ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সৌদি আরবের রিয়াদে পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বৈঠকে সৌদি মন্ত্রী ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
সৌদি মন্ত্রী হজের ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করে ধর্মমন্ত্রীকে দক্ষ ও আন্তরিক নেতৃত্বের মাধ্যমে হাজিদের সেবা নিশ্চিত করার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। সৌদি মন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত দক্ষ, সুশৃঙ্খল ও সমন্বিত। ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার আরো উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি। ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা আরো আধুনিক ও কার্যকর করতে সৌদি সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার বিষয়েও অবহিত করেন।
এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হজ ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন সাধনের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং মাশায়ের এলাকায় হাজিদের জন্য উন্নত সেবার মাধ্যমে সৌদি সরকার হজ পালনকে আরো সহজ ও নিরাপদ করেছে।


