এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এই আদেশ দেন। একই সঙ্গে এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসতিয়াক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মামলায় তোফায়েল আহমেদসহ তিন আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে। তাঁরা পলাতক থাকায় গত ১৯ এপ্রিল একই আদালত এই পরোয়ানা জারি করেন। পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং  মোশারফ হোসেন।

গত মঙ্গলবার (৫ মে) মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। ওই দিন তোফায়েল আহমেদের অসুস্থতার কথা আদালতকে জানান তাঁর আইনজীবী খায়ের উদ্দিন শিকদার। তিনি আদালতকে জানান, তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না। তাঁর স্মৃতিশক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম। এ জন্য তাঁর মানসিক অবস্থা পরীক্ষার ও অভিযোগ গঠন শুনানি পেছাতে আবেদন করেন আইনজীবী।

আদালত এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন রেখেছিলেন।

অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি করেন। এতে বলা হয়, তোফায়েল আহমেদ অবৈধভাবে অর্জিত এক কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে এক কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়।