• ই-পেপার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় : পুনঃ ভর্তির চক্রে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ধাপে ধাপে স্কুল ড্রেস ও জুতা দিতে চায় সরকার : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের ধাপে ধাপে স্কুল ড্রেস ও জুতা দিতে চায় সরকার : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি হিসেবে একটি পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই করা হবে।’

বৃহস্পতিবার (৪ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠনগুলো ইতোমধ্যে সরকারের এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় ৪ লাখেরও বেশি ইউনিফর্ম পাইলট প্রকল্পের জন্য পাওয়া যাচ্ছে। একইভাবে দেশের জুতাশিল্পের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করছে সরকার।’

ববি হাজ্জাজ বলেন, ‘পাইলট পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) জুতা সরবরাহের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। যেহেতু প্রথম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীর বয়স প্রায় ছয় বছর, তাই উপযুক্ত সাইজ, সাইজের বৈচিত্র্য, ছেলে-মেয়েদের চাহিদা এবং সরবরাহযোগ্য সংখ্যা নিয়ে প্রতিষ্ঠানগুলোর মতামত চাওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে জুতা সরবরাহের জন্য সরকার ও শিল্প খাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারি গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, সরকার চায় চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে। বিশেষ করে সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এই উদ্যোগের বাস্তবায়ন শুরু করার লক্ষ রয়েছে।

পুকুরে ডুবে ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
পুকুরে ডুবে ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু
সংগৃহীত ছবি

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে ঢাকা কলেজের স্নাতকের শিক্ষার্থী তাহমিদ হাসান রাফির (২৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফি বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় এলাকার মুফতি জাকারিয়ার ইসলামের ছেলে। তিনি ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।  তারা সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের পাশে একটি আবাসিক ভবনে বসবাস করতেন।

আরো পড়ুন
মাদকসহ আটক পুলিশ সদস্য জেলহাজতে

মাদকসহ আটক পুলিশ সদস্য জেলহাজতে

 

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টি শুরু হলে বন্ধুদের সঙ্গে কলেজের বড় পুকুরে গোসল করতে নামেন রাফি। এ সময়ে পানিতে ডুবে যান তিনি। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামীম আহমেদ বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।’
 

শিক্ষামন্ত্রী

৩ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই সব শিক্ষার্থীর জন্য মিড ডে চালু

নিজস্ব প্রতিবেদক
৩ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই সব শিক্ষার্থীর জন্য মিড ডে চালু
সংগৃহীত ছবি

তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছরের মধ্যে সব প্রাথমিক শিক্ষার্থীদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার সকালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় শিক্ষার্থীদের ড্রপ আউটের পরিমাণ বেড়ে গিয়েছিলো, বর্তমান সরকার সবার আগে শিশুদের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না। কোনো শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। তাদের জন্য আমরা সব ধরনের আরামদায়ক শিক্ষার ব্যবস্থা করছি। সামনের দিকে তারা এগিয়ে যাবে। আমরা দেখতে চাই না, তারা ব্যাগভর্তি বই নিয়ে শিশুরা প্রতিষ্ঠানে যাচ্ছে। তারা হাসতে হাসতে খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।’

খেলাধূলাকে শিক্ষা কারিকুলামে যুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। শিক্ষার্থীরা যাতে হাসতে হাসতে শিখতে পারে সেজন্য সরকার সব পদক্ষেপ নেবে, বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। মাহদী আমিন বলেন, সরকার এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেন শিক্ষার্থীরা নিজেদের পছন্দমত বিষয় নিয়ে নিজেকে তৈরি করতে পারে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর
সংগৃহীত ছবি

ঈদের আগেই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা শোনা গেলেও আরো সময় লাগবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বলেন, ‘ফল প্রকাশে আরো অন্তত ১০ দিন লাগতে পারে। আশা করি আগামী ১৫ জুনের মধ্যে ফল প্রকাশ করতে পারব।’

তিনি বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির সংখ্যা অনেক বেশি হওয়ায় তথ্য নিখুঁতভাবে যাচাই করতে বাড়তি সময় লাগছে। আইনি জটিলতার কারণে এবারের পরীক্ষা কয়েক দফা পিছিয়ে গত ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। আইপিইএমআইএস সফটওয়্যারে নির্ভুল ফল আপলোড করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আইটি টিম।

এ বছর সারা দেশে প্রাথমিকেরর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। এদের মধ্যে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন) দুই ভাগে ভাগ করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ হাজার শিক্ষার্থী (৮০ শতাংশ) এই বৃত্তির সুযোগ পাবে। বেসরকারি বা কিন্ডারগার্টেনের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী (২০ শতাংশ) বৃত্তি পাবে।

আরো পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

 

বৃত্তি বিতরণে ছেলে ও মেয়েদের অনুপাত ৫০:৫০ রাখা হবে। বৃত্তিপ্রাপ্তদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড এই দুই ভাগে টাকা দেওয়া হবে। ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থীকে মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা বৃত্তি দেওয়া হবে।

ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরবর্তী দুই বছর এই আর্থিক সুবিধা বহাল থাকবে। এ ছাড়া ভবিষ্যতে বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনাও সরকারের প্রক্রিয়াধীনে রয়েছে।

ঘরে বসেই ফলাফল জানা যাবে

ফল প্রকাশের পর অভিভাবকেরা খুব সহজেই অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার সবচেয়ে সহজ ও অফিশিয়াল মাধ্যম হলো আইপিইএমআইএস পোর্টাল।

আরো পড়ুন
ময়মনসিংহে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

 

প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ipemis.dpe.gov.bd/scholarship-results অথবা dpe.gov.bd ভিজিট করে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে। এরপরে শিক্ষার্থীর রোল নম্বর সঠিকভাবে ইনপুট দিয়ে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে শিক্ষার্থীর ফল (ট্যালেন্টপুল/সাধারণ/অযোগ্য) চলে আসবে। এখান থেকে জেলা ও উপজেলা ভিত্তিক পিডিএফ মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।

ইন্টারনেট কানেকশন না থাকলে বা সার্ভার ডাউন থাকলে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়ে রেজাল্ট জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE <স্পেস> শিক্ষার্থীর রোল নম্বর এই ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফলাফল দেখা যাবে।