• ই-পেপার

বরগুনা

বরগুনার জেলা পরিষদের ডাকবাংলোর কক্ষে ২ শিশুকন্যাসহ নারীর লাশ

নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র এবং সাফওয়ান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দুই ভাই তাদের নানা তাজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা নানাবাড়ির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে যেতে শুরু করলে অন্য ভাই তাকে উদ্ধার করতে এগিয়ে যায়। এসময় দুজনই পানিতে ডুবে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কর্ণফুলীতে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৫

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৫
সংগৃহীত ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় চুলার ধোঁয়া নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত ইব্রাহিম (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার মৃত্যুর পর এ ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়। তিনি উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিকলবাহা এলাকার তালতলা গ্রামের বাসিন্দা এবং মৃত ইয়াকুবের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিমের পরিবারের সঙ্গে প্রতিবেশী আলী আজগরের পরিবারের দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৩ মে সকালে ইব্রাহিমের রান্নাঘরের চুলার ধোঁয়া প্রতিবেশীর ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইব্রাহিম গুরুতর আহত হন। হামলায় তার স্ত্রীও আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্বজনরা আহত ইব্রাহিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের ছেলে মো. তহিদুল ইসলাম আজাদ বাদী হয়ে ২৫ এপ্রিল কর্ণফুলী থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ আলী আজগর (৫০), তার স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৩), ছেলে আশ্রাফ আলী (২৫), তারেকুল ইসলাম তুষার (২৭) এবং নিশাত (২৮) নামে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নিশাত জামিনে মুক্তি পেলেও অন্য আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন।

নিহতের ছেলে মো. তহিদুল ইসলাম আজাদ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাবার ওপর হামলা চালানো হয়েছে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন। আমরা জড়িত সব আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ‘আলী আজগরের পরিবার এলাকায় বিভিন্ন সময় নানা বিরোধে জড়িয়েছে। তাদের বিরুদ্ধে স্থানীয়দের একাধিক অভিযোগ রয়েছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই মো. আশিক হায়দার বাকী বলেন, ‘আহত ব্যক্তির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’

নবীনগরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
নবীনগরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে মাদক ব্যবসা করার অভিযোগে সালিস বৈঠকে মধ্যযুগীয় কায়দায় এক ব্যক্তিকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

নির্যাতনের শিকার হবি মিয়া (৪০) নারুই গ্রামের মৃত রহমতের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারুই গ্রামের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুপুরে নারুই বাজারে সালিস বৈঠকে বসে এলাকার মাদক নির্মূল কমিটি। বৈঠকে মাদক ব্যবসা করার অভিযোগ এনে হবি মিয়াকে হাজির করে তার ওপর নির্যাতন চালানো হয়। হবির মা ও তার স্ত্রীর সামনে চলে এ নির্যাতন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির হাত-পা বেঁধে স্থানীয় সর্দারদের নির্দেশে তার ওপর একের পর এক লাঠি দিয়ে তার পায়ের তালুতে সজোরে আঘাত করছেন। সে সময় ওই মাদক বিক্রেতা ব্যথায় চিৎকার করছেন।

আরো পড়ুন
আবারও মা হলেন বুবলী?

আবারও মা হলেন বুবলী?

 

এ সময় সেখানে উপস্থিত শতাধিক মানুষ চেয়ারে বসে ও দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন এবং অনেককে মুঠোফোনে তা রেকর্ডও করতে দেখা যায়।

এ ভিডিও শেয়ার করে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। এ ভিডিও শেয়ার করে সাংবাদিক রুহুল আমিন রিপন, ‘এমপিরা ইয়াবা ব্যবসা করে। বড় বড় নেতারা ইয়াবা নিয়ন্ত্রণ করে। পুলিশ তাদের কাছে মাসোহারা নেয়। মাঝেমধ্যে যদিও গ্রেপ্তারও করে, পরে আদালত ছেড়ে দেন। প্রশ্ন হলো, আমার মতো মানুষের মুক্তির, মাদক থেকে বাচার উপায় কী? রাষ্ট্র ব্যর্থ তাই এমন পরিস্থিতি বাড়বে।’   

ওবায়দুর রহমান বাদল নামের স্থানীয় এক অনলাইন অ্যাক্টিভিস্ট মন্তব্য করেছেন, ‘বেশ ভালো করেছেন। যারা পেটাচ্ছে তাদের সাধুবাদ জানাই। পুলিশ ঠিকভাবে দায়িত্ব পালন না করলে, এভাবেই মাদক দূর করতে হবে। আর এ কারণেই নবীনগর পূর্বের যেকোনো সময়ের তুলনায় এখন ভালো আছে।’

অন্যদিকে মানিক হায়দার এ রকম জঘন্য দৃশ্য দেখে লিখেছেন, ‘কেউ অপরাধী হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা করতে হবে। তাই আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো  উচিত হবে না। গ্রামের সর্দারের নামে জালেমরা অসহায় মানুষকে নির্যাতন করতে জানে ঠিকই, কিন্তু সঠিক বিচার করতে জানে না।  এসব কথিত সর্দারকে তাই দ্রুত বিচারের আওতায় আনা উচিত।'

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোর্শেদ আলম চৌধুরী এ প্রতিবেদককে বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানার পরপরই সেখানে একজন এসআইকে পাঠানো হয়েছে। সেখান থেকে ভিক্টিমকে উদ্ধারসহ সংশ্লিষ্টদের ধরে নিয়ে আসতে পুলিশকে নির্দেশনাও দেওয়া হয়েছে। পুলিশ সেখান থেকে ফিরে আসার পরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

আরো পড়ুন
দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত মানুষের ঢল, সংকটে ইউএনআরডব্লিউএ আশ্রয়কেন্দ্র

দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত মানুষের ঢল, সংকটে ইউএনআরডব্লিউএ আশ্রয়কেন্দ্র

 

ওসি আরো জানান, কেউ নির্দয়ভাবে মাদক বিক্রেতাসহ কোনো ব্যক্তিকেই প্রকাশ্যে এভাবে হাত-পা বেঁধে পেটানোর মতো জঘন্য কাজ করতে পারে না।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক   বলেন, ‘পুলিশকে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’

কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্যসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আহমদ গনি চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

আহমদ গনি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।