• ই-পেপার

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

‘নতুন অধ্যায়ের’ শেষটাও রোনালদোকেই করতে হবে

ক্রীড়া ডেস্ক
‘নতুন অধ্যায়ের’ শেষটাও রোনালদোকেই করতে হবে
সতীর্থদের সঙ্গে অনুশীলনে রোনালদো। ছবি : রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে চোখ বুলালে কি পাবেন না, বিশ্বকাপ ট্রফিটা ছাড়া। বাকি সব খানেই তারার মতো জ্বলজ্বল করা তারকার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ সোনালি ট্রফিটাই। যার সংস্পর্শ পেতে ছুটে চলছেন নিরন্তর।

অন্যথা, ৪১ বছর বয়সী কিংবদন্তির ঠিকানা অন্য কোথাও হওয়ার কথা ছিল। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে কি করবেন সেটা স্পষ্ট করে কখনো বলেননি তিনি। তবে বুটজোড়া তুলে রাখলে এতদিনে পরিবারের সঙ্গে যে স্মৃতির ঝাঁপি খুলতেন সেটা না বললেও চলে। 

তবে অন্য ধাতুতে গড়া রোনালদো স্মৃতি রোমন্থনের পথ বেছে নেননি। আজন্ম স্বপ্নটা পূরণ করেই যেন অবসর নেওয়ার পণ করেছেন তিনি। লক্ষ্য পূরণের শেষ সুযোগ এবারই। আগের ৫ বিশ্বকাপ যে শুধু হতাশাই উপহার দিয়েছে তাকে। অথচ, শুরুটা কি দুর্দান্ত না হয়েছিল তার। ২০০৬ সালে তার অভিষেক বিশ্বকাপে শেষ চারে খেলেছিল পর্তুগাল। কিন্তু বাকিগুলো যত দ্রুত ভুলে যাওয়া যায় ততই যেন মঙ্গল।

বিশেষ করে কাতার বিশ্বকাপ। সেবার মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হারার পর সে কি কান্নাই না জুড়ে দিলেন তিনি। তাতে অনেকেই ধরে নিয়েছিলেন বিশ্বমঞ্চে হয়তো আর দেখা যাবে না তাকে। তবে আহত বাঘ আরো জোরে গর্জন দিয়ে ফিরলেন। 

৪ বছর পর আরেকটি বিশ্বকাপে নামছেন। শুধু নামছেন না, নতুন অধ্যায় শুরুর ডাক দিয়েছেন রোনালদো। আজ ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী নিজের ফেসবুকে লিখেছেন, ‘যতবার এই জার্সি পরি, ঠিক ততবার প্রথম দিনের মতো গর্ব, আবেগ এবং দায়িত্ববোধ অনুভব করি। আগামীকাল (আজ) নতুন অধ্যায় শুরু হচ্ছে।’

নতুন অধ্যায়টা সফল করতে সতীর্থদের সর্বস্ব নিংড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রোনালদো। পর্তুগালের অধিনায়ক লিখেছেন, ‘এই পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। সময় এসেছে দেশে এবং বিশ্বজুড়ে থাকা আমাদের সমর্থকদের জন্য সর্বস্ব নিংড়ে দেওয়ার। আমাদের মতো আপনারাও বিশ্বাস রাখুন।’
 
রোনালদোর সতীর্থরা ইতিমধ্যে বিশ্বাস করা শুরু করেছেন এবার তার জন্যই চ্যাম্পিয়ন হতে চান তারা। ঠিক যেমনটা ২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির জন্য খেলেছেন তার সতীর্থরা। ব্রুনো ফার্নান্দেজ-দিয়েগো দালোতদের চাওয়া, রোনালদোর জন্যই বিশ্বকাপে লড়বেন তারা। তেমনটাই মনে করেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সমানও।

শুধু মুখের কথাই নয়, পরিসংখ্যান এবার ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে পর্তুগালের পক্ষে। এই যেমন ৬ সংখ্যাকে তাদের ‘লাকি সিক্স’ বলা যেতে পারে। এই সংখ্যাতে তাদের সাফল্য লুকিয়ে রয়েছে। ১৯৬৬ বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য শেষ চারে খেলেছিল তারা। ইউসেবিওর সে সময়কার দল তৃতীয় হয়েছিল।  ৪০ বছর পর যখন আবার সেমিফাইনাল খেলে পর্তুগাল, সেবার ২০০৬ বিশ্বকাপ ছিল। মাঝে আরেকটি ‘৬’ ছিল। ২০১৬ সালে তো প্রথমবার ইউরো চ্যাম্পিয়নই হয় তারা। এবারের ২০২৬ বিশ্বকাপেও সেই ‘৬’ সংখ্যাটিই আছে। তাই এবার ভাগ্যকে হয়তো পাশেই পাবে তারা।

বিপরীতে কঠিন সময়েই নিজের সেরাটা দিতে জানেন রোনালদো। একটা সময় তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ৪-১ ব্যবধানে ব্যালন ডি’অর জেতায় এগিয়েছিলেন। ২০১৭ সালে ক্যারিয়ারের পঞ্চম ও শেষ ব্যালন ডি’অর জিতে আর্জেন্টাইন কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন। পরে অবশ্য নামের পাশে আরও ৩টি যোগ করে ব্যবধান বাড়িয়ে নেন মেসি। 

ময়দানের লড়াইয়ে হাল না ছাড়ার মনোভাবটা তাই জন্মগতই রোনালদোর। আল নাসরের হয়েই যেমন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন তিনি। এশিয়ার ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই দলটির হয়ে মেজর কোনো শিরোপা ধরা দিচ্ছিল না, সেই আক্ষেপ সর্বশেষ সৌদি প্রো লিগে ঘুচিয়েছেন। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে তাই এবার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হওয়ার পালা।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত না হলে রোনালদোদের বিশ্বকাপ অভিযানে সঙ্গী হতে পারতেন দিয়োগো জোতা। নিজেরসহ প্রয়াত সতীর্থর জন্যও তাই শেষ বাজিটা ধরবেন রোনালদো। ইতিমধ্যে কোচ রবার্তো মার্তিনেজ সেই ডাক দিয়েছেন, ‘জোতা আমাদের অনুপ্রেরণা ও শক্তি। ও সব সময় চাইত বিশ্বকাপ জিতুক পর্তুগাল। ওর সেই অপূর্ণ স্বপ্নটাই এবার পূরণ করতে যাচ্ছি আমরা।’

স্বপ্ন পূরণের নেতৃত্ব রোনালদোকেই দিতে হবে। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে যা করে আসছেন তিনি। এবারও সেটাই করতে হবে। তার রসদও জুগাচ্ছেন মেসি-কিলিয়ান এমবাপ্পে-আর্লিং হালান্ডরা। গতকাল রাতে নিজেদের ম্যাচে জোড়া গোল পান এমবাপ্পে-হালান্ড। সকালে তাদের ছাড়িয়ে যান মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করে। এবার তাই রোনালদোর পালা। চ্যালেঞ্জটায় জিততে পারবেন তো ‘সিআর সেভেন’? নিজের ডাকা ‘নতুন অধ্যায়ের’ শেষটা সুন্দরের জন্য তাই মরণ কামড় দিতেই হবে কিংবদন্তিকে।

সতীর্থদের নিয়ে খুবই গর্বিত—লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক
সতীর্থদের নিয়ে খুবই গর্বিত—লিওনেল মেসি
ছবি : রয়টার্স

বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। দুর্দান্ত শুরুর পর সতীর্থদের নিয়ে  ‘খুবই গর্বিত’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’র উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুর্দান্ত সূচনা এনে দেন তিনি। 

ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সতীর্থদের প্রশংসা করে মেসি লেখেন, ‘দারুণ এই শুরুর জন্য আমি অত্যন্ত আনন্দিত, সবার ভালোবাসার কাছে কৃতজ্ঞ। বছরের পর বছর ধরে যেভাবে এই দলটা লড়াই করে আসছে।

আজ আবারও তাদের একইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখে ‘আমি অনেক গর্বিত’ বলে যোগ করেন তিনি।

ফুটবল ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড গড়েছেন মেসি। ৩৮ বছর বয়সে এসে হ্যাটট্রিক করার মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার নজির গড়লেন এই মহাতারকা।

প্রথম ম্যাচে বাড়তি চাপ থাকবে হ্যারি কেইনের ওপর

ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচে বাড়তি চাপ থাকবে হ্যারি কেইনের ওপর
ছবি : গ্রেটিইমেজ

বিশ্বকাপের গ্রুপ ম্যাচে মাঠে নামছে বড় দুই দল পর্তুগাল ও ইংল্যান্ড। গ্রুপ ‘এলে’ হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে ইংলিশরা। ষষ্ঠ দিনের ম্যাচে মহাতারকা মেসি, এমবাপ্পে ও হালান্ড গোল করে নিজ নিজ দলকে জিতিয়েছেন। সব আলো এখন ইংলিশ তারকা খেলোয়াড় হ্যারি কেনের দিকে। কারণ গেল ক্লাব মৌসুমে দুর্দান্ত কাটিয়েছেন এই ইংলিশ গোলমেশিন। তাই প্রথম ম্যাচে দলের প্রত্যাশার চাপ থাকবে তার ওপর।

ম্যাচ শুরুর আগে সতীর্থদের উদ্দেশে হ্যারি কেইন বলেছেন, কোনো ফলাফল নিয়ে ভয় না পেয়ে ‘মুক্ত মনে নির্ভীক ফুটবল’ খেলতে। টমাস টুখেলের অধীনে নিখুঁত বাছাইপর্ব পার করা থ্রি-লায়ন্সরা এবার ৬০ বছরের ট্রফি খরা কাটাতে সম্পূর্ণ প্রস্তুত।

গত রাতে বিশ্বকাপের মঞ্চে বিশ্বসেরা স্ট্রাইকাররা গোলবন্যা ছুটিয়েছেন। আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনের শুরুতেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মহাতারকা লিওনেল মেসি। সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ৩-১ ব্যবধানের জয়ে অনবদ্য জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচেই ইরাকের বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করে আগমনী বার্তা দিয়েছেন আর্লিং হালান্ড।

বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবলে ক্যারিয়ার ৬১ গোল করে বিশ্বকাপে পা রেখেছেন। গোল্ডেন বুট ও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকে টিকিয়ে রাখতে বাড়তি পারফরম্যান্সে গোল আদায়ের চাপ থাকবে।

বুধবার রাতে টেক্সাসের আর্লিংটনে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। 

ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবিকে বহিষ্কারের খবর ‘সত্য’ নয়

ক্রীড়া ডেস্ক
ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবিকে বহিষ্কারের খবর ‘সত্য’ নয়
সংগৃহীত ছবি

বিশ্বকাপে নিউজিল্যান্ডে বিপক্ষে ম্যাচে ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবির গোল উদযাপনে তৈরি হয়েছে বিতর্ক। তারপরই স্যোশাল প্ল্যাটফর্মে  তার ওই উদযাপনের কারণে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) তাকে বহিষ্কার করেছে গুজব ছড়িয়ে পড়ে। কাউকে বহিষ্কার নয়, সিঙ্গেল এন্ট্রির ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া উইঙ্গার মেহদি তোরাবির পুনরায় ভিসার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। 

গত মঙ্গলবার ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে দলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের জন্য যুক্তরাষ্ট্রে একবার সফর করার পরই উইঙ্গার মেহদি তোরাবির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

তাই ফেডারেশন তোরাবির জন্য একটি নতুন ভিসার ব্যবস্থা করতে পদক্ষেপ নিয়েছে। যাতে তিনি আসন্ন ম্যাচগুলোতে জাতীয় দলের সঙ্গে থাকা অব্যাহত রাখতে পারেন বলেও যোগ করেন এফএফআইআরআইয়ের মুখপাত্র।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ডিপোর্টেশনের খবরটি সম্পূর্ণ ‘মিথ্যা’। মোহাম্মদ মোহেবিকে বহিষ্কার বা ডিপোর্ট করা হয়নি।

 ম্যাচ শেষে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইরান দলকে মেক্সিকোর টিজুয়ানায় ফিরে যেতে হয়েছিল, যা তাদের বিশ্বকাপ প্রস্তুতির ভ্রমণ জটিলতার অংশ ছিল। এই সাধারণ ভ্রমণকে ভুলভাবে উপস্থাপন করে বহিষ্কারের গুজব ছড়ানো হয়।