• ই-পেপার

আর্জেন্টিনার বিপক্ষে অঘটন ঘটাবে অস্ট্রিয়া! ভিন্ন পূর্বাভাস বিশ্লেষকদের

মদরিচের মাইলফলকের রাতে কষ্টার্জিত জয় ক্রোয়েশিয়ার

ক্রীড়া ডেস্ক
মদরিচের মাইলফলকের রাতে কষ্টার্জিত জয় ক্রোয়েশিয়ার
বল নিয়ে ছোটা মদরিচকে (বাঁয়ে) আটকানোর চেষ্টা পানামার এক খেলোয়াড়ের। ছবি : রয়টার্স

চল্লিশেও চালশে নন—লুকা মদরিচ। তার পরে পেশাদার ক্যারিয়ার শুরু করে অনেকে হয়তো অবসর নিয়েছেন, কিন্তু তিনি ছুটে চলেছেন মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। 

২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা মদরিচ আজ তো একটা মাইলফলক ছুঁয়েছেন। বিশ্বের চতুর্থ ফুটবলার হিসেবে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বদের আল-মুতাওয়া ও লিওনেল মেসি।

মদরিচের মালিকের রাতটা স্মরণীয় করেছেন আন্তে বুদিমির। পানামার বিপক্ষে ক্রোয়েশিয়াকে জয়সূচক গোল এনে দিয়ে। তার গোলেই এবারের বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ক্রোয়েশিয়া। তাতে বেঁচে রয়েছে নকআউটে খেলার স্বপ্ন। ২ ম্যাচে তাদের পয়েন্ট তৃতীয়। বিপরীতে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ইংল্যান্ড-ঘানা।

ক্রোয়েশিয়া জয়সূচক গোলটি পায় ম্যাচের ৫৪ মিনিটে। ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রস করেন ইয়োসিপ স্তানিসিচ। গোললাইনের সামনে থেকে শুধু পা দিয়ে পথ দেখিয়ে দেন বুদিমির। বল জালে জড়াতেই টরন্টোর গ্যালারিতে তখন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া স্লোগান। জয়ে সরাসরি অবদান রাখতে পারতেন মদরিচও।

ম্যাচের ৫৭ মিনিটে মুখে তুলে দেওয়ার এক গোল বানিয়ে দিয়েছিলেন ৪০ বছর বয়সী মদরিচ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি প্যাসালিচ। প্রথমবার সরাসরি প্রতিপক্ষের গোলরক্ষকের শরীরে মারার পর ফিরতি সুযোগটা উড়িয়ে মারেন তিনি।

তবে ম্যাচ জয়ের নায়ক বুদিমির হলেও, ক্রোয়েশিয়াকে পয়েন্ট ভাগাভাগিও করতে না দেওয়ার কারিগর ডমিনিক লিভাকোভিচ। ৬৮ মিনিটে ডাবল সেভ দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। কর্নারের বিনিময়ে মুরিল্লোর দুটি শট ঠেকিয়ে দেন তিনি। ফিরতি কর্নারে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে দারুণ এক হেড নিয়েছিলেন হার্ভি। সেটিও পাঞ্চ করে ক্রোয়েশিয়াকে বাঁচান তিনি।   

সাংবাদিক মেসির প্রসঙ্গ তুলতেই রোনালদো বললেন, ‘পরের প্রশ্নটি করুন’

ক্রীড়া ডেস্ক
সাংবাদিক মেসির প্রসঙ্গ তুলতেই রোনালদো বললেন, ‘পরের প্রশ্নটি করুন’
জোড়া গোলে স্বরূপে ফিরেছেন রোনালদো। ছবি : রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া নিজেদের প্রথম ম্যাচে জ্বলে ওঠেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-আর্লিং হালান্ডরা। ডি আর কঙ্গোর বিপক্ষে নিজের ছায়া হয়ে থাকায় সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন রোনালদো। 

ফিরতি ম্যাচে মেসি-এমবাপ্পে-হালান্ডরা জোড়া গোল করলে চাপ বাড়ে রোনালদোর ওপর। সবাইকে চুপ করতে তাই প্রয়োজন ছিল দুর্দান্ত এক পারফরম্যান্স। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে তাই করলেন ‘সিআর সেভেন’। 

সমালোচকদের শুধু মাঠের পারফরম্যান্সেই জবাব দেননি, মুখেও দিয়েছেন। ৫-০ ব্যবধানের জয়ের পর তার বলা কথা তাই প্রমাণ করে। তিনি বলেছেন, ‘আই অ্যাম ব্যাক, আই অ্যাম ব্যাক।’

পারফরম্যান্স দিয়ে হওয়ার পর এবার আরেক কারণে শিরোনাম হচ্ছেন রোনালদো। মেসির জোড়া গোলের কথা উঠতেই এক সাংবাদিককে থামিয়ে দিয়ে আরেকজনকে যখন বলেন, ‘পরের প্রশ্ন করুন।’

 

মেসির জোড়া গোল নিয়ে কি প্রশ্ন করতে চাচ্ছিলেন সেই সাংবাদিক তা অবশ্য শেষ করতে পারেননি। তবে মিক্সড জোনে সাংবাদিকদের উত্তর দেওয়ার সময় প্রশ্ন শুনে রোনালদোর মুখায়বে বিরক্তিই ফুটে উঠেছে।

মেসির বিপক্ষে নকআউটে দেখা হওয়ার সম্ভাবনা প্রশ্নে রোনালদো জানান, এটা কোনো অর্থবহ প্রশ্ন মনে হচ্ছে না। তবে দেখা হলে সেটা দুর্দান্ত হবে জানিয়ে সর্বোচ্চ ৬ বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার বলেন, ‘বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া? প্রশ্নটা অর্থবহ মনে হচ্ছে না... ঠিক আছে। দেখা হলে সেটা দুর্দান্ত হবে।’

শুধু সর্বোচ্চ ৬ বিশ্বকাপে গোল করার রেকর্ডই গড়েননি রোনালদো, হয়েছেন পতুর্গালের সর্বোচ্চ গোলের মালিকও। ইউসেবিওর ৯ গোলকে পেছনে ফেলে সর্বোচ্চ ১০ গোলের মলিক হয়েছেন তিনি। তবে ব্যক্তিগত কোনো অর্জনেই তার চোখ ছিল না জানিয়ে তিনি বলেছেন, ‘আমার পুরো মনোযোগ আজকের ম্যাচেই ছিল। আমরা জিতেছি, গোল করতে পেরেছি এবং আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি। এতেই আমি খুশি।’

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
শেষ মুহূর্তে গোল মিস করে মাথায় হাত কেইনের। ছবি : রয়টার্স

মাঠের সব পজিশনে দাপট দেখালেও ইংল্যান্ডের মুখে হাসিটা ছিল না। থাকবে কি করে? ফোঁটে হাসি থাকার জন্য যা দরকার সেই ‘সোনার হরিণ’ খ্যাত গোলের দেখাই তো পায়নি ‘থ্রি লায়নরা’।

বিপরীতে ইংল্যান্ডকে রুখে দিয়েছে ২১ শতাংশ বল পজিশন নিয়ে খেলা ঘানা। গোল শূন্যে ড্র হয়েছে ম্যাচ। তবে এক পয়েন্ট আদায় করে নেওয়া আফ্রিকান দলটি জয় পাওয়ার মতো উদযাপন করছে।

এ ড্রয়ে নকআউটে যাওয়ার পথটা সহজ হয়েছে বলেই হয়তো এমন আনন্দ ঘানার। দুই দলের পয়েন্ট অবশ্য সমান ৪। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এল’ গ্রুপে শীর্ষে ইংল্যান্ডই।

ঘানার ২ শটের বিপরীতে বোস্টনে আজ ১৯ শট নিয়েছে ইংল্যান্ড। তবুও ঘানার রক্ষণভাগ ও গোলরক্ষকের কাছে পরাস্ত হয়েছেন হ্যারি কেইন-বুকায়ো সাকারা। জয় পাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ এসেছিল ম্যাচের শেষ মুহূর্তে।

তবে ম্যাচের ৮৬ মিনিটে যেভাবে সুযোগটা মিস করলেন কেইন, তা এক কথায় অবিশ্বাস্য। ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ দূরত্বে গোল করার সুযোগ পেয়েও বাঁ পায়ে বারের ওপর দিয়ে শট মারলেন ইংল্যান্ডের অধিনায়ক। কেইন এমন সুযোগ পাওয়ার আগে অবশ্য ভাগ্যেকেও পাশে পায়নি ইংলিশরা। নিকো ও’রাইলির হেডটা যে বারে লেগে ফিরে আসে।

তার আগে দুর্দান্ত এক সেভ দিয়ে ঘানাকে হার থেকে বাঁচান বেঞ্জামিন আসারে। ৮৫ মিনিটে সাকার বাঁকানো শটটা জাল খুঁজে নেওয়ার আগ মুহূর্তে ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ দেন ঘানার গোলরক্ষক। এর আগে প্রথমার্ধের খেলা বিবর্ণে।

মা হারালেন দেশম, নরওয়ের বিপক্ষে কি ডাগআউটে থাকবেন তিনি

ক্রীড়া ডেস্ক
মা হারালেন দেশম, নরওয়ের বিপক্ষে কি ডাগআউটে থাকবেন তিনি
মা হারিয়েছেন দেশম। ছবি : রয়টার্স

বিশ্বকাপে উড়ছে ফ্রান্স। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষদের গুঁড়িয়ে নকআউটে সুযোগ পেয়ে। তবে এমন সুন্দর মুহূর্তে দুঃসংবাদ শুনতে হলো তাদের। কোচ দিদিয়ের দেশমের আজ মা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

মায়ের শেষকৃত্যে থাকতে তাই ফ্রান্সে ফিরে যাচ্ছেন দেশম। নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে তাকে পাওয়া যাবে না। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

বিবৃতিতে এফএফএফ লিখেছে, ‘নরওয়ে-ফ্রান্স ম্যাচের আগে দলের অনুশীলনে থাকতে পারবেন না দিদিয়ের দেশম। আগামী শুক্রবার (বাংলাদেশের হিসেবে শনিবার) ‘আই’ গ্রুপের শেষ ম্যাচেও তাকে পাওয়া যাবে না। আজ সকালে (মঙ্গলবার) মায়ের মৃত্যুর সংবাদ জানতে পারেন কোচ। শেষকৃত্যে অংশ নিতে তাই ফ্রান্সে ফিরে যাচ্ছেন তিনি।’

আগামী ২৭ জুন নরওয়ে-ফ্রান্স ম্যাচটি হবে রাত ১টায়। সেদিন দেশমের বদলে ডাগআউটে দাঁড়াবেন সহকারি কোচ গাই স্তেফান। এর আগে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স। আর গতকাল রাতে ইরাককে ৩-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার বিপক্ষে অঘটন ঘটাবে অস্ট্রিয়া! ভিন্ন পূর্বাভাস বিশ্লেষকদের | কালের কণ্ঠ