খুঁটি থেকে নতুন সংযোগ দিতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ৩১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অনিতা বর্ধনের বিরুদ্ধে। এতে চরম দুর্ভোগে পড়ে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল। এতে পুরো এলাকা অচলাবস্থার সৃষ্টি হয়। লম্বা সময় বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ না থাকায় বিপাকে পড়েন চালকরাও।

ভুক্তভোগী মোজাম্মেল হক, আব্দুল কাদির, সাইকুল, কামাল, আকলিমা খাতুন, ফাতেমা আক্তারসহ অনেকে বলেন, আব্দুল আলী নামের এক ব্যক্তির ঘরের সামনে বিদ্যুতের খুঁটি থেকে নতুন সংযোগ নিতে চেয়েছিলেন আব্দুল হাদী নামের এক ব্যক্তি। এতে বাধা দেয় আব্দুল আলী। এরপর বিষয়টি অনিতা বর্ধন জানান পর বিদ্যুৎ অফিসের লোক পাঠিয়ে
আশপাশের ৪১টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযোগের বিষয়টি স্বীকার করে ডিজিএম অনিতা বর্ধন বলেন, একটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিতে বাধা দেওয়া হয়েছিল। বিষয়টি সমাধান করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ চালু করে দেওয়া হবে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, বিষয়টি আমি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টা দেখা হবে।