‘আমার ভাষা, আমার গর্ব। আমি বীরভূমের আঞ্চলিক ভাষাতেই কথা বলব।’ সম্প্রতি নিজের একটি মন্তব্যকে ঘিরে সোশ্যাল মাধ্যমে তৈরি হওয়া বিতর্কের জবাব দিলেন ভারতের পশ্চিমবঙ্গের সিউড়ির বিধায়ক ও রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
সোমবার (১৫ জুন) বোলপুর সংলগ্ন কংকালীতলায় সামাজিক সুরক্ষা প্রকল্পের জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে তিনি ‘বিতর্কিত’ মন্তব্যের ব্যাখ্যা দেন। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
সম্প্রতি কলেজে ভর্তি সংক্রান্ত অনিয়ম নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একটি সংবাদ চ্যানেলে তাকে বলতে শোনা যায় ‘কলেজে এবং বিশ্ববিদ্যালয় টাকা তুললে স্যাটা গরম করে দেব।’ আর এই মন্তব্য ঘিরেই বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়।
আর বিতর্কের মাঝেই উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি বীরভূমের ছেলে। নিজের ভাষাতেই কথা বলব। তাতে কারো পছন্দ হোক বা না হোক, বীরভূমের ভাষায় কথা বলা বন্ধ হবে না। আমি যে জেলার মানুষ, সেই জেলার কিছু শব্দ আমার মুখে আসতেই পারে। মানুষের কী বলা উচিত, কী খাওয়া উচিত, কী পরা উচিত তা নির্ধারণ করার অধিকার কারো নেই। তাহলে আমার ভাষা নিয়ে এত আপত্তি কেন?’
তিনি বলেন, ‘সামান্য দুটি শব্দ বলেছি অমনি গুঁতিয়ে দিছেন, খেদিয়ে দিছেন। এ মানব না। আপনাদের কথা ভবিষ্যতেও লড়ব। এখনো লড়ছি। আমি যে জেলার সেই জেলার দুয়েকটা কথা মুখ দিয়ে বের হবে।’
তিনি আরো বলেন, ‘আপনারাই বলেন মানুষ কী বলবে, কী করবে, কী খাবে, কী পড়বে—সেটাতে কারো কিছুই বলার নাই। তাহলে আমাকে নিয়ে এত জ্বালা কেন। আমি তো নিজের ভাষায় কথা বলছি। আমার ভাষার দাম নাই। আমার ভাষার সম্মান নাই। যারা বলছে, তারা আমাদের ভাষা না বুঝে রাঢ়বঙ্গের মানুষকে অপমান করছেন। তাই দুয়েকটা বীরভূমের ভাষা আমি বলব। আমার মুখ দিয়ে বের হবে। এটাই আমার মাতৃভাষা।’
উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে অর্থ আদায়ের অভিযোগ বারবার সামনে এসেছে। বিভিন্ন মহলে এ নিয়ে ক্ষোভও ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উচ্চশিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়েই ওই মন্তব্য করেছিলেন মন্ত্রী।
তবে এদিন তিনি স্পষ্ট করে জানান, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল ভর্তি-অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার ভাষারও সম্মান রয়েছে। আঞ্চলিক ভাষাকে যারা বুঝতে না পেরে সমালোচনা করছেন, তারা আসলে রাঢ়বঙ্গের সংস্কৃতি ও ভাষাকেই অপমান করছেন।’





