ইতালির সেরি-আ লিগের শেষ দিনে ঘটল বড় অঘটন। এসি মিলানের হারের দিনে, ক্রেমনেজেকে ৪-১ হারিয়ে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করল কোমো। দুই মৌসুম আগে সেরি-আ তে সুযোগ পাওয়া সেস ফ্যাব্রেগাসের শিষ্যরা লিখলেন রূপকথা। এতে আরেক ইতালিয়ান ঐতিহ্যবাহী দল জুভেন্টাসও ছিটকে গেল চ্যাম্পিয়নস লিগ থেকে। আগামী মৌসুমে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতায় নামতে চলেছে ফ্যাব্রেগাসের শিষ্যরা।
মৌসুমের শেষ দিনে কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিল এসি মিলান-জুভেন্টাস। তবে রোমা-কোমোর সমীকরণ ছিল সহজ। কোমোকে জিতলেই হবে। আর এসি মিলান বা রোমার মধ্যে অন্তত এক দলকে পয়েন্ট হারাতে হবে। কোমো নিজেদের ম্যাচটি আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয়। অন্যদিকে ক্যালিয়ারির কাছে ২-১ গোলে হেরে যায় এসি মিলান। তাতেই পয়েন্ট টেবিলে আসে পরিবর্তন।
এদিকে দশজনের ভেরোনাকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে রোমা। ফলে সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান ছিটকে যায় চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন থেকে। আর চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো সুযোগ পায় কোমো।
ম্যাচের পর আবেগে আপ্লুত কোচ ফ্যাব্রেগাস বলেন, ‘কিভাবে এবং কাদের নিয়ে অসম্ভবকে সম্ভব করেছি, সেই দিক থেকে এটা আমার সবচেয়ে বড় সাফল্যগুলোর একটা। আমাদের প্রায় সব ফুটবলারের বয়স ২৩ বছরের নিচে। এত কম বয়সী দল নিয়ে এটা করে দেখানো অবিশ্বাস্য।’
রোমা এবং কোমোর জয়ের সবচেয়ে বড় ধাক্কা খায় জুভেন্টাস। দিনের শুরুতে তাদের আশা ছিল শীর্ষ চারে থাকবে তারা। কিন্তু রোমা এবং কোমো জিতে যাওয়ায় জুভেন্টাসের ম্যাচ চলাকালীনই বুঝে যান, আর চ্যাম্পিয়নস লিগে যাওয়া হচ্ছে না। ফলে টোরিনোর বিরুদ্ধে ২-২ ড্র করে শেষ পর্যন্ত ইউরোপা লিগেই তাঁদের সন্তুষ্ট থাকতে হলো।




