বর্ষীয়ান রাজনীতিবিদ, উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় ভোলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ভোলার কোড়ালিয়া গ্রামের নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের একমাত্র জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউনুসসহ পরিবারের সদস্য ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, ‘তোফায়েল আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ভোলার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। জীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমা করেন এবং তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন।’
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে তিনি মারা যান। ওই দিন সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় আনা হয়। পরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং নিজ বাড়ি কোড়ালিয়ায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।




