• ই-পেপার

মিতোমা-মিনামিনোকে ছাড়াই বিশ্বকাপে জাপান, আছেন যারা

প্রথম সেশনেই ৪ উইকেট তুলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রথম সেশনেই ৪ উইকেট তুলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দারুণ বোলিংয়ে ম্যাচে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম সেশনেই ৪ উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।

দিন শুরুতে পাকিস্তানের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২১ রান। তবে সকালে মেঘলা আবহাওয়ায় নতুন বলে আগুন ঝরান তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই তিনি ফেরান আব্দুল্লাহ ফজলকে। ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটকিপার লিটন দাসর গ্লাভসে।

এরপর আরেক ওপেনার আজান আওয়াইসকেও ফেরান তাসকিন। শর্ট লেগে ক্যাচ দিয়ে ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

দ্রুত দুই উইকেট হারানোর পর শান মাসুদ ও বাবর আজম মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। দুজনের ৩৮ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। শর্ট কাভারে বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে ২১ রান করে ফেরেন মাসুদ।

এরপর মিরাজের শিকার হন সৌদ শাকিলও। সুইপ করতে গিয়ে ব্যাটের আগায় লেগে বল তুলে দেন লিটনের হাতে। ৮ রান করে ফেরেন তিনি।

একপ্রান্তে অবশ্য ইতিবাচক ব্যাটিং করেছেন বাবর আজম। দ্রুত রান তোলার পাশাপাশি দৌড়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৩৭ রানে অপরাজিত আছেন তিনি। 

লাঞ্চ বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭৮ রানের জবাবে এখনো অনেক পিছিয়ে সফরকারীরা।

শিরোপা উৎসবে হামলার শিকার প্রতিপক্ষ ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক
শিরোপা উৎসবে হামলার শিকার প্রতিপক্ষ ফুটবলাররা

শিরোপা জয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিশৃঙ্খলায়। স্কটল্যান্ডে সেল্টিকের শিরোপা উদ্‌যাপনের সময় হামলার শিকার হয়েছেন প্রতিপক্ষ হার্টসের ফুটবলাররা।

শনিবার হার্টসকে ৩-১ গোলে হারিয়ে স্কটিশ প্রিমিয়ারশিপের শিরোপা নিশ্চিত করে সেলটিক। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল হার্টস। অধিনায়ক লরেন্স শ্যাঙ্কল্যান্ড গোল করে দলকে লিড এনে দেন।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেলটিক। আর্নে এঙ্গেলস সমতা ফেরানোর পর শেষ দিকে গোল করেন দাইজেন মায়েদা ও ক্যালাম অসমন্ড। তাতেই শিরোপা নিশ্চিত হয় সেলটিকের।

কিন্তু শেষ বাঁশি বাজার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উচ্ছ্বসিত সমর্থকেরা মাঠে নেমে পড়েন। বিশৃঙ্খলার মধ্যে হামলার শিকার হন হার্টসের কয়েকজন ফুটবলার।

সবচেয়ে বেশি আলোচনায় আসে শ্যাঙ্কল্যান্ডকে ঘিরে ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক সমর্থকের আক্রমণের মুখে আত্মরক্ষার চেষ্টা করছেন তিনি। এক পর্যায়ে তাকেও ঘুষি মারতে দেখা যায়। পরে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে সরিয়ে নেন।

 

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হার্টস। ক্লাবটি এক বিবৃতিতে ঘটনাকে ‘স্কটিশ ফুটবলের জন্য লজ্জাজনক’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতার কথাও জানিয়েছে তারা।

এই ঘটনার কারণে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্বও পালন করতে পারেননি হার্টসের খেলোয়াড় ও কর্মকর্তারা। নিরাপত্তার স্বার্থে দ্রুত স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন তারা।

রোনালদোদের শিরোপা ‘চুরি’ করা কে এই রুই আরাকি

ক্রীড়া ডেস্ক
রোনালদোদের শিরোপা ‘চুরি’ করা কে এই রুই আরাকি
ক্রিস্তিয়ানো রোনালদো ও রুই আরাকি। ছবি : সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালের সব আলো ছিল ক্রিস্তিয়ানো রোনালদোদের ওপর। সৌদির আল নাসর শিরোপা জিতবে বলেই ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু ফাইনালের সব আলো কেড়ে নিলেন জাপানের এক তরুণ গোলরক্ষক—রুই আরাকি।

মাত্র ১৮ বছর বয়সী এই গোলরক্ষক দুর্দান্ত পারফরম্যান্সে যেন রোনালদোদের কাছ থেকে ট্রফিটাই ‘চুরি’ করে নিয়েছেন। তার অসাধারণ সেভে ভর করে গাম্বা ওসাকা ১-০ গোলে হারিয়েছে আল নাসরকে।

ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল ছিল আল নাসরের কাছে। তারা নেয় ২০টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু প্রতিবারই দেয়াল হয়ে দাঁড়ান আরাকি। ম্যাচে ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করে ম্যাচসেরাও নির্বাচিত হন এই জাপানি তরুণ।

গাম্বা ওসাকার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেনিজ হুমেত। এরপর বাকি সময়টা রক্ষণ সামলে দলের জয় নিশ্চিত করেন আরাকি।

অবাক করার বিষয় হলো, খুব বেশি দিন হয়নি গাম্বা ওসাকার প্রথম একাদশে জায়গা পেয়েছেন আরাকি। গত ২২ এপ্রিল থেকে দলের নিয়মিত গোলরক্ষক হিসেবে খেলছেন। এরপর সাত ম্যাচে তিনটি ক্লিন শিট রেখেছেন এই তরুণ।

এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে জাপানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন আরাকি। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করেন তিনি। কোয়ার্টার ফাইনালে জর্ডানের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জেতান। পরে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকও নির্বাচিত হন।

তবে এত ভালো পারফরম্যান্সের পরও জায়গা হয়নি জাপানের বিশ্বকাপ দলে। কিন্তু এএফসি ফাইনালের পর ফুটবল বিশ্বে নিজের নামটা আরো বড় করে জানান দিলেন রুই আরাকি।

তাসকিনের জোড়া আঘাত

ক্রীড়া ডেস্ক
তাসকিনের জোড়া আঘাত
দুই ওপেনারকে ফেরান তাসকিন আহমেদ। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে শুরুতেই দারুণ আঘাত হেনেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তার দুর্দান্ত বোলিংয়ে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। 

প্রথম দিনের খেলা শেষে ৬ ওভারে বিনা উইকেটে ২১ রান করেছিল পাকিস্তান। আজ সকালে মেঘলা আবহাওয়া ও ফ্লাডলাইটের মধ্যে বোলিং শুরু করে বাংলাদেশ। এমন কন্ডিশন কাজে লাগিয়ে দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন তাসকিন।

ওভারের তৃতীয় বলে আব্দুল্লাহ ফজলের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন লিটন।

এরপর আরেকটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে আরো চাপে ফেলেন তাসকিন। সকালের সেশনে দুই প্রান্ত থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি ও শরীফুল ইসলাম।

এর আগে প্রথম ইনিংসে লিটন দাসের ১২৬ রানের ইনিংসে ভর করে ২৭৮ রান তোলে বাংলাদেশ। এখন সেই সংগ্রহকে বড় করে তুলতেই বোলারদের দিকে তাকিয়ে স্বাগতিকরা।