• ই-পেপার

২০২৬ বিশ্বকাপে ভেঙে যেতে পারে ফুটবল ইতিহাসের ৫ মহারেকর্ড

বিশ্বকাপে কোন ম্যাচে কোন জার্সি পরবে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে কোন ম্যাচে কোন জার্সি পরবে আর্জেন্টিনা
ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন মেসি। ছবি : রয়টার্স

দীর্ঘ প্রতীক্ষার অবসান কাতার বিশ্বকাপে ঘুচিয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর তৃতীয়বারের মতো সোনালি ট্রফিটা ছুঁয়েছে তারা। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে রাজত্ব ধরে রাখার পালা। সেই লক্ষ্যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে শিষ্যদের নিয়ে তাঁবু গেড়েছেন কোচ লিওনেল স্কালোনি।

এখন অপেক্ষা লড়াইয়ে নামার। ‘জে’ গ্রুপে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। কোন প্রতিপক্ষের বিপক্ষে কোন জার্সিতে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা, সেটা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আলবিসেলেস্তাদের।

শুরুর অভিযানে লিওনেল মেসিদের গায়ে থাকবে তাদের ঐতিহ্যবাহী আকাশি-নীল ও সাদা রঙের জার্সি। শর্টস আর মোজার রং হবে নেভি ব্লু। অন্যদিকে তিন কাঠির নিচের প্রহরীর জার্সি, শটস ও মোজার রং হবে কমলা।

 

ফিরতি ম্যাচেও আউটফিল্ড খেলোয়াড়রা পরবেন আকাশি-নীল ও সাদা জার্সিই। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ২২ জুনের ম্যাচে বদলে যাবে গোলরক্ষকের জার্সি ও শর্টসের রং। গোলরক্ষক পরবেন হালকা সবুজ রঙের জার্সি।

আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ জর্ডান। ২৮ জুন সেদিন ডালাসে অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মেসি-হুলিয়ান আলভারেজদের কিটসে থাকবে কালো রঙের সঙ্গে নীল ও আকাশির ছোঁয়া। শর্টস ও মোজা হবে সম্পূর্ণ কালো। তবে নম্বর, নাম ও লোগো থাকবে সাদা রঙের। গোলরক্ষকের কিটসের রং থাকবে গাঢ় সবুজ।

‘হেক্সা অভিযানে’ যাওয়ার আগে বিমান ধুয়ে পবিত্র করে নিল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
‘হেক্সা অভিযানে’ যাওয়ার আগে বিমান ধুয়ে পবিত্র করে নিল ব্রাজিল
এই বিমানকে চড়ে বিশ্বকাপ খেলতে গেছে ব্রাজিল দল। ছবি : ভিডিও থেকে নেওয়া

‘একটা ছবি, একটাই হৃদয়, অনেকগুলো স্বপ্ন। গর্ব নিয়ে এবার সীমান্ত অতিক্রম করার পালা। চলো একসঙ্গে যাই’—ফিফা বিশ্বকাপ খেলতে নেইমার-ভিনিসিয়ুসরা যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে বিমানের সামনে তোলা ছবি পোস্ট করে এই ক্যাপশন দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিল রেকর্ড পঞ্চম ও নিজেদের সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। সেই সুখস্মৃতির প্রায় দুই যুগ হতে চলল। কিন্তু ষষ্ঠ বিশ্বকাপ এখনো আসেনি। ব্রাজিলের সেই দীর্ঘ অপেক্ষা এবার ফুরাবে কি না, তা সময়ই বলে দেবে। তবে ‘হেক্সা অভিযানে’ সফল হওয়ার লক্ষ্যে তারা সব ধরনের চেষ্টা করছে।

আজ যেমন ব্রাজিল দলকে বহনকারী বিমান উড্ডয়নের আগে সেটিকে ধুয়ে পবিত্র করা হয়েছে। বিমান ধোয়ার ভিডিওটি এখন ভাইরাল। 

 

ভিডিওতে দেখা যায়, আজুল এয়ারলাইনসের একটি চার্টার্ড বিমান রিও ডি জেনিরোর গালেয়াও বিমানবন্দরে রাখা হয়েছে এবং দুই পাশে রাখা বিশাল জলকামান থেকে পানি ছিটিয়ে শুভযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। 

এভাবে পানি ছিটানোকে বলা হয় ওয়াটার ক্যানন স্যালুট আর এই আনুষ্ঠানিকতাকে বলা হয় ব্যাপ্টিজম বা অপ্সুদীক্ষা। খ্রিস্টান ধর্মাবলম্বীরা এটিকে কোনো কঠিন পরীক্ষার আগে পবিত্র জীবনের সূচনা মনে করেন। বিমানটিকে পবিত্র করার পর ব্রাজিলের পতাকার আদলে সাজানো হয়েছে। 
বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে রওনা হয় ব্রাজিল দল। প্রায় ১০ ঘণ্টা ভ্রমণ শেষে কার্লো আনচেলত্তির দল গন্তব্যে পৌঁছায়।

আজুল এয়ারলাইনসের যে সুপার ভিআইপি চার্টার্ড বিমানে ব্রাজিল দল হেক্সা অভিযানে গেছে, সেটির দাম ২ হাজার ৪৭৯ কোটি টাকা। 

plane
বোয়িং ৭৬৭-৩০০ইআর মডেলের সুপার ভিআইপি চার্টার্ড বিমানে ব্রাজিল দল। ছবি: সিবিএফ

পুরোপুরি শুয়ে থেকে যাওয়া যায়, এমন ৯৬টি আসন আছে বোয়িং ৭৬৭-৩০০ইআর মডেলের বিমানটিতে। দীর্ঘ যাত্রার ফলে দলের কারো যেন ভ্রমণক্লান্তি না আসে, সে কারণে সবচেয়ে অত্যাধুনিক ও বিলাসবহুল বিমানের ব্যবস্থা করেছে সিবিএফ। 

নিউ জার্সির কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে বিশ্বকাপ ক্যাম্প করবে ব্রাজিল।

বিশ্বকাপের সবচেয়ে ‘বুড়ো’ ও তরুণ খেলোয়াড় কে

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের সবচেয়ে ‘বুড়ো’ ও তরুণ খেলোয়াড় কে
বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা ও সবচেয়ে বয়স্ক খেলোয়াড় গর্ডন। ছবি : রয়টার্স

চল্লিশ পেরিয়েও চালশে নন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও তাই অধরা স্বপ্নের পেছনে ছুটছেন তিনি। লড়ছেন হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে। নামের পাশে অন্য সব থাকলেও যে বিশ্বকাপের সোনালি ট্রফিটা জেতা হয়নি ‘সিআর সেভেনের’। 

সেই স্বপ্ন পূরণে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন রোনালদো। বয়সের হিসাবে এবারই তার শেষ সুযোগ। তার মতো সর্বোচ্চ ৬ বার বিশ্বকাপে খেলবেন আরো দুজন। তারা হচ্ছেন—আর্জেন্টিনার প্লেমেকার লিওনেল মেসি ও মেক্সিকোর গোলরক্ষক গুইলার্মো ওচোয়া।

 

বয়সের হিসাবে রোনালদো অবশ্য এবারের বিশ্বকাপের বয়স্ক ফুটবলার নন, রেকর্ডটির মালিক স্কটল্যান্ডের ক্রেইগ গর্ডন। আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হলে স্কটল্যান্ডের গোলরক্ষকের বয়স হবে ৪৩ বছর ১৬২ দিন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার হিসেবে না পারলেও অধিনায়ক এবং আউটফিল্ড খেলোয়াড় (গোলরক্ষক বাদে বাকি খেলোয়াড়) হিসেবে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড গড়বেন। বিশ্বকাপ শুরুর দিন পর্তুগিজ অধিনায়কের বয়স হবে ৪১ বছর ১২৬ দিন।

বিপরীতে এবারের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হচ্ছেন গিলবার্তো মোরা। ২৩তম বিশ্বকাপ শুরুর দিন মেক্সিকোর মিডফিল্ডারের বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। সর্বকনিষ্ঠ গোলরক্ষক হচ্ছেন মাইক পেন্ডার্স। টুর্নামেন্ট শুরুর দিন ২০ বছর ৩১৫ দিন হবে বেলজিয়ামের স্কোয়াডে থাকা গোলরক্ষকের। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের সর্বকনিষ্ঠ অধিনায়ক হবেন আলফনসো ডেভিস। কানাডার অধিনায়কের বয়স হবে ২৫ বছর ২২১ দিন।

এ তো গেল মাঠের নায়কদের গল্প। নেপথ্যে যারা কাজ করেন তাদের মধ্যে বয়স্ক কোচ হবেন ডিক অ্যাডভোকাট। প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া কুরাসাওয়ের ডাগআউট থাকবেন তিনি। টুর্নামেন্ট শুরুর দিন প্রায় ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার দেশটির কোচের বয়স হবে ৭৮ বছর ২৫৭ দিন। বিপরীতে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ কোচ হচ্ছেন ইউলিয়ান নাগলসমান। ৪ বারের বিশ্বকাপজয়ীদের কোচের বয়স হবে ৩৮ বছর ৩২৩ দিন। 

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন যেসব বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন যেসব বাংলাদেশি

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে দল পেয়েছেন মাত্র দুজন—মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। 

কলম্বোয় গতকাল অনুষ্ঠিত ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পান আরো তিন বাংলাদেশি—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন। সব মিলিয়ে পাঁচ বাংলাদেশি খেলবেন এবারের এলপিএলে। 

অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিনকে সতীর্থ হিসেবে দেখা যাবে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে। 

এ ছাড়া পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস। এলপিএলের আগে ও পরে কেন্টের হয়ে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলার কথা হাসানের। 

এলপিএলের অন্য দুই দল ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি রয়্যালস কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কেনেনি। 

এলপিএলের ষষ্ঠ আসর শুরু হবে ১৭ জুলাই, ফাইনাল ৮ আগস্ট। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই তাসকিন, লিটন, মিরাজ ও হাসান এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন। 

তবে রাজনৈতিক কারণে সাকিব যেহেতু বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না, তাই এলপিএলের শুরু থেকেই তাকে পাবে জাফনা কিংস।