‘আমার বুক যারা খালি করেছে, আমার পুতেরে যারা খুন করেছে তাগর ফাঁসি চাই।’ রবিবার (১৪ জুন) দুপুর ১টায় ময়মনসিংহের গফরগাঁও প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে নিহত কলেজছাত্র আশরাফুল আলম রবিনের (নাহিয়ান রবিন) বাবা এসব কথা বলেন।
মানববন্ধনে নিহত রবিনের মা শান্তা বেগম বলেন, ‘আমি কি লইয়া বাঁচবাম, কেডা আমারে মা ডাকব? আমার বাবারে যারা মারছে আমি তাগর ফাঁসি চাই।’
সাবেক কাউন্সিলর আলাল উদ্দিন সুলতান বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে গফরগাঁওয়ের আইনশৃঙ্খলার চরম অবনতি হতে পারে।’
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, কলেজছাত্র রবিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাজীব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে আনা হয়েছে।
ওসি বলেন, গ্রেপ্তার রাজীবের বাসায় রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ৮ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মাজার বাড়ি সড়কে কলেজছাত্র আশরাফুল আলম রবিন জন্মদিন পালন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিন মারা যায়।
মানববন্ধনে নিহত রবিনের বন্ধু, পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনের পর বিক্ষোভ করেন তারা।





