হালালা বলতে আরবি ‘তাহলিল’কে বোঝানো হয়। এটি ইসলামের একটি বিশেষ বিধানের সঙ্গে সম্পর্কিত, যা তিন তালাকের মাধ্যমে স্বামী-স্ত্রীর চূড়ান্ত বিচ্ছেদের পর তাদের পুনরায় একত্র হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য।
জাহেলি যুগে পুরুষরা স্ত্রীকে অসংখ্যবার তালাক দিত, তালাক দেওয়ার পর আবার ফিরিয়ে নিত, কিংবা দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রাখত। এটি ছিল পুরুষের স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। ইসলাম এই অপব্যবহার রোধে তালাকের ক্ষেত্রে সীমারেখা নির্ধারণ করেছে। পবিত্র কোরআনে ন্যূনতম দুইবারে তালাক প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
দ্বিতীয় তালাকের পর পারিবারিক পর্যায়ে ‘ইসলাহ’ (সংশোধন) ও ‘সুলহ’ (সমন্বয়) প্রচেষ্টার নীতি প্রদান করেছে। তিন তালাককে চূড়ান্ত বিচ্ছেদ হিসেবে গণ্য করেছে। এর মাধ্যমে বিয়ের দায়িত্বশীলতা ও পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং পুরুষকে তালাক উচ্চারণে সতর্ক করা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, আল্লাহর কাছে হালাল বিষয়সমূহের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হলো তালাক। (আবু দাউদ, আস-সুনান : ২১৭৮)
কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত ‘হালালা সেন্টার’ প্রতিষ্ঠার প্রচারণা এবং হালালার জন্য প্রার্থীদের সিভি আহবান করার মতো ঘটনাগুলো শরিয়াহর এই বিধানকে ভয়াবহভাবে বিকৃত করেছে।
হালালা কী
কোনো স্বামী যদি তার স্ত্রীকে তিন তালাক প্রদান করে, তাহলে স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। এ অবস্থায় তারা পুনরায় একত্র হতে চাইলে স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে স্বাভাবিক ও প্রকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হতে হবে। যদি দ্বিতীয় বিবাহ স্বাভাবিক কারণে—যেমন তালাক বা স্বামীর মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়, তাহলে ইদ্দত অতিবাহিত হওয়ার পর প্রথম স্বামীর সঙ্গে নতুন মোহর ও নতুন আকেদর মাধ্যমে পুনর্বিবাহ করা বৈধ হবে।
আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর যদি সে তাকে (তৃতীয়বার) তালাক দেয়, তাহলে সে তার জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অন্য স্বামীকে বিয়ে করে।
অতঃপর যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, তাহলে তারা যদি মনে করে যে আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে, তাহলে তাদের পুনরায় একত্র হওয়ার মধ্যে কোনো গুনাহ নেই।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৩০)
কখন হালালার প্রসঙ্গ আসবে
১. তিন তালাকের পর : প্রথম বা দ্বিতীয় তালাকের ক্ষেত্রে ইদ্দতের মধ্যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে। সেখানে হালালার কোনো প্রশ্নই আসে না। তিন তালাকের মাধ্যমে বায়িন বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পুনরায় সংসার করার প্রসঙ্গ এলে হালালার বিষয় আসবে।
২. স্বাভাবিক দ্বিতীয় বিবাহ : দ্বিতীয় বিবাহটি বাস্তব ও স্বাভাবিক হতে হবে। শুধু প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে নামমাত্র বিয়ে শরিয়াহসম্মত নয়।
৩. স্বাভাবিক দ্বিতীয়বার বিবাহবিচ্ছেদ : দ্বিতীয় বিবাহ স্বাভাবিকভাবে স্বামীর মৃত্যু কিংবা তালাকের মাধ্যমে শেষ হতে হবে। পূর্বপরিকল্পিত বিচ্ছেদ গ্রহণযোগ্য নয়।
৪. নতুন বিবাহ ও মোহর : প্রথম স্বামীর সঙ্গে পুনর্বিবাহের জন্য নতুন আক্দ ও মোহর আবশ্যক।
হালালা মেকানিজম : পরিকল্পিত হালালা কেন নিষিদ্ধ?
এখানেই সবচেয়ে বড় ভুল-বোঝাবুঝি দেখা যায়। ইসলামী শরিয়াহ হালালার জন্য কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়নি; বরং একটি স্বাভাবিক দ্বিতীয় বিবাহের পরিণতিতে যদি উপরোক্ত পরিস্থিতি তৈরি হয়, তখনই শুধু পুনর্বিবাহের অনুমতি দিয়েছে।
কিন্তু যদি শুরু থেকেই এই শর্ত আরোপ করা হয় যে দ্বিতীয় ব্যক্তি নারীকে বিয়ে করবে, মিলিত হবে এবং পরে তালাক দিয়ে দেবে, যাতে সে প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যায়, তাহলে এটি ‘নিকাহে তাহলিল’, যা কঠোরভাবে নিষিদ্ধ। রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি হালালা করে এবং যার জন্য হালালা করা হয়, উভয়ের ওপর আল্লাহর লানত। (আত-তিরমিজি, আস-সুনান : ১১১৯)
অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেন, আমি কি তোমাদের ধার করা ষাঁড় সম্পর্কে জানাব না? সাহাবিরা বললেন, অবশ্যই, হে আল্লাহর রাসুল! তিনি বললেন, সে হলো হালালাকারী ব্যক্তি। আল্লাহ লানত করেছেন হালালা সম্পাদনকারী এবং যার জন্য তা করা হয়। (ইবনে মাজাহ, আস-সুনান : ১৯৩৬)
অতএব, নারীকে প্রথম স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কোনো বন্ধু, আত্মীয় কিংবা অন্য কাউকে দিয়ে এক রাত কিংবা কিছুদিন বা মাসের জন্য বিয়ে দেওয়া এবং পরে তালাকের ব্যবস্থা করা শরিয়াহর দৃষ্টিতে জঘন্য প্রতারণা। এটি বিবাহের পবিত্রতাকে উপহাসে পরিণত করে। নবীজি (সা.)-এর ভাষায় সংশ্লিষ্ট ব্যক্তির দৃষ্টান্ত ‘ধার করা ষাঁড়’।
পরিকল্পিত হালালা সম্পর্কে ফিকহি অবস্থান
চার মাজহাবের ফকিহরা এ বিষয়ে একমত যে পূর্বপরিকল্পিত হালালা হারাম।
ক. হানাফি মাজহাব : এ ধরনের শর্তযুক্ত বিবাহ নিকৃষ্ট ও গুনাহর কাজ। (ইবন হুমাম, ফাতহুল কাদির : ৩/২১০)
খ. মালিকি মাজহাব : উদ্দেশ্য যদি তাহলিল হয়, তাহলে তা গ্রহণযোগ্য নয়। (আশ-শাফিঈ, আল-উম্ম : ৫/১৫৫)
গ. শাফেয়ি মাজহাব : শর্তযুক্ত তাহলিল শরিয়াহর উদ্দেশ্যের পরিপন্থী। (মালিক, মুয়াত্তা : ২/৫৮৫)
ঘ. হাম্বলি মাজহাব : পরিকল্পিত হালালা স্পষ্টভাবে নিষিদ্ধ। (ইবনে কুদামা, আল-মুগনি : ৭/৩৪৫)
ফলে উপরোক্ত উদ্দেশ্য পূরণে শরিয়াহ হালালা নামক কোনো প্রতিষ্ঠান, কেন্দ্র বা পেশাদার সেবা চালু করার অনুমতি প্রদান করে না। বরং এমন আয়োজন শরিয়াহর বিধানকে বিকৃত করে এবং বিবাহকে খেলায় পরিণত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত ‘হালালা সেন্টার’, ‘হালালার জন্য পাত্র প্রয়োজন’, কিংবা ‘সিভি জমা দিন’ ধরনের প্রচারণা ইসলামী শিক্ষার চরম অপব্যাখ্যা।
ইসলামী শরিয়াহর উদ্দেশ্য হচ্ছে, তিন তালাককে ভয়াবহ পরিণতি উল্লেখ করে তালাকের বিষয়ে নিরুৎসাহ করা; এটিকে পাশ কাটিয়ে ‘হালালা মেকানিজম’ তৈরি করা নয়। তাই তালাকের ক্ষেত্রে দায়িত্বশীলতা অবলম্বন করা এবং ইসলামী শরিয়াহকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকাই একজন মুসলিমের কর্তব্য।
লেখক : অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা




