• ই-পেপার

শেবাচিম হাসপাতালের ওষুধের স্টোররুমে আগুন

বাঘারপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
বাঘারপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি
ছবি : কালের কণ্ঠ

দুয়ারে ফুটবল বিশ্বকাপ। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বাসে মেতেছে যশোরের বাঘারপাড়ার আর্জেন্টিনা সমর্থকরাও।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় পথচারী ও দোকানিরাও তাদের সঙ্গে স্লোগানে অংশ নিতে দেখা যায়।

আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই তাদের এই র‍্যালির আয়োজন। প্রায় এক ঘণ্টা চলে তাদের এ কর্মসূচি।

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে হত্যা, ৯ জনের নামে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে হত্যা, ৯ জনের নামে মামলা
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়াকে (৫৫) হত্যার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা  আরো ২/৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের মেয়ে নুরজাহান বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন সজিব আহম্মেদ, মো. উজ্জল, শাফায়েত, মো. রমজান, মো. মামুন, মো. মনির, মো. হানিফ, রকি, আনিসসহ অজ্ঞাতনামা ২/৩ জন।

জানা যায়, উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় ছগির আহাম্মেদের ছেলে সজিব আহম্মেদ, ইসমাইল মিয়ার ছেলে রকি ও মনির হোসেন পার্টনারে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্র গড়ে তোলে। এই নিরাময় কেন্দ্রে স্থানীয় মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার-পরিজনের সদস্যরা এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে টাকার বিনিময়ে পাঠাতেন। এই নিরাময় কেন্দ্রে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নামে চলত অমানবিক নির্যাতন। প্রায়ই তাদের ওপর লাঠি দিয়ে পেটানো হতো।

মাদক নিরাময় কেন্দ্রে থাকা মাসুদ বলেন, ‘আমাদের ওপর প্রায় মারধর করা হতো। নিহত ফয়জুলকে সহ প্রায় ১২ জনকে ওই দিন পেটানো হয়। আমাকেও লাঠি দিয়ে হাতের মধ্যে আঘাত করা হয়েছে।’

নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম বলেন, ‘তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পর দিন তাকে খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন মৃত অবস্থায় পড়ে আছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতন তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।’

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ফয়জুল মিয়াকে নির্যাতন চালিয়ে হত্যার করে হাসপাতালে রেখে নিরাময় কেন্দ্র বন্ধ করে পালিয়ে যায় জড়িতরা।

ভোলায় তোফায়েল আহমেদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ভোলা প্রতিনিধি
ভোলায় তোফায়েল আহমেদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ছবি : কালের কণ্ঠ

বর্ষীয়ান রাজনীতিবিদ, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম তোফায়েল আহমেদের আত্মার মাগফিরাত কামনায় ভোলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ভোলার কোড়ালিয়া গ্রামের নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুমের একমাত্র জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউনুসসহ পরিবারের সদস্য ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, ‘তোফায়েল আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ভোলার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। জীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমা করেন এবং তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।’

প্রসঙ্গত, গত সোমবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে তিনি মারা যান। ওই দিন সন্ধ্যায় ধানমণ্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় আনা হয়। পরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং নিজ বাড়ি কোড়ালিয়ায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ডিমলায় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু

নীলফামারী সংবাদদাতা
ডিমলায় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলায় বজ্রাঘাতে রবিউল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬ টায় উপজেলার নাউতারা নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রবিউল  (৪০) একই এলাকার নুর ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছিল রবিউল। ফেরার পথে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। 

নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ জানান, সন্ধ্যায় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। পরে বজ্রাঘাতে রবিউল নিহত হন।