গোয়ার ডনবস্কো বিশ্ববিদ্যালয় মাঠে সতীর্থদের সঙ্গেই মাঠে নামতে দেখা গেল মিডফিল্ডার মনিকা চাকমাকে। শুরুতে রানিং, স্ট্রেচিংও সেরে নিলেন। দেখে মনে হচ্ছিল না যে, তিনি চোটে পড়েছেন।
তবে ম্যাচের আবহ অনুশীলনে আর দেখা গেল না মনিকাকে। এতে ধরেই নেওয়া হচ্ছিল আগামীকাল মালদ্বীপের বিপক্ষে খেলবেন না তিনি। অনুশীলন শেষে সেই শঙ্কা সত্যি করে দিলেন কোচ পিটার বাটলার। জানালেন, হালকা চোটের কারণে মালদ্বীপ ম্যাচে খেলতে পারবেন না মনিকা।
গতকাল অনুশীলনে পায়ের গোড়ালিতে ব্যথা পান মনিকা। ৩১ মে ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যে কারণে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মালদ্বীপের সঙ্গে লড়াইয়ে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাটলার বলেছেন, ‘সে (মনিকা) কাল খেলবে না। তার হালকা চোট আছে। তাকে এই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।’
হালকা চোটে পড়েছেন ডিফেন্ডার শিউলি আজিমও। অনুশীলনের শুরুতে স্ট্রেচিং করতে গিয়েই বুকে ব্যথা পান তিনি। প্রাথমিক চিকিৎসার পর আবার মাঠে ফিরতে চাইলেও কোচ তাকে বিশ্রামে থাকতে বলেন। তার সর্বশেষ অবস্থা নিয়ে বাটলার জানিয়েছেন, ‘শিউলির একটু বুকের ব্যথা হয়েছিল। সতর্কতার জন্য তাকে অনুশীলন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে গুরুতর কিছু নয়।’
ভারতে আসার আগে থাইল্যান্ডে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ। হাতে ব্যথার কারণে সেই ক্যাম্পের শুরুর দিকে অনুশীলন করতে পারেননি গোলরক্ষক মিলি আক্তার। তাই আগামীকালের ম্যাচে তিনি খেলবেন কি না, সেই প্রশ্ন উঠেছিল।
বাটলার নিশ্চিত করেছেন মালদ্বীপের বিপক্ষে শুরুতে গোলপোস্টের নিচে থাকবেন মিলিই, ‘আমি সবাইকে সুযোগ দিই। তবে মিলি ফিরে এসেছে। সে পুরোপুরি ফিট। মিলিই শুরু করবে। এরপর আশা করি ৪৫ মিনিট পরে কিছু পরিবর্তন আনতে পারব।’




