নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে ফেরার পথে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ এবং পরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ মাহবুব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার। পরে ওইদিন রাতেই দুইজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা।
অভিযুক্তরা হলেন মেহেরপাড়া এলাকার পৌলাণপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ হোসেন (৩০) এবং আব্দুল কাদিরের ছেলে মাহবুব।
ভুক্তভোগী জানান, বুধবার রাতে চৈতাব এলাকার একটি টেক্সটাইল মিল থেকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোশাররফ ও মাহবুব তাকে জোরপূর্বক মাহবুবের পৌলাণপুরের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয় এবং ঘটনাটি ভিডিও ধারণ করে কাউকে জানালে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এছাড়া ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর তারা হুমকির মুখে বাধ্য হয়ে টাকা প্রদান করেন এবং পরে বিষয়টি থানায় জানান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে পৌলাণপুর গ্রামের মোশাররফ ও মাহবুবের নাম উল্লেখ করে মাধবদী থানায় অভিযোগ করেছেন।
তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত মাহবুবকে গ্রেপ্তার করেছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’






