানুষদের কাছ থেকে অনেক কিছুই আশা করা যায় না, পরিবার পরিকল্পনাও নয়। এটা পরিবার পরিকল্পনার কর্মীরাও বোঝেন, কিন্তু অধিকাংশ সময়েই বলেন না। জানেন বলে লাভ হবে না, ক্ষতি হবারই আশঙ্কা।

সিরাজুল ইসলাম চৌধুরীএখন দেশে শিক্ষার ব্যাপারে আগের আগ্রহ নেই। বিশেষ করে উচ্চপর্যায়ের শিক্ষায়। এর কারণটাও ওই দারিদ্র্যই। মানুষ দেখতে পাচ্ছে লেখাপড়া শিখে লাভ হচ্ছে না। চাকরি হচ্ছে না। উপার্জনের আশা নেই। এই পরিস্থিতিতে ছাত্রসমাজের মধ্যে খুব স্বাভাবিকভাবেই ব্যাপক হতাশা দেখা দিয়েছে। শিক্ষার ব্যাপারে অনীহা এবং ঠিক বিপরীতে সন্ত্রাসের ব্যাপারে আগ্রহ ওই হতাশারই দুটি ভিন্ন ভিন্ন প্রকাশ বটে।

মৌলবাদও দারিদ্র্যের সঙ্গে যুক্ত। দরিদ্র মানুষ ভরসা করবার মতো কিছু পাচ্ছে না, আশ্রয় নেই, বিচার নেই, ভবিষ্যতের প্রতিশ্রুতি নেই, এরকম মানসিক অবস্থায় ইহজাগতিকতার চর্চা অসম্ভব। আমরা বিদ্যাসাগরের কথা জানি। বিদ্যাসাগরের পক্ষে ইহজাগতিকতার চর্চা অসম্ভব হতো, যদি গ্রামের দরিদ্র ব্রাহ্মণ থাকতেন, যদি তাঁকে পরনির্ভর হয়ে থাকতে হতো। সেটা ছিলেন না বলেই ইহজাগতিক হয়েছেন, অন্যরা হননি, তারা মন্ত্র পড়েছেন এবং দক্ষিণা কী পাওয়া যাবে বা যাবে না তার হিসাব করেছেন।

আমরা যে ব্যাপক হারে ইহকালের ভূমি ছেড়ে জীবিত অবস্থাতেই পরকালের দিকে প্রবল বেগে ধাবিত হতে পছন্দ করি, তার কারণ আর কিছুই নয়, ইহকালের দুরবস্থা ছাড়া। কেবলি উচ্ছেদ হচ্ছি, উদ্বাস্তু হয়ে পরকালে জায়গাজমির দরদাম করছি। এই যে অন্তঃসারশূন্য আধ্যাত্মিকতা, এই যে ফকিরি, উদাসীনভাব, এ বড়ই বাস্তবিক সত্য; এবং তা বাস্তবিক কারণ থেকেই উদ্ভূত। এর পেছনে কোনো অলৌকিক অনুপ্রেরণা নেই।

আর দারিদ্র্য তো আজকের নয়, যুগযুগান্তের। সেই অন্তহীন দারিদ্র্য ব্যক্তির জীবনে এমন হীনম্মন্যতা তৈরি করে রেখেছে যে অবস্থা ভালো হলেও গরিবই থেকে যাই-মনের দিক থেকে। ঈর্ষা, অবিশ্বাস, ক্ষুদ্র স্বার্থের পাহারাদারি, কলহ, কোন্দল কেবল যে কাজ হয়ে দাঁড়ায় তা নয়, প্রধান বিনোদনেও পর্যবসিত হয়। অন্য কোনো আনন্দে অভ্যাস নেই, ঝগড়াফ্যাসাদ ভিন্ন। আজকাল আমরা দারিদ্র্যও বিক্রি করছি দেশবিদেশে। কিন্তু দরিদ্র মানসিকতা বিক্রি করতে পারব না।

কেউ কিনবে না। বৈষয়িকভাবে মোটেই অভাবে নেই, কিন্তু দেখলেই মনে হবে অত্যন্ত অভাবগ্রস্ত। সাহায্য চাইছেন না, কিন্তু তবু মনে হবে চাইছেন। এরকম অবস্থাপন্ন কিন্তু তবু দুস্থ মানুষ কি আপনি দেখেননি, দেখেছি। আপনিও দেখেছেন, আমার দৃঢ়বিশ্বাস। দারিদ্র্য যখন কারও সংস্কৃতির অংশ হয়ে দাঁড়ায়, তখন তাকে কাটিয়ে ওঠা দুঃসাধ্য। টাকাপয়সায় কাটে না। এক প্রজন্মে কাটতে চায় না। আর আগের প্রজন্মে আমরা কে-ই বা কী ছিলাম, বাপ-দাদা কীই-বা রেখে গেছেন, অভাব ছাড়া? শুধু ব্যাধি কেন বলব, দারিদ্র্য অত্যন্ত কঠিন ও জটিল ব্যাধি।

তাই বলে কি আমরা ভোগবিলাসের পক্ষে? না, অতিরিক্ত ভোগবিলাস কিংবা অপচয় কোনোটারই পক্ষে নই আমরা। আমরা চাই সুস্থ ও সমৃদ্ধ জীবন, তাতে আনন্দ থাকবে, অবকাশ থাকবে, থাকবে সৃষ্টিশীলতা। ভোগবিলাসে সৃষ্টি নেই, দেওয়া নেই, কেবল নেওয়াই আছে। দারিদ্র্যের সংজ্ঞা যে আপেক্ষিক তা-ও জানি। তবু দারিদ্র্য যে কী বস্তু, তা বাংলাদেশের মানুষ আমরা যদি না বুঝি, তবে কে বুঝবে।

এর সঙ্গে গণতন্ত্রের শত্রুতা একেবারেই স্বভাবগত। গণতন্ত্র ও দারিদ্র্য একে অন্য থেকে সম্পূর্ণ স্বতন্ত্র স্বভাবের। গণতন্ত্রের একটি মূল বিষয় হচ্ছে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া; কিন্তু দরিদ্র মানুষ কী ভাগ করবে, অভাব ছাড়া। অভাব তো অবিভাজ্য, যারটা তারই থাকে, ভাগ করতে গেলে নেওয়ার লোক পাওয়া যায় না খুঁজে। নাম শুনলেই দৌড়ে পালায়। গণতন্ত্র প্রকাশ্য, আবার গোপনীয়। গণতন্ত্র সবল, দারিদ্র্য দুর্বল। গণতন্ত্র মানুষকে মেলায়, দারিদ্র্য বিচ্ছিন্ন করে।

গণতন্ত্র জগৎমুখী, দারিদ্র্য আত্মত্বমুখী। গণতন্ত্র আলাপ করে দারিদ্র্য করে কলহ। না, গণতন্ত্র ও দারিদ্র্য কিছুতেই একসঙ্গে থাকতে পারে না। তার চেয়েও বড় কথা, দারিদ্র্য থাকলে গণতন্ত্র থাকে না, থাকতে পারে না। কেবল যে ভোট কেনাবেচা কিংবা ছিনতাই হয় তা-ই নয়, মানুষ মানুষে মিলনটাই গড়ে ওঠে না। উন্মুক্ত প্রান্তরে আসে না, অন্যের সঙ্গে সমঝোতা, সহযোগিতা কিছুই করে না। মন্ত্রীরা যখন বলেন দারিদ্র্যই গণতন্ত্রের প্রধান শত্রু, তখন খুবই যথার্থ কথা বলেন বটে। প্রকৃত গণতন্ত্রের প্রধান শত্রু হচ্ছে দারিদ্র্য।

কিন্তু দারিদ্র্যের কারণ কী তা তো কেউ বলেন না। না, সেটা বলেন না। বলেন যখনতখন আসল কথা না বলে আজেবাজে কথা বলেন। মুখ্যকে গৌণ করে, গৌণকেই ধরে টানাটানি করেন। বলেন, দারিদ্র্যের কারণ আমাদের আলস্য। আমরা কাজ করি না। ফাঁকি দিই। বলেন, দারিদ্র্যের কারণ আমাদের জনসংখ্যা। এত মানুষ, এদের কে খাওয়াবে, যা আছে খাওয়াতেই শেষ, উন্নতি কী করে হবে? কী করে ঘুচবে দারিদ্র্য? কেউ বলেন, অন্য কিছু নয়, দায়ী আমাদের দুর্নীতি। চোর। চোরে ছেয়ে গেছে দেশ। চাটার দল। বেত চাই। বেতাতে হবে। এসব বলেন, কিন্তু দারিদ্র্যের আসল কারণটা দেখেন না, বা দেখলেও মানতে চান না।

অন্য কারণ অবশ্যই রয়েছে, কিন্তু আসল কারণ হচ্ছে বৈষম্য। এই বৈষম্যই দারিদ্র্য সৃষ্টি করছে এবং করেছে। না, দারিদ্র্য বৈষম্য সৃষ্টি করেনি।  উল্টোটাই সত্য। বলা হবে, এবং হচ্ছে যে প্রতিযোগিতা থাকা ভালো। হ্যাঁ, তা ভালো বৈকি।

প্রতিযোগিতা ছাড়া উন্নতি নেই। কিন্তু কার সঙ্গে কার প্রতিযোগিতা, সেটা তো দেখতে হবে। হাত-পা বেঁধে পানিতে ফেলে দিয়ে যদি বলি তুমি আমার সঙ্গে সাঁতরাও দেখি, পাল্লা দাও, তাহলে লোকটি তো পারবে না, ডুবেই মরবে। সাঁতরাতে বলার আগে তার হাত-পায়ের বন্ধনগুলো কাটতে হবে, তাকে মুক্ত করতে হবে, তবেই সাঁতারের প্রশ্নটা উঠবে। নইলে তা নিষ্ঠুর বিদ্রুপ ছাড়া আর কী। দেশের অধিকাংশ মানুষই এই হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে, তারা নিক্ষিপ্ত হয়েছে দারিদ্র্যের জলাশয়ে। তাদের অবস্থা সাঁতরে তীরে ওঠার নয়, অবস্থা ডুবে মরবার।

লেখক : ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়