• ই-পেপার

বিদ্যুৎ বিতরণে শহর-গ্রামের বৈষম্য দূর করার দাবি ক্যাবের

পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে বলা হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপক্ষীয় সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত।

সভায় মন্ত্রিসভার সদস্যরা ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

তামাকপণ্যে সুনির্দিষ্ট কর আরোপের তাগিদ বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক
তামাকপণ্যে সুনির্দিষ্ট কর আরোপের তাগিদ বিশেষজ্ঞদের
সংগৃহীত ছবি

জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধি—উভয় লক্ষ্য অর্জনে আগামী অর্থবছরের বাজেটে তামাকজাত দ্রব্যের ওপর উচ্চ হারে ‘সুনির্দিষ্ট কর’ আরোপের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দীর্ঘদিন ধরেই এই কর ব্যবস্থার সুপারিশ করে আসছে। বাংলাদেশেও প্রচলিত অ্যাড ভ্যালোরেম (মূল্যভিত্তিক) কর পদ্ধতির পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ‘সুনির্দিষ্ট কর’ চালু করা জরুরি।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) এবং বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ‘তামাক কর ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যে এর প্রভাব’ শীর্ষক এই আলোচনা সভাটি অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হকের সভাপতিত্বে ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবেক চেয়ারম্যান আমিন উল আহসান, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সাবেক সমন্বয়কারী হোসেন আলী খন্দকার এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আব্দুল্লাহ দেশের বর্তমান তামাক কর কাঠামোর বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন এবং কর ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, তামাকপণ্যের ওপর কার্যকর কর আরোপ শুধু রাজস্ব বাড়ানোর বিষয় নয়; এটি জনস্বাস্থ্য সুরক্ষারও একটি গুরুত্বপূর্ণ উপায়। তাই আগামী বাজেটে তামাক কর ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

ওয়েবিনারে বক্তারা দেশের তামাক কর প্রশাসনের অন্যতম বড় দুর্বলতা হিসেবে জর্দা ও গুলের মতো ধোঁয়াবিহীন তামাকপণ্যের ওপর কার্যকর কর আদায় পদ্ধতির অভাবকে চিহ্নিত করেন। তারা বলেন, দেশে জর্দা ও গুলের ব্যবহার সবচেয়ে বেশি হলেও এগুলো থেকে আদায় হওয়া করের পরিমাণ খুবই কম। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যও ব্যাহত হচ্ছে। ধোঁয়াবিহীন তামাকের কর ব্যবস্থায় আধুনিক ও কার্যকর পদ্ধতি চালু করা গেলে রাজস্ব বৃদ্ধি ও তামাকের ব্যবহার কমানো—উভয়ই সম্ভব।

তামাক কোম্পানিগুলোর ভূমিকার সমালোচনা করে বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো নীতি নির্ধারণে হস্তক্ষেপ করতে এবং নিজেদের ব্যবসা বাড়াতে বিভিন্ন সময় নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। সম্প্রতি তারা অবৈধ ব্যবসা ও চোরাচালান বৃদ্ধির তত্ত্ব নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে, যা জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশ্বাস করানোর চেষ্টা করা হচ্ছে। তবে দেশের কোনো গবেষণাতেই এই দাবির সত্যতা পাওয়া যায়নি।

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কম্পানির এমন মিথ্যাচারে কর্ণপাত না করে সরকারকে অবিলম্বে সুনির্দিষ্ট কর আরোপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা।

জাতিসংঘে দায়িত্ব পালন

পদ ছাড়ছেন না পররাষ্ট্রমন্ত্রী, নজির দেখালেন হুমায়ুন রশীদের

অনলাইন ডেস্ক
পদ ছাড়ছেন না পররাষ্ট্রমন্ত্রী, নজির দেখালেন হুমায়ুন রশীদের

মন্ত্রিত্ব ধরে রেখে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কি এই (পররাষ্ট্রমন্ত্রীর) দায়িত্ব ছেড়ে দেব? প্রশ্নটা কি সেটাই? এত তাড়াহুড়া করবেন না। এর (একসঙ্গে দুই দায়িত্ব পালনের) নজির আছে।’ 

১৯৮৬-৮৭ মেয়াদে ইউএনজিএ সভাপতি নির্বাচিত হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ তুলে ধরে ড. খলিলুর বলেন, ‘হুমায়ুন রশীদ চৌধুরী সাহেব আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তার একান্ত সচিব ছিলাম এবং তার সঙ্গে কাজ করেছি। তিনি দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। ওই সময়টা ছিল ইন্টারনেটপূর্ব যুগ। কিন্তু আজ আপনি নিরবচ্ছিন্নভাবে দুটো কাজই একসঙ্গে করতে পারেন। এটা এখন খুব স্বাভাবিক।’

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির বিজয় বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করেন খলিলুর রহমান।

তিনি বলেন, ‘এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় প্রধানমন্ত্রীর। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে, অবিচলভাবে ও বিরোধহীনভাবে আমাদের সমর্থন না করতেন, তাহলে ১০ বছরের এই রাস্তা ১০ সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। এই বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি।’ 

গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হন ড. খলিলুর। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে তিনি এক বছরের জন্য এই পদে নির্বাচিত হন।

তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস
ছবি : এআই দিয়ে তৈরি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
 
এই আবহাওয়াবিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। 

রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপলগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবুল কালাম মল্লিক জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
 
রোববার (৭ জুন) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সেঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।