• ই-পেপার

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা

পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
ছবি: কালের কণ্ঠ

‘রোড ডিভাইডারে গাছ লাগাই সবুজে সাজাই শহর সবাই’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে তেজগাঁও বিএসটিআই ও আমাদের সময়ের মাঝখানের সড়ক বিভাজকে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনটি দেশব্যপী বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। 

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান ও আমাদের সময়ের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি রণজিৎ সরকার, আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম, অনলাইন ইন চার্জ বিপুল হাসান, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ ক্বাফী, গ্রিন কনসান’স ফাউন্ডেশনের সদস্য কবি ও সাংবাদিক গিরীশ গৈরিক, এমিলিয়া খানম, লাবণ্য লিপি, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজান মোল্লাসহ সংগঠনের সদস্যবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক সহযোগিতা করেছে শিকদার এন্টারপ্রাইজের কর্ণধার আমিনুল ইসলাম প্রমুখ।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে আমাদের সময়ের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘পৃথিবীর ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য করতে হলে পরিবেশের বিকল্পনা নাই। যেহেতু এই পৃথিবী দিন দিন উষ্ণ হয়ে উঠছে। আজ থেকে ১০ বছর আগে এই দেশে গড় তাপমাত্রা কত ছিল? এখন কত? বিষয়গুলো সবাইকে অনুধাবন করতে হবে। বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষ রোপণের বিকল্প নাই। আমরা আজকে এখানে নীম গাছ রোপণ করলাম। প্রশ্ন আসতে পারে নীম গাছ কেন? কারণ নীম গাছ বেশি অক্সিজেন ত্যাগ করে এবং বেশি করে কার্বণডাইঅক্সাইড গ্রহণ করে যা আমাদের জন্য অত্যান্ত তাৎপর্যপূর্ণ। এটা  নাগরিকদের স্বস্তি দেবে। সবুজ পৃথিবী গড়তে প্রত্যেকের অন্তত একটা করে গাছ লাগানো উচিত। বর্তমান সরকার পরিবেশের বিষয়টাকে অত্যান্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা জুড়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার।’ 

গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, ‘সমগ্র পৃথিবীব্যাপী উষ্ণায়ন পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় বেশি বেশি গাছ লাগাতে হবে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসকে ঘিরে আজ গ্রিন কনসান’স ফাউন্ডেশনের পক্ষ থেকে তেজগাঁও এলাকায় রোড ডিভাইডারের মাঝখানে গাছ লাগানো হলো। আমরা এখানে অনেকগুলো নীম গাছের চারা রোপন করেছি। এটা একটা ঔষুধিগাছ আপনারা জানেন নীম গাছ খুবই উপকারী একটি গাছ। এটি মানুষের রূপচর্চা থেকে শুরু করে স্বাস্থ্যচর্চায় বিভিন্ন উপকারী হিসাবে ব্যহৃত হয়। আসুন সবাই একটি করে হলেও গাছ লাগাই। সবুজে ভরে উঠুক সারা পৃথিবী।’

গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের সেক্রেটারি রণজিৎ সরকার বলেন, ‘আজ আমরা একটি সুন্দর ও মানবিক উদ্যোগ নিয়ে একত্রিত হয়েছি— সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচি। একটি গাছ শুধু পরিবেশ সুন্দর করে না, এটি আমাদের জীবন রক্ষা করে, বিশুদ্ধ অক্সিজেন দেয়, তাপমাত্রা কমায় এবং শহরকে বাসযোগ্য করে তোলে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তীব্র গরম, বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয় আমাদের বড় চ্যালেঞ্জ। তাই শুধু আলোচনা নয়, এখন প্রয়োজন বাস্তব উদ্যোগ। পরিবেশ রক্ষায় দায়িত্ব শুধু সরকারের নয়; নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম এবং সচেতন প্রতিটি মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া টেকসই সবুজ নগর গড়ে তোলা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘ডিভাইডারে রোপিত প্রতিটি চারা হবে দূষণের বিরুদ্ধে একেকটি প্রতিবাদ, উষ্ণতার বিরুদ্ধে একেকটি প্রতিরোধ এবং জীবনের পক্ষে একেকটি সবুজ ঘোষণা। শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষ সংরক্ষণেও সমানভাবে দায়িত্বশীল হবো। কারণ প্রকৃতিকে রক্ষা করা মানে মানবসভ্যতার অস্তিত্ব রক্ষা করা।’

গ্রিন কনসান’স ফাউন্ডেশনের সদস্য কবি ও সাংবাদিক গিরীশ গৈরিক বলেন, ‘পরিবেশ দিবস উপলক্ষে আমরা সারা দেশব্যাপী গাছ লাগাতে চাই। এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের যাত্রা শুরু হলো। সরকারের সবুজায়নের উদ্যোগকে শক্তিশালী করতে গ্রিন কনসান সহায়ক শক্তি হিসাবে কাজ করবে।’

স্থানীয়দের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ জরুরি

নিজস্ব প্রতিবেদক
স্থানীয়দের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ জরুরি
সংগৃহীত ছবি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, বর্তমানে পৃথিবী ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি। বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ বাংলাদেশ। পরিবেশ উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও তা বেশির ভাগ প্রকল্পভিত্তিক ও দীর্ঘমেয়াদি নয়। ফলে অধিকাংশ ক্ষেত্রেই এর সুফল জনগণ পায় না। স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয় জনগণের মতামত নিয়ে পরিকল্পনা ও নীতিমালা গ্রহণ করা হলে পরিবেশ সুরক্ষায় টেকসই ফলাফল অর্জন সম্ভব। এ জন্য সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কমিউনিটি, বেসরকারি সংগঠন, পরিবার, নারী, শিশু, তরুণসমাজের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন
বীরগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বীরগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

 

বৃহস্পতিবার (৪ জুন) চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডাব্লিউএফ), ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডাব্লিউবি) এবং ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভায় সভাপতিত্ব করেন ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী। 

একই সংগঠনের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য আনিছুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আকতার মাহমুদ, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডাব্লিউএফ)-এর চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মেজবাহ্ সুমন।

আলোচনায় অংশ নিয়ে এমপি আনিছুর রহমান বলেন, পরিবেশ উন্নয়নে ইতোমধ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জলাবদ্ধতা নিরসন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা, নগরের সবুজায়ন, মাঠ পার্ক সংরক্ষণে বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিল্প-কারখানায় বর্জ্য অপসারণ, নদী দখলমুক্তকরণ, নদী ভাঙ্গন প্রতিহত করা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জলাশয় সংরক্ষণে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার টেকসই অবকাঠামো গঠন, পরিকল্পনা ও বিনিয়োগের ওপরও গুরুত্ব দিচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মের জন্য টেকসই বাংলাদেশ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ড. আকতার মাহমুদ বলেন, জলবায়ু বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জনগণ শহরমুখী হচ্ছে। আমরা উন্নয়নের যথার্থ দর্শন বিবেচনায় না নিয়ে তথাকথিত উন্নয়নের নামে ফিক্সড গ্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক দালান নির্মাণ করছি। মাঠ-পার্ক-জলাধার দখল ভরাট করে ফেলছি। ফলে শহরের জলাবদ্ধতা, তাপমাত্রা বৃদ্ধিসহ নানা জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশগত বিপর্যয় আমাদের দীর্ঘদিনের অবহেলা ও ব্যর্থতারই সামগ্রিক চিত্র। যে উন্নয়ন হয়ে গেছে তা পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু এর নেতিবাচক প্রভাব প্রশমিত করার লক্ষ্যে সবুজায়ন, গণপরিসর, জলাধার বৃদ্ধির উদ্যোগ গ্রহণ জরুরি।

আরো পড়ুন
‘পুনরায় পরীক্ষা দেয়ার সাহস নেই’ লিখে ছাত্রীর আত্মহনন

‘পুনরায় পরীক্ষা দেয়ার সাহস নেই’ লিখে ছাত্রীর আত্মহনন

 

সভাপতির বক্তব্যে গাউস পিয়ারী বলেন, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের পাশাপাশি আইন লঙ্ঘনের জবাবদিহিতাও নিশ্চিত করা জরুরি। শহরমুখী পরিকল্পনা থেকে বের হয়ে এসে বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তন কেবলমাত্র পরিবেশগত বিষয় নয় বরং স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, অর্থনীতি সর্বোপরি টেকসই উন্নয়নের সাথে গভীরভাবে সম্পর্কিত। স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

চরম ঝুঁকিপূর্ণ ২৭টি

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডের মধ্যে ৬৩টিই ডেঙ্গু ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডের মধ্যে ৬৩টিই ডেঙ্গু ঝুঁকিতে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য সবচেয়ে বেশি বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ডিএসসিসির নগর ভবন মিলনায়তনে আয়োজিত ‘বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

জরিপের সারসংক্ষেপ ও লার্ভার উৎস :

ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনায় ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন কর্মীর মাধ্যমে গত ১২ থেকে ২৩ মে পর্যন্ত এই জরিপ চালানো হয়। আধুনিক ‘কবো টুলবক্স’ (KoboToolbox) প্রযুক্তির মাধ্যমে ২ হাজার ২৫০টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হয়।

লার্ভার উপস্থিতি : পরিদর্শন করা বাড়ির মধ্যে ২৮১টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে।

স্থাপনার ধরন : বহুতল ভবনে সর্বোচ্চ ৩৫.২৩%, স্বতন্ত্র বা একক বাড়িতে ২৭.৭৬%, নির্মাণাধীন ভবনে ১৭.৪৪% এবং সেমিপাকা বাড়িতে ১৪.৫৯% লার্ভা শনাক্ত হয়েছে।

পানির উৎস : মেঝেতে জমে থাকা পানিতে ১২.২৬%, বালতিতে ১০.৩৪% এবং প্লাস্টিকের ড্রামে ৮.৮৯% এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া গেছে।

ঝুঁকি মোকাবেলায় বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম ও কর্মসূচি :

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, এই জরিপের ওপর ভিত্তি করে আগামী ৭ জুন থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২৭টি ওয়ার্ডে স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ৫ দিনব্যাপী ‘বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম’ চালানো হবে। পরবর্তী সপ্তাহে মাঝারি ঝুঁকিপূর্ণ ৩৬টি ওয়ার্ডেও একই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া আগামী ৬ জুন ধানমণ্ডির রবীন্দ্রসরোবর থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়েছে, যা পরবর্তীতে অন্যান্য এলাকাতেও হবে।

আবদুস সালাম বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখা এবং প্রতি ৩ দিন অন্তর জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তুলতে হবে।

বৃক্ষ নিধন পর্যবেক্ষণব্যবস্থা গড়ে তোলার আহ্বান পরিবেশ বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক
বৃক্ষ নিধন পর্যবেক্ষণব্যবস্থা গড়ে তোলার আহ্বান পরিবেশ বিশেষজ্ঞদের
ছবি : কালের কণ্ঠ

জাতীয় বন ও বৃক্ষ নিধন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তারা বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে গাছ কাটা ও বন উজাড়ের ঘটনা ঘটছে। উন্নয়ন প্রকল্প, নগরায়ণ, শিল্পায়ন, অবকাঠামো নির্মাণ, কৃষিজমির সম্প্রসারণ এবং কাঠ ও জ্বালানির ক্রমবর্ধমান চাহিদার কারণে বনভূমি ও বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। ফলে দেশের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর মিলনায়তনে ‘গাছ নিধন মিডিয়া মনিটরিং ও অনুসন্ধানী প্রতিবেদন-২০২৬’ প্রকাশ অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি), গ্রিন ভয়েস, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, ব্রাইটার্স এবং ন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিআরসির কোষাধ্যক্ষ ও গবেষক দলের উপদেষ্টা সদস্য আমিনুর রসুল বাবুল।

আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস, গ্রিন সেভারসের প্রতিষ্ঠাতা এহসান রনি, কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সানইয়াত, জলবায়ু গবেষক আসিফ মাহমুদ চৌধুরী, ব্রাইটার্সের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান সিয়াম, আরডিআরসি’র গবেষক শুভাষীস দাস শুভ, ক্লাইমেট অ্যাকশন ফোরামের শাকিল আহমেদ, গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক ফাহমিদা নাজনীন প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে আমিনুর রসুল বলেন, ‘২০২৫ সালের মে থেকে ২৬ সালের এপ্রিল পর্যন্ত এক বছরে দেশে মোট ৫২ হাজার ৩৭৫টি বৃক্ষ নিধনের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা ২০২৪-২৫ বছরের তুলনায় ৭১.২ শতাংশ কম। এর মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ২৩ হাজার ৪১টি ও কক্সবাজারে ১১ হাজার জেলায় দ্বিতীয় সর্বোচ্চ বৃক্ষ নিধনের তথ্য পাওয়া গেছে। বৃক্ষ নিধন কমাতে ৯ দফা সুপারিশ তুলে ধরে তিনি বলেন, বন আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জাতীয় বন ও বৃক্ষনিধন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। টেকসই কৃষি ও কৃষিবনায়ন সম্প্রসারণ করতে হবে। নগর পরিকল্পনায় সবুজ অবকাঠামো অন্তর্ভুক্ত করতে হবে। ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। পরিবেশ শিক্ষা জোরদার করতে হবে। বনের উপর আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে। বিকল্প জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে।’

অনুষ্ঠানে ড. মো. লুৎফর রহমান বলেন, ‘বৃক্ষনিধন ও বন উজাড়ের কারণে মাটিক্ষয়, ভূমিধস, জীববৈচিত্র্যের ধ্বংস, প্রাকৃতিক আবাসস্থল নষ্ট এবং পরিবেশগত অবক্ষয় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বনভূমি সংকুচিত হওয়ায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে, যা দেশের বিপুল জনগোষ্ঠীকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ বিষয়ে জনসচেতনতা বাড়ছে এবং এক বছরে বৃক্ষনিধন ৭১ শতাংশ কমেছে। সরকার বৃক্ষনিধন বন্ধের পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে।’

বৃক্ষনিধন বন্ধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মো. জিয়াউল হক বলেন, ‘বৃক্ষনিধন বন্ধসহ পরিবেশ সুরক্ষায় আইন ও নীতিমালা থাকলেও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বন ও বৃক্ষ সংরক্ষণ আইন কার্যকর করা গেলে বৃক্ষনিধন অনেকটাই কমে আসবে।’ পরিবেশগত অপরাধ দমনে ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃক্ষরোপণের পাশাপাশি তা সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মোস্তফা কামাল মজুমদার বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে কোথায় কোন গাছ লাগাতে হবে, সেটাও বিবেচনায় নিতে হবে।’ পরিবেশ আদালত আইনসহ সব আইন ও নীতিমালা কার্যকর করার আহ্বান জানান তিনি।

আরডিআরসি’র গবেষক শুভাষীস দাস শুভ জানান, আরডিআরসি ২০২৩ সাল থেকে দেশে  বৃক্ষনিধন ও বন উজাড় নিয়ে ধারাবাহিক গবেষণা ও মিডিয়া মনিটরিং রিপোর্ট করে আসছে। তারই ধারাবাহিকতায় গত এক বছরে বাংলাদেশে সংঘটিত বৃক্ষনিধন ও বন উজাড়ের চিত্র তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়।