বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল সরকারের কাছে করের অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কী? যেভাবে আমাকে ধরপাকড় করে কর আদায় করেন, সেভাবে করের টাকা কোথায় ও কিভাবে খরচ হচ্ছে, সেটারও জবাবদিহি থাকতে হবে।’

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত ‘ডিজিটাল অ্যাকাউন্টিং ও রাজস্ব আহরণ’ শীর্ষক প্রাক-বাজেট গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শওকত আজিজ রাসেল বলেন, ‘দেশের শিল্প খাত বর্তমানে কঠিন সময় পার করছে। অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় পরিবেশ সরকার নিশ্চিত করতে পারছে না।’

তিনি বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান শিল্পায়নের জন্য নীতিগত সহায়তা দিয়েছিলেন। এখন আমরা কি সেই পথে আছি? আমার মনে হয় না। নীতি সংস্কার হচ্ছে না, ব্যবসায় ধস নামছে।’

তিনি করের অর্থ ব্যবহারে নজরদারির জন্য একটি পৃথক সেল গঠনের প্রস্তাবও দেন। সরকারের আয়-ব্যয়ের ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সরকারের আয়ের চেয়ে ব্যয়ের প্রবণতা বেশি। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।’

আগামী বাজেটে শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কত শতাংশ বরাদ্দ থাকবে, তা স্পষ্টভাবে প্রকাশ করার আহ্বান জানান বিটিএমএ সভাপতি।

অনুষ্ঠানে আইসিএবির সভাপতি এন কে এ মবিন বলেন, ‘আগামী বাজেটের আকার প্রায় ৯ লাখ কোটি টাকা হতে পারে এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় ৬ লাখ কোটি টাকা।’

তিনি বলেন, ‘টেকসই রাজস্ব আহরণের জন্য প্রত্যক্ষ করের ওপর গুরুত্ব বাড়াতে হবে। পাশাপাশি ভ্যাট ও কর ফাঁকি বন্ধ না হলে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন কঠিন হবে।’

মূল প্রবন্ধে আইসিএবির কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ বলেন, ‘জবাবদিহিমূলক আর্থিক কাঠামো গড়ে তুলতে কাগজভিত্তিক হিসাব ব্যবস্থা থেকে বেরিয়ে এসে ডিজিটাল হিসাব ও প্রতিবেদন ব্যবস্থা চালু করা জরুরি। এতে তাৎক্ষণিক আর্থিক প্রতিবেদন, তদারকি বৃদ্ধি এবং কর ফাঁকি ও জালিয়াতি কমানো সম্ভব হবে।’