• ই-পেপার

দীর্ঘ ১১ বছরের অপেক্ষা, নবম পে স্কেলের সিদ্ধান্ত কোন দিকে?

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনলাইন ডেস্ক
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৮ ‍জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ প্রজ্ঞাপনে সই করেছেন।

এতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন ২০২২-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।’

এক্ষেত্রে আরোপিত শর্তগুলো হলো— উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখ, এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন; এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়

অনলাইন ডেস্ক
প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়
সংগৃহীত ছবি

আগামী শিক্ষাবর্ষে (২০২৭) প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বিষয় চালু করতে যাচ্ছে সরকার। এরমধ্যে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে দুটি বিষয় পড়তে হবে চতুর্থ শ্রেণি থেকে। আর ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’।

সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা খাতে সরকারের ১৮০ দিনের কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

আরো পড়ুন
মা-বাবার ভরণপোষণের দায়িত্ব কার, ইসলাম কী বলে

মা-বাবার ভরণপোষণের দায়িত্ব কার, ইসলাম কী বলে

 

নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য কোনো একটি বিষয়ের আওতায় একটি বড় অধ্যায় সংযোজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, ‘আমরা প্রথমত বিদ্যমান শিক্ষাক্রমকে সঠিকভাবে পরিমার্জন করে, বাস্তব সম্মতভাবে এটাকে আমরা রিভাইজ করে এই ২০২৭ সালে দিচ্ছি। আর টোটাল চেইঞ্জ যেটা আশা করছেন, সেটা আমরা কাজ শুরু করেছি। ২০২৮ সালে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন, এখন নয়। কারিকুলাম খুব সুন্দর হচ্ছে এবং চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে।’

এরআগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হওয়ার কথা জানান। তিনি বলেন, ‘১৬ বছরের সব সমস্যা হয়ত এক দিনে এক বছরে সমাধান করা যাবে না। আমরা বিশ্বাস করি, আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। যতটা দ্রুত সম্ভব আমরা প্রয়োজনীয় পরিবর্তন আনব।’

তিনি বলেন, ‘এখানে কারিকুলামের ভেতরে একটি অংশ রয়েছে, যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন, পরিমার্জন করতে হবে। পাশাপাশি নতুন কিছু বিষয় আমরা যুক্ত করছি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইআবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইআবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং কর্মময় জীবন থেকে শিক্ষা ও প্রেরণা নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান|

সোমবার (৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর-উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ভৌগোলিক অবস্থার তাৎপর্য বুঝে এই দেশের জনশক্তিকে মানবসম্পদে পরিণত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো এর জনগণ। তাই তিনি মানবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। কৃষি, শিক্ষা, শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তিনি একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভিত্তি রচনা করেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় কুটনীতির মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে সুপরিচিত করার লক্ষ্যে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দক্ষিণ এশিয়ার দেশসমূহ নিয়ে তিনি সার্ক গঠন করেছিলেন। তাঁর লক্ষ্য ছিল এশিয়ার দেশগুলোর সাথে ভাতৃ-প্রতিম সম্পর্ক তৈরি করা যাতে বাংলাদেশের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক মুক্তি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সুসম্পর্ক বজায়ের মাধ্যমে সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হয়।

তিনি আরো বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নেও জিয়া পরিবারের অবদান বিশেষভাবে স্মরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তাঁর সরকারের সময়ে মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ফাজিল শ্রেণিকে ডিগ্রি এবং কামিলকে মাস্টার্সের সমমান প্রদান করা হয়, যা মাদরাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে অধিকতর সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরই ধারাবহিকতায় বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব শাহীনুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রকল্প পরিচালক প্রফেসর নওসের আলী, উপ-পরিচালক মো. জিয়াউর রহমান।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি
পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. হেমায়েত জাহান
অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সংগৃহীত ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে অধ্যাপক ড. হেমায়েত জাহানের নিয়োগের মেয়াদ হবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যেটি আগে হবে। উপাচার্য হিসেবে তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান দীর্ঘদিন ধরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।