খেলার মাঠে ক্ষণিকের উত্তেজনা নতুন কিছু নয়। মাঠের সেই উত্তাপ কখনো কখনো ছড়িয়ে পড়ে মাঠের বাইরে, ক্ষেত্র বিশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি আইপিএলে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে তর্কে জড়ানোর পর অনলাইনে আক্রমণের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা হেড।
ঘটনাটা ঘটেছে গত শুক্রবার। কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও হেডের সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর রেশ ছিল ম্যাচের শেষ দিকেও।
দুই দলের খেলোয়াড়েরা করমর্দনের জন্য সারিবদ্ধ হলে হেডের বাড়িয়ে দেওয়া হাত উপেক্ষা করে যান কোহলি। যদিও অন্য খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন তিনি।
এরপর থেকেই হেডের স্ত্রী জেসিকার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর মন্তব্যের বন্যা বয়ে যায়। ধারণা করা হচ্ছে, ভারত, বেঙ্গালুরু ও কোহলির ভক্তরা এ ধরনের মন্তব্য করেছেন।
জেসিকা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অ্যাডভার্টাইজারকে জানিয়েছেন, তার বন্ধু ও পরিবারের সদস্যরা ঘৃণামূলক বার্তা পেয়েছেন। তিনি বলেছেন, ‘ঘুম থেকে উঠে দেখি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আক্রমণ চলছে। আমরা ঠিক আছি; তাই বলে ওরা আমার বন্ধু ও পরিবারকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে।’
জেসিকা আরো বলেছেন, ‘আবেগ খেলার অংশ। তবে এটাও মনে রাখা জরুরি মাঠের খেলার আড়ালে যারা রয়েছেন, তারা রক্ত মাংসে গড়া মানুষ ও তাদের পরিবার রয়েছে। আশা করি এই ঘটনা মানুষকে আরো সহানুভূতিশীল হতে এবং একে-অন্যকে সমর্থন করতে উৎসাহিত করবে।’
আহমেদাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জেতার পরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে উল্লেখ করেছেন জেসিকা, ‘এটা যেন বিশ্বকাপের পর হওয়া সেই হিংসাত্মক আচরণের পুনরাবৃত্তি।’






