ঢলের পানি, ঝড় ও বৃষ্টিতে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা, অন্যদিকে শ্রমিক সংকটে হাবুডুবু খেতে হচ্ছে কৃষকদের। এ ছাড়া রয়েছে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার ঝুঁকি। প্রতিনিধিদের পাঠানো সংবাদ—

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী রাধানগর ইউনিয়নে ভারত থেকে ধেয়ে আসা ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে শত শত বিঘা জমির পাকা ইরি-বোরো ধান। এর সঙ্গে যুক্ত হয়েছে অব্যাহত বৃষ্টির পানি। সব মিলিয়ে নাজুক অবস্থা কৃষকের। বড়জোর দুই সপ্তাহ সময় পেলেই যেখানে কৃষকরা নির্বিঘ্নে ধান কেটে ঘরে তুলতে পারতেন, সেখানে আচমকা ধান ডুবে এখন চরম নাজেহাল তাঁরা। এর সঙ্গে রয়েছে ধান কাটা শ্রমিক সংকট। ধানেরও ন্যায্যমূল্য নেই।

গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন বলেন, ওই এলাকায় দুই হাজার ৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। বিল কুজাইন এলাকায় ডুবে গেছে অন্তত সাড়ে ৪০০ বিঘা জমির ধান।

নাটোর : শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও সদর উপজেলার চলনবিল ও হালতি বিল অঞ্চলে বোরো ধান কাটার ভরা মৌসুমে দেখা দিয়েছে আগাম বন্যা ও প্রতিকূল আবহাওয়ার প্রভাব। কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পাকা বোরো ধান কাটাকে কেন্দ্র করে চরম শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। টানা প্রায় এক সপ্তাহের বৈরী আবহাওয়া ও একসঙ্গে ধান পেকে যাওয়ায় মাঠে এখন শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। এক মণ ধানের সমপরিমাণ মজুরি দিয়েও মিলছে না একজন কৃষি শ্রমিক।

রামপাল (বাগেরহাট) : অসময়ের বৃষ্টিতে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন এলাকায় অসংখ্য বোরো চাষি পাকা ধান নিয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। চাষিরা বলছেন, রোদ না হলে ধান কাটা ও মাড়াই করা যাচ্ছে না। কাটা ধান জমিতে পড়ে থাকায় নষ্ট হচ্ছে। রক্ষা করা সম্ভব হচ্ছে না পশুখাদ্য হিসেবে খড়কুটাও।

রানীনগর (নওগাঁ) : নওগাঁর রানীনগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াই। তবে আনন্দ নেই কৃষকের ঘরে। দরপতনের কারণে আশানুরূপ দাম না পেয়ে কৃষকের মুখে সোনালি হাসির বদলে জুটছে হতাশার ছাপ। বর্তমানে বাজারে যে দামে ধান বিক্রি হচ্ছে, হিসাব-নিকাশ শেষে প্রতি বিঘায় লোকসানের ঘানি টানতে হবে বলে আশঙ্কা করছেন চাষিরা। গত সপ্তাহে এই অঞ্চলে কালবৈশাখী ঝড়ে উঠতি ইরি-বোরো পাকা ধান নুয়ে পড়ে।