• ই-পেপার

দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত?

মার্কিন ডলারের বিপরীতে শ্রীলঙ্কান রুপির আরো অবমূল্যায়ন

অনলাইন ডেস্ক
মার্কিন ডলারের বিপরীতে শ্রীলঙ্কান রুপির আরো অবমূল্যায়ন

মার্কিন ডলারের বিপরীতে শ্রীলঙ্কার রুপির আরো অবমূল্যায়ন হয়েছে। বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক মার্কিন ডলারের বিক্রয় দর ৩৩৯.৫০ থেকে ৩৪০.৫০ রুপির মধ্যে উল্লেখ করেছে বলে জানা গেছে। 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অ্যাডা ডেরানার প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক (সিবিএসএল) কর্তৃক প্রকাশিত সর্বশেষ দৈনিক বিনিময় হারে মার্কিন ডলারের বিক্রয় দর ৩৪০.২৫ রুপি এবং ক্রয় দর ৩৩০.১০ রুপি রেকর্ড করা হয়েছে।

বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনা-রুপা, দেশের বাজারে দর কত?

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনা-রুপা, দেশের বাজারে দর কত?
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আশায় বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশ্ববাজারে মার্কিন ডলার ও আন্তর্জাতিক তেলের দাম কমায় বৃহস্পতিবার (৪ জুন) নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত সোনার দাম লক্ষণীয় পরিমাণে বেড়েছে। তেলের দাম কমায় বিশ্ব অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা কিছুটা হলেও কমেছে। খবর রয়টার্স

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের দাম কমে যাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা এখন আগের চেয়ে সাশ্রয়ী ও লাভজনক হয়ে উঠেছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক সরবরাহ বা স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৪ দশমিক ৭৯ ডলারে। অন্যদিকে, আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন সোনার ফিউচার বা আগাম দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯১ দশমিক ৮০ ডলারে।

হোয়াইট হাউসের বরাত দিয়ে জানানো হয়েছে, লেবাননে চলমান সামরিক সংঘাতের অবসান ঘটাতে একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার পর ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ বন্ধের একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি মার্কিন প্রতিনিধি সভা (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এক প্রস্তাব পাসের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেফরিসের সহযোগী প্রতিষ্ঠান ত্রাদু ডটকম (Tradu.com)-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, কূটনৈতিক তৎপরতা সফল হলে বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং মূল্যস্ফীতির চাপ কমবে। ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়া ও তেলের বাজার শান্ত হওয়ায় ডলারের ওপর চাপ বাড়ছে, যা সোনার বাজারকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করছে।

তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষভাগে ইরান সংকট শুরু হওয়ার পর তেলের দাম আকাশচুম্বী হলে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ১৬ শতাংশ কমে গিয়েছিল। সাধারণত তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়ে, যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়ে দেয়। সোনাকে মূল্যস্ফীতির বিরুদ্ধে ভালো সুরক্ষাকবচ মনে করা হলেও, সুদের হার বাড়লে কোনো নির্দিষ্ট মুনাফা বা লভ্যাংশ না দেওয়া এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।

পরামর্শক প্রতিষ্ঠান মেটালস ফোকাস জানিয়েছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে বিশ্ববাজারে সোনার দাম আবার চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গয়না তৈরি ও বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনার হার দুই অঙ্কের ঘরে হ্রাস পাওয়ায় চলতি ২০২৬ সালে সোনার সামগ্রিক বৈশ্বিক চাহিদা ২ শতাংশ কমতে পারে।

বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নিকোস জাবোরাস আরো সতর্ক করে বলেন, নিকট ভবিষ্যতে সোনার বাজার এখনো বেশ ঝুঁকিপূর্ণ। আগামী দিনগুলোতে দাম আরো কমে গিয়ে বাজার কিছুটা মন্দাভাবে রূপ নিতে পারে। চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হারের কারণে ডলার শক্তিশালী অবস্থানে রয়েছে, যা সোনার দাম বাড়ার ক্ষেত্রে বড় বাধা।

বিনিয়োগকারীরা এখন মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী মুদ্রানীতি বা সুদের হারের গতিপথ বুঝতে শুক্রবার (৫ জুন) প্রকাশিতব্য মার্কিন ‘নন-ফার্ম পে-রোল’ বা মে মাসের কর্মসংস্থানের তথ্যের দিকে গভীর নজর রাখছেন।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ ঊর্ধ্বমুখী ছিল। স্পট সিলভার বা রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩ দশমিক ৩১ ডলারে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮৮৩ দশমিক ১৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৮ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

দেশে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা, কেরোসিনের দাম ১৩৫ টাকা এবং প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

বিএসইসিতে ৩ কমিশনার নিয়োগ

অনলাইন ডেস্ক
বিএসইসিতে ৩ কমিশনার নিয়োগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিয়োগের পর এবার তিন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 

এর আগে সকালে বিএসইসির সদ্য বিদায়ি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে। বিএসইসির যে চার কমিশনার পদত্যাগ করেছেন তারা হলেন মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।

কর্মকর্তাদের কেউ সেবা না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসলামী ব্যাংকের

অনলাইন ডেস্ক
কর্মকর্তাদের কেউ সেবা না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসলামী ব্যাংকের

কর্মকর্তাদের এক ঘণ্টা কলম বিরতি পালনের আহ্বানের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটি জানিয়েছে, কর্মকর্তাদের কেউ সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আজ বৃহস্পতিবার ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। 

তিনি জানান, এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেউ গ্রাহকসেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ইসলামী ব্যাংকের ‘সচেতন গ্রাহক ফোরাম’ নামে গ্রাহকদের একটি প্ল্যাটফর্ম ব্যাংকটির কর্মকর্তাদের এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানিয়েছে। এ আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকের বিভিন্ন শাখার কিছু কর্মকর্তা কলম বিরতি পালন করছেন বলে জানা গেছে।

আলতাফ হুসাইন বলেন, ‘গ্রাহকদের সেবা না দিলে সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমাদের কর্মকর্তারা সেবা দিতে প্রস্তুত। তবে কোনো শাখায় কী হচ্ছে, তা প্রধান কার্যালয়ে বসে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব নয়।’

আন্দোলনের কারণে গ্রাহকেরা যদি একযোগে অর্থ তুলে নিতে শুরু করেন, তাহলে ব্যাংকের পরিস্থিতি কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো ব্যাংক থেকে যদি গ্রাহকেরা একদিনেই সব টাকা তুলে নেয়, তাহলে সেই ব্যাংক বন্ধ হয়ে যাবে। বাস্তবে এমনটি কখনো ঘটে না।’

তিনি আরো বলেন, ‘আন্দোলনসহ বিভিন্ন কারণে অর্থ উত্তোলনের চাপ কিছুটা বেড়েছে। তবে সেটি এখনো সহনীয় পর্যায়ে রয়েছে, যদিও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। হলে সেটি সবারই নজরে আসত।’

জানা গেছে, সম্প্রতি সচেতন গ্রাহক ফোরাম নামে গ্রাহকদের একটি প্ল্যাটফর্ম ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তাদের বৃহস্পতিবার এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানায়।