বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েছে প্রায় দুই মাস আগে। এর মধ্যে নিজেদের দ্বিতীয় বোর্ড সভাতেই প্রথম শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক এবং ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা। তাদের এই পদক্ষেপ ক্রিকেটারদের মনে স্বস্তি ফিরিয়েছে।
বিসিবির চার-ছক্কা পডকাস্টে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন অ্যাডহক কমিটির সদস্য ও অর্থ কমিটির প্রধান ইসরাফিল খসরু। খেলোয়াড়দের বেতন বাড়ানোর প্রক্রিয়া সম্পর্কে ইসরাফিল বলেছেন, ‘যদি এটা করতে চান, তাহলে একটা বোর্ড মিটিংয়েই এটা সম্ভব। আমরা কিন্তু আমাদের দ্বিতীয় বোর্ড মিটিংয়েই প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়িয়েছি, নারী এবং পুরুষ উভয়েরই। আমার মনে হয় এটা অনেক দিন ধরেই খেলোয়াড়দের পাওনা ছিল। এটা আগেই করা যেত। আমরা এসেই করেছি।’
ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর দাবি অনেক দিন ধরেই ছিল, যা আগের বোর্ড সদস্যরা সেভাবে আমলে নেননি। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি ক্রিকেটারদের সেই দাবি মিটিয়েছে। পারিশ্রমিকের পাশাপাশি খেলোয়াড়দের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে।
ইসরাফিল আরো বলেছেন, ‘ক্রিকেটাররা এখন অনেক খুশি, এটা তাদের পাওনা, তাদের প্রাপ্য। তাদেরকে তো অতিরিক্ত কিছু দিচ্ছেন না। খেলোয়াড়দের বাদ দিয়ে আপনি তো বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন না।’
আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে অংশ নিচ্ছেন ইসরাফিল খসরু।



