• ই-পেপার

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের ১৪ দফা চুক্তি প্রকাশ

ফাঁসির বাকি ১৫ ঘণ্টা, ছেলের খুনিকে নিঃশর্ত ক্ষমা করলেন বাবা

অনলাইন ডেস্ক
ফাঁসির বাকি ১৫ ঘণ্টা, ছেলের খুনিকে নিঃশর্ত ক্ষমা করলেন বাবা
সংগৃহীত ছবি

সন্তান হারানোর অসহনীয় বেদনা সত্ত্বেও ক্ষমার এক বিরল নজির গড়েছেন সৌদি আরবের এক পিতা। মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি তার সন্তানের হত্যাকারীকে নিঃশর্তভাবে ক্ষমা করে দেন, যা মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম বন্দর এবং অভিযুক্তের নাম ইয়াসের। আদালতের রায়ে ইয়াসেরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি চলছিল। তবে রায় কার্যকর হওয়ার প্রায় ১৫ ঘণ্টা আগে বন্দরের বাবা শেখ ইয়াহিয়া বিন কানস আল-বুশরি ঘোষণা দেন যে তিনি কোনো শর্ত ছাড়াই ঘাতককে ক্ষমা করে দিচ্ছেন।

একসময় আর্থিকভাবে খুবই স্বচ্ছল হলেও বর্তমানে সাধারণ জীবনযাপন করেন শেখ ইয়াহিয়া। তবুও তিনি হত্যাকারীকে ক্ষমা করার বিনিময়ে প্রস্তাব করা বিপুল অঙ্কের 'ব্লাড মানি' গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তার ভাষ্য, পার্থিব কোনো লাভের জন্য নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ক্ষমার খবরটি নিজে পৌঁছে দিতে তিনি ইয়াসেরের মায়ের বাড়িতে যান। সেখানে ঘটে আবেগঘন এক মুহূর্ত। ছেলের জীবন রক্ষা পাওয়ার সংবাদ শুনে ইয়াসেরের মা আবেগে আপ্লুত হয়ে শেখ ইয়াহিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে তার পায়ে চুমু খেতে উদ্যত হন। কিন্তু ইয়াহিয়া অত্যন্ত বিনয়ের সঙ্গে তাকে থামিয়ে দেন। বরং তিনি ওই মায়ের কপালে স্নেহভরা চুম্বন এঁকে দিয়ে তাকে সান্ত্বনা দেন।

এ সময় ইয়াসেরের পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত হন। কান্নাজড়িত পরিবেশে শেখ ইয়াহিয়া তাদেরও বুকে টেনে নিয়ে সাহস জোগান। নিজের সন্তান হারানোর গভীর শোক বহন করেও অন্য একটি পরিবারকে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মানবতা, সহমর্মিতা ও ক্ষমাশীলতার এই বিরল দৃষ্টান্ত বিশ্বজুড়ে মানুষের হৃদয় স্পর্শ করেছে।
 

কৃষ্ণ সাগরে জাহাজে ড্রোন হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক
কৃষ্ণ সাগরে জাহাজে ড্রোন হামলা, নিহত ১
ছবি: কালের কণ্ঠ

কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী একটি জাহাজে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নাবিক নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) গভীর রাতে পানামার মেরিটাইম অথরিটি (এএমপি) এই তথ্য নিশ্চিত করেছে

এএমপি জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) এই হামলার ঘটনা ঘটে। আহত দুই নাবিকের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে হামলার শিকার হওয়ার পরও জাহাজটি বড় ধরনের বিপর্যয় এড়াতে পেরেছে এবং তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে। কর্তৃপক্ষ এই হামলার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিতে শুরু করেছে। 

এএমপি এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে আনুষ্ঠানিক ও সঠিক তথ্য সংগ্রহের জন্য তারা প্রয়োজনীয় সব প্রোটোকল সক্রিয় করেছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

ড্রোন হামলাটি ঠিক কোথা থেকে বা কার পক্ষ থেকে চালানো হয়েছে, সে বিষয়ে পানামা কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে তারা একটি জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। তারা বাণিজ্যিক জাহাজগুলোকে কৃষ্ণ সাগর ও আজভ সাগরের উত্তর দিকে অবস্থিত ইউক্রেনীয় এবং রাশিয়ান জলসীমা এড়িয়ে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, পানামা বিশ্বের বৃহত্তম জাহাজ নিবন্ধন কেন্দ্র পরিচালনা করে থাকে। বর্তমানে সারাবিশ্বের মোট বাণিজ্যিক জাহাজবহরের প্রায় ১৬ শতাংশই পানামার পতাকার অধীনে চলাচল করে।

ইসরায়েল-হিজবুল্লাহ

লেবাননে যুদ্ধবিরতি শুরু

অনলাইন ডেস্ক
লেবাননে যুদ্ধবিরতি শুরু
রয়টার্স ছবি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। শুক্রবার থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে ইরানের অন্যতম প্রধান শর্ত ছিল লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। এই যুদ্ধবিরতির মাধ্যমে সে শর্ত বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।’

তিনি আরো জানান, লেবাননে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার কিছু আগে থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই চুক্তির রূপরেখা চূড়ান্ত করেছেন বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি স্বাক্ষরের পরও লেবাননে ইসরায়েলি আগ্রাসনে ১৮ জন নিহত হয়েছেন। জবাবে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনা স্থগিত হওয়ায় বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ বলে প্রশংসা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ বলে প্রশংসা করলেন ট্রাম্প
সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ‘কঠিন মধ্যস্থতাকারী’ হিসেবে অভিহিত করেছেন।

ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রসিকতার ছলে ট্রাম্প বলেন, মোদি দেখতে ‘ফেরেশতার’ মতো হলেও কাজের ক্ষেত্রে তিনি ‘খুনি’দের মতো কঠোর। এই ধরনের মানুষ খুব কমই দেখা যায়। 

ওয়াশিংটন ও নয়াদিল্লি একটি দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে উল্লেখ করে ১৭ জুন ট্রাম্প বলেন, ‘আমরা গত কিছু সময় ধরে বিষয়টি নিয়ে কাজ করছি। তিনি (মোদি) আসলে অন্যতম কঠোর একজন মধ্যস্থতাকারী।’

ট্রাম্প আরো জানান, মোদি দীর্ঘ সময় ধরে তার বন্ধু এবং তিনি ভবিষ্যতে ভারত সফর করবেন।

গত এক বছরে শুল্ক, পাকিস্তান এবং ইরান যুদ্ধ নিয়ে তৈরি হওয়া উত্তেজনার পর দুই দেশের সম্পর্ক মেরামতের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এই বৈঠককে দেখা হচ্ছে।

২০২৫ সালের শুরুতে মোদির হোয়াইট হাউস সফরের পর এবারই প্রথম দুই নেতা মুখোমুখি বসলেন। বৈঠকে ওমান উপসাগরে ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা এবং তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়।

প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ‘ভারত আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।’

মোদির দিকে নির্দেশ করে ট্রাম্প বলেন, ‘যদি কেউ ওই ব্যক্তিকে আক্রমণ করে, তবে আমরা সেখানে থাকব। তবে নতুন কোনো নেতা এলে আমি সে বিষয়ে নিশ্চিত নই।’