• ই-পেপার

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতার প্রশংসা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতার প্রশংসা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সৌদি আরবের রিয়াদে পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বৈঠকে সৌদি মন্ত্রী ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

সৌদি মন্ত্রী হজের ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করে ধর্মমন্ত্রীকে দক্ষ ও আন্তরিক নেতৃত্বের মাধ্যমে হাজিদের সেবা নিশ্চিত করার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। সৌদি মন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত দক্ষ, সুশৃঙ্খল ও সমন্বিত। ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার আরো উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি। ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা আরো আধুনিক ও কার্যকর করতে সৌদি সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার বিষয়েও অবহিত করেন।

এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হজ ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন সাধনের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং মাশায়ের এলাকায় হাজিদের জন্য উন্নত সেবার মাধ্যমে সৌদি সরকার হজ পালনকে আরো সহজ ও নিরাপদ করেছে।

 

 

 

৩০ বছর পর নায়ক সালমান শাহর লাশ তোলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
৩০ বছর পর নায়ক সালমান শাহর লাশ তোলার নির্দেশ
সালমান শাহ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তাঁর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

গতকাল বুধবার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করব।’

উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর পর ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। পরে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে হত্যা মামলা করা হয়। এখন আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করে নতুন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করবে তদন্ত সংস্থা সিআইডি।

ছয় শিশুর মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়

নিজস্ব প্রতিবেদক
আদ-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়

ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। গতকাল বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি। বরং চার থেকে পাঁচ পাতা বিভিন্ন অযথা তথ্য দিয়েছে যে তারা ইচ্ছা করে এমন কিছু করেনি। যা লিখেছে তা-ও অস্পষ্ট।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ (গতকাল) সংসদের ফাঁকে একসময় বসে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে এখনি সে বিষয়ে কিছু বলতে পারছি না। সিদ্ধান্ত গ্রহণের পর জানানো হবে।’ গত ২৭ মে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলেছে। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মানুষের উপস্থিতি; দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা; বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ। গত  ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন।

 

 

কনজিউমার ইলেকট্রনিকস উৎপাদনে শুল্ক-কর রেয়াতের মেয়াদ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
কনজিউমার ইলেকট্রনিকস উৎপাদনে শুল্ক-কর রেয়াতের মেয়াদ বাড়ছে

কনজিউমার ইলেকট্রনিকস শিল্পের বিকাশ, সাধারণ ভোক্তাদের জন্য পণ্যকে সাশ্রয়ী রাখা এবং রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় উৎপাদনকারীদের জন্য বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধার মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা আজ বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী প্রস্তাব করবেন। প্রস্তাব অনুযায়ী, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ফ্রিজার, এসি, ওয়াশিং মেশিন, এটিএম ও সিসিটিভি ক্যামেরার মতো আমদানিনির্ভর প্রযুক্তিপণ্য স্থানীয়ভাবে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ আমদানিতে বর্তমানে যে শুল্ক ও কর রেয়াত সুবিধা রয়েছে, তা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখা হবে।

এই সুবিধা অব্যাহত থাকলে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে পারবে। ফলে ভোক্তারা তুলনামূলক কম দামে এসব পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। একই সঙ্গে দেশীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বাজারে রপ্তানি সম্প্রসারণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।