• ই-পেপার

৮ শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা

স্বেচ্ছা রক্তদাতারা মূলত সৎকর্মেরই চর্চা করছেন : জাবি উপাচার্য

ফ্যামিলি কার্ড অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক
ফ্যামিলি কার্ড অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা
ছবি: কালের কণ্ঠ

ফ্যামিলি কার্ড প্রতিটি অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম৷ বুধবার (১৭ জুন) কেরানীগঞ্জের রুহিতপুর উপজেলা পরিষদ মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি৷ 

ডিসি ফরিদা বলেন, বর্তমান সরকারের অন্যতম দূরদর্শী অঙ্গীকার হলো— ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সমাজের প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় নিয়ে আসা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, বর্তমানে দেশে ২৩টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড এই বিচ্ছিন্ন সেবাগুলোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসার ভিত্তি তৈরি করছে। এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা আর কেবল অনুদানভিত্তিক ব্যবস্থা নয়, বরং নাগরিকের ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে। 

বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রধান অগ্রাধিকার : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রধান অগ্রাধিকার : আবদুস সালাম
বুধবার ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান হস্তান্তর করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান থাকলেও বর্তমানে দ্রুত বর্জ্য অপসারণই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার (১৭ জুন) নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ডিএসসিসির মোট ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান হস্তান্তর করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশনের সবচেয়ে কঠিন ও কষ্টসাধ্য কাজটি করেন পরিচ্ছন্নতাকর্মীরা। নাগরিকদের সচেতনতা ও পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দুই বছরের মধ্যে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব।’ তিনি পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

​বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মো. আবদুস সালাম বলেন, ‘ওয়ার্ডভিত্তিক টেন্ডারের মাধ্যমে পরিচালিত বর্জ্য সংগ্রহ ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও নির্ধারিত সময়ে ময়লা তোলা হচ্ছে না, আবার কোথাও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আগামী বছর বর্তমান ব্যবস্থা বহাল থাকবে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জনগণ কাঙ্ক্ষিত সেবা না পেলে প্রয়োজনে নতুন ব্যবস্থা চালু করা হবে।’

​এবারের ঈদুল আজহায় স্বল্প সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করায় পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রশাসক বলেন, দ্রুত বর্জ্য অপসারণের ফলে এবার নগরবাসী দুর্গন্ধ থেকে রেহাই পেয়েছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

​পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করার আশ্বাস দিয়ে প্রশাসক জানান, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ইতিমধ্যে এক হাজার পরিচ্ছন্নতাকর্মীকে ‘হেলথ কার্ড’ দেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে ছয় হাজারে উন্নীত করা হবে। এ ছাড়া আর্থিক সংকটের কারণে কোনো পরিচ্ছন্নতাকর্মীর সন্তান যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সিটি করপোরেশন সহযোগিতা করবে বলেও ঘোষণা দেন তিনি।

​সবশেষে তিনি বলেন, ‘পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও দায়িত্ব। সবাই মিলে কাজ করলে রাজধানীকে আরো পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।’

​অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সংগৃহীত ছবি

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। তিনি ঢাকার শ্যামপুর করিমুল্লাহ বাগ এলাকার থাকতেন। তার বাবার নাম শফিকুল ইসলাম মাসুদ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, গুরতর আহত অবস্থায় পাপনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর পাপনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমন আহমেদ জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপরে চিৎকার শুনে লোকজন দৌড়ে যাচ্ছিলেন, সে সময়ে আমরা কয়েক জন, ব্রিজের নিচে ছিলাম। পরে আমরাও সেখানে যাই। সেখানে দেখতে পাই, লোকটি রক্তাক্ত অবস্থা পরে আছেন। তার পাশে একজন মেয়ে ছিলেন। পাশে ছিল একটি মোটরসাইকেল। তারা দুজন মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। আরেকটি মোটরসাইকেলের কয়েকজন তাদের পথরোধ করে।

তিনি আরো জানান, তারা চিৎকার দিলে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কে বা কারা কি কারণে, তাকে ছুরিকাঘাত করেছে, না কোন ছিনতাইয়ের উদ্দেশ্যে মেরেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। 

গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

অনলাইন ডেস্ক
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গমের দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। 

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।