• ই-পেপার

জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বিএনপিকর্মীর

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আকিব হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিব হোসেন (৩৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি কোচ চুয়াডাঙ্গার অদূরে ঘোড়ামারা ব্রিজের সংলগ্ন পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আকিব হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকিবকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরো একজন গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরো একজন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মৌলভীবাজার শহরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবু শহিদ (৪২)। তিনি সদর উপজেলার বালিকান্দি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তাকে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১ জুন মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানারসহ বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্লোগান দেয়। এ ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিপু কুমার দাস বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জামগাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি
জামগাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে গাছ থেকে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, পশ্চিম আড়পাড়া গ্রামের বাসিন্দা মো. দোবির হোসেন শেখের মেয়ে ও দুই সন্তানের জননী রুনা বেগম বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ সময় বাড়ির একটি জামগাছে জাম পাড়ার জন্য উঠলে অসাবধানতাবশত একটি ডাল ভেঙে তিনি গাছের নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. কবির সরদার জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রুনা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দিনাজপুরে বজ্রাঘাতে নারীসহ দুজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বজ্রাঘাতে নারীসহ দুজনের মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের সদর ও বিরল উপজেলায় বজ্রাঘাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার চলমান দাবদাহের মধ্যে বিলেল সাড়ে ৫টায় বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুরারিপুর উত্তরপাড়া গ্রামের খতিবুর রহমানের ছেলে মোশারফ হোসেন মশা (৫০) ও বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোপয়ালবাড়ী গ্রামের বশির উদ্দিনের স্ত্রী ফজিলা আক্তার (৩৫)।

সদর উপজেলার মুরারিপুর উত্তর পাড়া গ্রামের শাহীন হোসেন জানান, প্রচণ্ড দাবদাহের মধ্যে বিকেলে বৃষ্টি শুরু হলে মোশারফ হোসেন মশা মাঠে শুকাতে দেওয়া ইরি বোরোর খড় তুলতে যান। এ সময় বজ্রপাতের সৃষ্টি হয়। এতে মোশারফ হোসেন ঝলসে গিয়ে ঘটনা স্থলেই মারা যান। এ সময় সুলতানা রাজিয়া (৪০) নামে এক গৃহবধূ ঝলসে যান। তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুর নবী ও হাসাপাতালের ওয়ার্ড মাস্টার মাসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে একই সময় বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালবাড়ী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ফজিলা আক্তার শুকাতে দেওয়া খড় তুলতে গেলে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

বিরল থানার ওসি আল ইমরান বজ্রাঘাতে একজন মারা যাওয়ার বিসয়টি নিশ্চিত করেছেন।