ব্রাজিল জাতীয় ফুটবল দলে ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, বরং বিশাল এক ঐতিহ্য, দায়িত্ব ও মর্যাদার প্রতীক।
এই জার্সি পরেই ইতিহাস গড়েছেন পেলে-রিভালদো-রোনালদিনিওর মতো কিংবদন্তিরা। পরবর্তীতে এটি ওঠে নেইমার জুনিয়রের গায়ে।
ব্রাজিল দলে লম্বা সময় ধরে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন নেইমার। তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর তিনি মাঠের বাইরে চলে যান। এরপর এই জার্সিটি কখনো কখনো পরেছেন রাফিনিয়া, আবার কখনো ভিনিসিয়ুস জুনিয়র।
তবে নেইমার বিশ্বকাপ দলে ফেরার পর ১০ নম্বর জার্সি কে পরবেন, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুইজনকে নিয়ে—নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়র।
অনেকের ধারণা, ফিট থাকলে নেইমারই আবার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরবেন। কারণ লম্বা সময় ধরে এটি তার দখলে।
কেউ কেউ ভিনিসিয়ুসকে নতুন ১০ নম্বর হিসেবে দেখছেন। কয়েকজন ফুটবল বিশ্লেষকের চাওয়া, এবার এই জার্সি ভিনিকে দেওয়া হোক।
মজার বিষয় হলো ভিনি নিজেই সম্প্রতি বলেছেন, ‘১০ নম্বরটা নেইমারের। এটা তারই প্রাপ্য।’
সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, তা হলো ১০০% ফিট থাকলে এবং ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শুরু থেকেই খেলানোর পরিকল্পনা করলে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি নেইমার পরবেন। সে ক্ষেত্রে ভিনিসিয়ুসকে নিজের চিরচেনা ৭ নম্বর জার্সিতে দেখা যাবে।




