• ই-পেপার

বিশ্বকাপ দল ঘোষণার আগে ব্রাজিলে নেইমার ঝড়

ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু

ফেনী প্রতিনিধি
ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু
ছবি : কালের কণ্ঠ

ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সংগঠক হিসেবে দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে।

ক্রীড়া সংগঠক হিসেবে মাঠ পর্যায়ে বেশ সরব উপস্থিতি থাকলেও বিগত সময়ে বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার কোনো কমিটিতে স্থান পাননি তিনি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।

শরিফুল ইসলাম অপুর খেলোয়াড়ি জীবন শুরু হয় ডাক্তারপাড়া ক্লাবের মাধ্যমে। পরবর্তী সময়ে ফেনী সরকারি পাইলট হাই স্কুল ক্রিকেট দলের সদস্য হিসেবে নজরে আসেন। ২০০৪ সালে পাইলট হাই স্কুল জাতীয় স্কুল-মাদরাসা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শরিফুল ইসলাম অপু। পরবর্তী সময়ে ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ ফেনী জেলা দলের হয়ে ফাস্ট বোলার হিসেবে প্রতিনিধিত্ব করেন।

২০০৬ সালে সোনাগাজীতে একটি টুর্নামেন্টে খেলতে গিয়ে ডান হাত ভাঙলে অল্প বয়সেই তার খেলোয়াড়ি জীবন থেমে যায়। পরবর্তী সময়ে সংগঠক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। 

সাংগঠনিক জীবনে ২০০৯ সালে তিনি ফেনীর মেধাবী খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ‘ক্রিকেট ইনস্টিটিউট’ নামে একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলেন। তার হাত ধরেই ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব ও ক্রিকেট ইনস্টিটিউট থেকে জাতীয় দলের ফেনীর একমাত্র ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন উঠে আসেন। ২০১০ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিবন্ধিত আম্পায়ারের তালিকায়ও যুক্ত হন তিনি।

শরিফুল ইসলাম অপুর উদ্যোগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিন বছর ‘এফপিএল’ নামের একটি জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজন হয়, যা ফেনীর ক্রিকেটে নতুন জাগরণ সৃষ্টি করে। 

এসব আয়োজনে দেশ বরেণ্য ব্যক্তিত্ব বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, জাতীয় ক্রীড়া সংগঠক বর্তমান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল,বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) ওয়ালীউল্লাহ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের মতো তারকাদের সম্পৃক্ত করে ফেনীর ক্রীড়াপ্রেমীদের চমকে দেন তিনিসহ তার সহকর্মীরা ।

এফপিএল সংগঠনের মাধ্যমে ২০১১ সালে সারা দেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে স্কুল ক্রিকেট আয়োজন করেন শরিফুল ইসলাম অপু। যেখান থেকে বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড় উঠে আসে। ২০১৪ সালে ফেনীর বিভিন্ন ক্লাবের যুব খেলোয়াড়দের নিয়ে ‘এফপিএল টি-২০’ নামক আরো একটি টুর্নামেন্ট আয়োজন করেন। যেখান থেকে বেশ কয়েকজন উদীয়মান খেলোয়াড় উঠে আসে।

এর মধ্যে সবচেয়ে প্রশংসিত হয় কিন্ডারগার্টেনের ছোট শিশুদের নিয়ে ‘এফপিএল ফিউচার ক্রিকেট উৎসব’ আয়োজন। যা অভিভাবকদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন খেলোয়াড় তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে। 
 

পিছিয়ে গেল ফেডারেশন কাপ ফাইনাল, কিংস অ্যারেনাতেই হবে ম্যাচ

ক্রীড়া ডেস্ক
পিছিয়ে গেল ফেডারেশন কাপ ফাইনাল, কিংস অ্যারেনাতেই হবে ম্যাচ

ফেডারেশন কাপ ফাইনালকে ঘিরে সোমবার সারাদিন চলে উত্তেজনা ও নাটক। শেষ পর্যন্ত ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিল বাফুফে। 

বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’-এর ফাইনাল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় হওয়ার কথা ছিল। 

আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’ এর ফাইনাল ম্যাচটি আজ ১৯ মে ২০২৬ তারিখ বিকাল ৫:৩০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। 

বিজ্ঞপ্তিতে বাফুফে আরো জানিয়েছে, ম্যাচটি আগামীকাল বুধবার, ২০ মে ২০২৬ তারিখ একই সময়ে বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে, ফাইনালের ভেন্যু নিয়েই মূলত উত্তেজনা তৈরি হয়। মোহামেডানের পক্ষ থেকে জানানো হয়, কিংস অ্যারেনায় খেলতে তাদের আপত্তি আছে। এরপর এক চিঠিতে মোহামেডানকে ট্রফি দিয়ে দিতে বলে কিংস। 

বিশ্বকাপ দল ঘোষণায় ৩০ বছর পর এমন নজির দেখাল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ দল ঘোষণায় ৩০ বছর পর এমন নজির দেখাল ব্রাজিল

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। এবারের দলে সবচেয়ে বেশি চারজন ফুটবলার জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে। তিন দশক পর বিশ্বকাপের ব্রাজিল দলে এমন দৃশ্য দেখা গেল।

সর্বশেষ ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে চারজন ফুটবলার সুযোগ পেয়েছিলেন। সেই দলে ছিলেন গোলরক্ষক জেত্তি, ডিফেন্ডার কাফু ও লিওনার্দো এবং ফরোয়ার্ড মুলার। পরে বিদেশি ক্লাব হিসেবেও চারজন প্রতিনিধির নজির গড়েছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।

এবার কার্লো আনচেলত্তি-র ঘোষিত বিশ্বকাপ দলে ফ্ল্যামেঙ্গো থেকে জায়গা পেয়েছেন ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো, দানিলো ও লিও পেরেইরা এবং মিডফিল্ডার লুকাস পাকেতা। যদিও প্রাথমিক দলে থাকা ফ্ল্যামেঙ্গোর লিও অর্টিজ, সামুয়েল লিনো ও পেদ্রো শেষ পর্যন্ত জায়গা পাননি।

এ ছাড়া দুজন করে ফুটবলার সুযোগ পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল থেকে।

১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের ব্রাজিল দলে চারজন ফুটবলার পাঠাল ফ্ল্যামেঙ্গো। সেই বিশ্বকাপে ক্লাবটি থেকে ডাক পেয়েছিলেন জাগালো, দিদা, জোয়েল ও মোয়াসির। কিংবদন্তি জাগালো ফাইনালের শুরুর একাদশেও ছিলেন। ওই আসরে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্যমতে, এবারের বিশ্বকাপে ফ্ল্যামেঙ্গোর প্রতিনিধির সংখ্যা নয়জন পর্যন্ত হতে পারে। উরুগুয়ের হয়ে ডাক পেতে পারেন আরাসকাইতা, ভারেলা ও দে লা ক্রুজ। কলম্বিয়ার হয়ে থাকতে পারেন কারাসকাল এবং ইকুয়েডরের জার্সিতে দেখা যেতে পারে প্লাতাকে।

আগামী ২৭ মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ব্রাজিল দল। তবে পিএসজি ও আর্সেনালের সঙ্গে থাকা ফুটবলাররা ৩০ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলে দলের সঙ্গে যোগ দেবেন। 
 

মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে বাফুফেকে কিংসের চিঠি

ক্রীড়া প্রতিবেদক
মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে বাফুফেকে কিংসের চিঠি
বসুন্ধরা কিংস অ্যারেনা। ছবি : ফেসবুক

ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে নজিরবিহীন এক নাটকীয়তা তৈরি হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়ার কথা ছিল ফাইনাল। কিন্তু ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ফাইনাল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বসুন্ধরা কিংস। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে তারা অনুরোধ জানিয়েছে, শিরোপা যেন প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দিয়ে দেওয়া হয়।

কয়েক দিন আগেই বাফুফেকে চিঠি দিয়ে মোহামেডান জানিয়ে দেয়, কিংস অ্যারেনায় ম্যাচ হলে তারা খেলবে না। সেই অবস্থান থেকে শেষ পর্যন্ত সরেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। সোমবার গভীর রাত পর্যন্ত বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের মধ্যস্থতায় দুই দলের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। অবশেষে মঙ্গলবার সকালে বাফুফেকে চিঠি দিয়ে ফাইনাল বাতিলের অনুরোধ জানায় বসুন্ধরা কিংস। ক্লাবটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ট্রফির চেয়ে সম্মানকে বেশি গুরুত্ব দেয় কিংস। বর্তমান পরিস্থিতিতে সেই সম্মান আর অবশিষ্ট নেই বলেই তারা মনে করছে। চিঠিতে কিংস উল্লেখ করে, দেশের ফুটবলের উন্নয়ন, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রমে তারা দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। বাফুফের কঠিন সময়েও পাশে ছিল ক্লাবটি। একই সঙ্গে ফুটবলের নিয়ম-কানুন ও ফেডারেশনের সিদ্ধান্ত সব সময় মেনে চলেছে তারা।

.

কিংসের অভিযোগ, ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে বাফুফের অবস্থান প্রশ্নবিদ্ধ। কারণ, প্রতিযোগিতার নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই অনেক আগেই ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ফাইনালের দিন সকাল পর্যন্তও ম্যাচ হবে কি না, সেটি নিশ্চিত হয়নি। চিঠিতে আরো বলা হয়, চলতি মৌসুমে কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে মোহামেডান। সেই মাঠের অবকাঠামো, নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা যথেষ্ট ভালো না হলেও সেখানে কোনো আপত্তি ছাড়াই খেলেছে বসুন্ধরা কিংস।

ফাইনালের ভেন্যু নিয়ে মোহামেডানের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। কারণ গত ১৩ এপ্রিল লটারির মাধ্যমে ফাইনালের ভেন্যু হিসেবে কিংস অ্যারেনা নির্ধারণ করা হয়েছিল। তখনও কোন দুটি দল ফাইনালে উঠবে, সেটি নিশ্চিত ছিল না। ফলে শেষ মুহূর্তে এসে আপত্তি তোলায় প্রশ্ন উঠেছে মোহামেডানের সিদ্ধান্ত নিয়ে।

গতকাল সোমবার বৈঠক শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও সাংবাদিকদের বলেন, স্বচ্ছ প্রক্রিয়াতেই অনেক আগে ফাইনালের ভেন্যু ঠিক করা হয়েছিল। তবে মোহামেডানের পরিচালক মোস্তাকুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, কিংস অ্যারেনায় না খেলার সিদ্ধান্তেই অটল রয়েছে তাদের ক্লাব।

অন্যদিকে বৈঠকে বসুন্ধরা কিংসের প্রতিনিধিত্ব করেন দলের কোচ বায়েজিদ আলম জুবায়ের নিপু। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, লিগের সেরা মাঠগুলোর একটি কিংস অ্যারেনা। এত দেরিতে এসে আপত্তি তোলা দেশের ফুটবল পরিচালনাকে আরো কঠিন করে তুলছে।

শেষ পর্যন্ত বাফুফে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে না পারায় মঙ্গলবার সকালে নিজেরাই সরে দাঁড়ানোর পথ বেছে নেয় বসুন্ধরা কিংস। তাদের এই সিদ্ধান্তে ফেডারেশন কাপের ফাইনাল মাঠে গড়ানোর আগেই ভেস্তে গেল।